গত বছর পাকিস্তানে জঙ্গি হামলায় আড়াই সহস্রাধিক লোক নিহত
পাকিস্তানে ২০১০ সালে জঙ্গি হামলায় আড়াই হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেক ছিলেন সাধারণ নাগরিক। পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের (এইচআরসিপি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিবিসি অনলাইন খবরে এ কথা জানিয়েছে। এইচআরসিপির প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা গত বছর পাকিস্তানে মোট ৬৭টি আত্মঘাতী হামলা চালায় যাতে এক হাজার ১৬৯ ব্যক্তি নিহত হয়। এর মধ্যে এক হাজার জনই ছিলেন সাধারণ নাগরিক। গত বছর জঙ্গি হামলায় সব মিলিয়ে দুই হাজার ৫৪২ ব্যক্তি নিহত হয়। এ ছাড়া মার্কিন চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯০০ পাকিস্তানি নিহত হয় বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর হাতে কত সংখ্যক ব্যক্তি প্রাণ হারিয়েছে, সে তথ্য এ প্রতিবেদনে নেই। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ৬০০ থেকে ৭০০-র মতো হবে।প্রতিবেদন প্রকাশ করেন এইচআরসিপির চেয়ারম্যান মেহেদি হাসান বলেছেন, পাকিস্তানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জঙ্গিদের চলমান সহিংসতা। এ বছর জঙ্গিদের হাতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।