গত বছর শ্রম অধিকার কর্মী হত্যা বেড়েছে: আইটিইউসি
২০০৯ সালে বিশ্বজুড়ে অতীতের তুলনায় অনেক বেশি শ্রমিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (আইটিইউসি) আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, হত্যাকাণ্ডের এই সংখ্যা বৃদ্ধির কারণ ছিল বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ফলে দাবি আদায়ের জন্য আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে সৃষ্ট সহিংসতা। গত ২ জুন জেনেভায় শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার বার্ষিক সম্মেলন চলাকালে আইটিইউসি প্রতিবেদনটি প্রকাশ করল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সরকার ইউনিয়নগুলোকে দমন করে আসছে। অন্যদিকে নিয়োগকারীরা হুমকি প্রদান, ইউনিয়ন ভেঙে দেওয়াসহ নানা ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে।আইটিইউসি এই প্রতিবেদনে বলেছে, ‘ট্রেড ইউনিয়নের অধিকারগুলো লঙ্ঘন করা অব্যাহত রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ দায়মুক্তভাবে, নিপীড়ন চালানো হচ্ছে ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর। আর সরকারগুলো ব্যর্থ হচ্ছে, এসব অধিকারকে সম্মান জানানোটা নিশ্চিত করার তাদের যে দায়িত্ব তা পালন করতে।’ব্রাসেলস-ভিত্তিক সংগঠনটি বলেছে, ২০০৮ সালে যেখানে বিশ্বব্যাপী ৮৬ জন শ্রম অধিকার কর্মীকে হত্যা করা হয়, সেখানে গত বছর হত্যা করা হয় ১১টি দেশে ১০১ জনকে—প্রধানত লাতিন আমেরিকায় এবং সেই সঙ্গে এশিয়া ও আফ্রিকাতেও। ২০০৯ সালে শ্রমিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল কলম্বিয়া, যেখানে মোট ৪৮ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে ছিলেন পাঁচজন নারীসহ ২২ জন জ্যেষ্ঠ ট্রেড ইউনিয়ন নেতা। বিপজ্জনক দেশগুলোর মধ্যে ১৬টি হত্যাকাণ্ড নিয়ে দ্বিতীয় স্থানে ছিল গুয়াতেমালা এবং ১২টি হত্যাকাণ্ড নিয়ে তৃতীয় স্থানে ছিল হন্ডুরাস। প্রতিবেদনটি জানায়, বাংলাদেশ ও মেক্সিকো—দুই দেশেই ছয়জন করে হত্যাকাণ্ডের শিকার হন এবং ব্রাজিলে হত্যা করা হয় চারজনকে। অন্য যেসব দেশে ট্রেড ইউনিয়ন কর্মীদের হত্যা করা হয়, তাঁদের মধ্যে আছে ডোমিনিকান রিপাবলিক, ফিলিপাইন, ভারত, ইরাক ও নাইজেরিয়া।হত্যাকাণ্ড ছাড়াও, শ্রম অধিকার কর্মীদের হত্যা করার চেষ্টা ও হত্যার হুমকি প্রদান ছিল ভূরিভূরি। আর হাজার হাজার কর্মী ইরান ও পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও জিম্বাবুয়েতে কারাগারে বন্দী ছিল।—রয়টার্স