গত নির্বাচনে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয়ভাবে সবচেয়ে বেশি টাকা ব্যয় করেছে বিএনপি। আবার বিএনপিই একমাত্র প্রার্থীদের নির্বাচনী ব্যয় মেটাতে দলীয় তহবিল থেকে অর্থসহায়তা দিয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলগুলোর ব্যয় বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রার্থীর ব্যক্তিগত ব্যয় এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মোট ৩৮টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে ১৪টি দল বলেছে, তারা নির্বাচনে কোনো অর্থ খরচ করেনি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দলগুলো ব্যয়ের হিসাব কতটা সঠিকভাবে দেয়, তা খতিয়ে দেখা দরকার। তিনি আরও বলেন, ভোটাররা এখন আর টাকা নিয়ে ভোট দেন না। এর জন্য ভোটারদের কাছে পৌঁছানোটাই সবচেয়ে জরুরি। বিএনপি দলীয়ভাবে সবচেয়ে বেশি টাকা ব্যয় করেছে, কিন্তু তাদের ফলাফল ছিল অত্যন্ত খারাপ। তাই এটা স্পষ্ট যে টাকা বেশি খরচ করলেই ভোট বেশি পাওয়া যাবে, এই তত্ত্ব এখন আর কাজ করছে না।সবচেয়ে বেশি ব্যয় বিএনপির: নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২০০ আসনের ওপরে প্রতিদ্বন্দ্বিতাকারী দল সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারবে। এক শর বেশি ও দুই শর কম আসনের জন্য এই ব্যয়সীমা নির্ধারণ করা আছে তিন কোটি টাকা। আর ১০০ আসনের নিচে প্রতিদ্বন্দ্বিতাকারী দল সর্বোচ্চ দেড় কোটি টাকা ব্যয় করতে পারবে।বিএনপির জমা দেওয়া হিসাব অনুযায়ী, গত নির্বাচনে তারা ২৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং দলীয়ভাবে মোট ব্যয় করেছে চার কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা।খরচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে আওয়ামী লীগ। দলটি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে খরচ করেছে তিন কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৭৪ টাকা। আওয়ামী লীগ বিএনপির চেয়ে ৮৯ লাখ ২৩ হাজার ২৬ টাকা কম খরচ দেখিয়েছে।আর ৩৯ আসনে প্রার্থী দেওয়া জামায়াতে ইসলামী ব্যয় দেখিয়েছে ৭৪ লাখ ৭২ হাজার ৪০৮ টাকা।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী দলের নির্বাচনী ব্যয়ের বিবরণী কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। এবার নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ব্যয় বিবরণী জমা দিয়েছে। তিনি বলেন, কমিশন দলগুলোর দেওয়া হিসাব খতিয়ে দেখবে। কোনো অসংগতি বা অভিযোগ প্রমাণসহ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।কমিশনের এক উপসচিব প্রথম আলোকে বলেন, কোনো দলের ব্যয় বিবরণী নিয়ে কমিশনে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তাই দলগুলোর দেওয়া হিসাব ঠিক না ভুল, তা বের করা কঠিন।দল থেকেও প্রার্থীদের টাকা দিয়েছে বিএনপি: নির্বাচনে অংশ নেওয়া ২৫৯ জন প্রার্থীর মধ্যে ৮০ জনকে দলীয় তহবিল থেকে এক কোটি ২০ লাখ টাকা অর্থসহায়তা দিয়েছে বিএনপি। কমিশনে জমা দেওয়া হিসাব থেকে দেখা যায়, ৮০ জন প্রার্থীর প্রত্যেকের নির্বাচনী এলাকায় ব্যয় নির্বাহের জন্য দেড় লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনের নির্বাচনী এলাকায় খরচের জন্য সংশ্লিষ্ট এলাকার বিএনপির নেতার হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। ওই টাকা খরচের প্রক্রিয়া সম্পর্কেও কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে।বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেছেন, অঙ্গসংগঠনের নেতাদের মাধ্যমে কেন্দ্রের দেওয়া টাকা ব্যয়ের পরামর্শ দেওয়া হয়েছে।অপর তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের দলীয় তহবিল থেকে কোনো অর্থসহায়তা দেয়নি।দল থেকে নির্বাচনী ব্যয়ের টাকা পাওয়া ২৩ প্রার্থী: বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী, মোজাহার হোসেন, আক্তারুজ্জামান মিয়া, রফিকুল ইসলাম, সালেহউদ্দিন আহমেদ, মতিউর রহমান, ছালেক চৌধুরী, সামসুজ্জোহা খান, আবুল হোসেন খান, ইসরাত হোসেন ইলেন ভুট্টো, সাহিদা আক্তার ওরফে রিতা, শাহ নুরুল কবীর, মোহাম্মদ আলী, কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গ, আবদুল খালেক, মোস্তফা কামাল পাশা, এ বি এম মোশাররফ হোসেন, সিরাজুল হক, রফিকুল ইসলাম, সেলিমুজ্জামান মোল্লা, হাবিবুর রহমান ও আবদুল ওহাব।বিএনপি ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ তাদের প্রত্যেক প্রার্থীকে নগদ ১০ হাজার টাকা এবং ১৭ হাজার টাকার পোস্টার, লিফলেট ও অন্যান্য উপকরণ সহবরাহ করেছে বলে নির্বাচন কমিশনে জানিয়েছে।আরও যেসব খাতে ব্যয় দেখানো হয়েছে: বিএনপি প্রচারণা বাবদ ব্যয় করেছে এক কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এ খাতে আওয়ামী লীগের ব্যয় বিএনপির চেয়ে বেশি ছিল। আওয়ামী লীগ ব্যয় দেখিয়েছে এক কোটি ৮৯ লাখ টাকা।বিএনপির অন্যান্য ব্যয়ের মধ্যে ছিল পরিবহন বাবদ ৬৩ লাখ দুই হাজার ৭৫০ টাকা, জনসভায় ১৩ লাখ ১০ হাজার ৪৫০, দপ্তরকর্মীদের জন্য ১৮ লাখ ৮৭ হাজার ২৫০, আবাসন ও প্রশাসনিক খাতে ৪৭ লাখ ২৪ হাজার ৫৫০ ও বিবিধ খাতে দুই লাখ ৭২ হাজার ৫০০ টাকা।১৪টি দল অর্থ ব্যয় করেনি!: নির্বাচন কমিশনে দেওয়া হিসাব অনুযায়ী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা) ও ফ্রিডম পার্টি নির্বাচনে দলীয়ভাবে কোনো টাকা ব্যয় করেনি বলে দাবি করেছে।