চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে মোট ৩৪৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ১১ জন এ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজ বুধবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কমিশন এ ধরনের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বলে, এতেই প্রমাণিত হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মীদের অবশ্যই আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়, গত মাসে সামাজিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছে ২৩৩ জন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে ১৪ জন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ১১ জন, আগুনে পুড়িয়ে পাঁচজন, গণপিটুনিতে ১২ জন, চিকিত্সায় অবহেলায় নয়জন, যৌতুকের কারণে ১৪ জন, বিএসএফের গুলিতে সাতজন, নির্যাতনের শিকার হয়ে দুই গৃহপরিচারিকা, ধর্ষণের পর ১৭ জন, আইন প্রয়োগকারী হত্যা একজন, বোমা হামলায় একজন এবং গুপ্তহত্যার শিকার হয়েছে ১৭ জন।এ ছাড়া প্রতিবেদনে আরও জানানো হয়, গত মাসে ১৯ জন নারী ও ২৫টি শিশু ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক এবং এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন নয়জন।