গত বছর বেসামরিক ফিলিস্তিনদের প্রাণহানি বেড়েছে
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে অন্যান্য বছরের তুলনায় গত বছর বেসামরিক ফিলিস্তিনদের প্রাণহানির ঘটনা ছিল উদ্বেগজনক। জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।বি’টিসেলেমের নামের ওই মানবাধিকার সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ১০৫ জন ফিলিস্তিন নিহত হয়েছে। এদের মধ্যে ৩৭ জনই ছিল বেসামরিক ফিলিস্তিন। এ ছাড়া একই বছর পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে ১১ জন ফিলিস্তিনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। বি’টিসেলেমের ৬৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১০ সালে ইসরায়েল বাহিনীর হাতে গাজায় ৬৮ জন নিহত হয়। এর মধ্যে ১৮ জনই ছিল নিরীহ। মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘এটি নিষ্ঠুরতার একটি চিত্র। তবে এটা নাটকীয় ঘটনা কিংবা আকস্মিক কোনো অবনতি নয়, সুস্পষ্টভাবে নিয়মিত ঘটনা।’সংস্থার নির্বাহী পরিচালক জেসিকা মন্টেল বলেন, ‘সামরিক দখলদারিত্বের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সরাসরি জড়িত। আর ইসরায়েলের এ ধরনের দীর্ঘায়িত দখলদারি মনোভাব মানবাধিকার লঙ্ঘনকে আরও জোরদার করছে।’