গতকাল সকালের সূর্যটা ছিল রক্তাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের সকালটি অন্য দিনের সকালগুলোর মতো ছিল না। প্রতিদিন সকালের সূর্যটা যেমন রক্তিম আভা নিয়ে উদয় হয়, গতকালের সূর্যটার সেই আভার পুরোটাই যেন ছিল রক্তাক্ত, রক্তিম নয়। আর তাতে পুরো নাগরিক জীবন থমকে যায়। গতকাল সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতির নৃশংস খুনের খবর প্রচারিত হতে থাকে। সারা দিন ধরে এই খবর দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়া মানুষের দেহমনে একসময় প্রবল ভীতি ভর করে। দিনভর সবার মুখেই এ নিয়ে ছিল নানা আলোচনা। অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা নামতেই তাঁদের পরিবারে একধরনের ভীতিকর পরিবেশ নেমে এসেছে। অভিভাবকেরা এক ধরনের উদ্বেগ নিয়ে রাত কাটিয়েছেন। শিশুদের মধ্যেও কাজ করেছে চরম ভীতি। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন, এ ঘটনা জানার পর তিনি ও তাঁর স্ত্রী শঙ্কা বোধ করছেন।‘প্রথম আলো’র অনলাইনে অনেক পাঠকও তাঁদের নিরাপত্তাভীতির কথা জানিয়েছেন। রউফ উল আলম লিখেছেন, ‘এ দেশে সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।’ সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় আনোয়ার রানার মন্তব্য, ‘নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঠক তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি এ দেশে আর থাকবেন না। সাগর সরওয়ার-মেহেরুন রুনি দম্পতির নৃশংস খুনের ঘটনায় অনেক সাংবাদিক ও তাঁদের পরিবারের মধ্যেও ভীতি কাজ করছে। গতকাল সারা দিন এ-সংক্রান্ত সংবাদ সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ‘প্রথম আলো’র সংবাদকর্মী তপতী বর্মন জানিয়েছেন, এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নির্ঘুম রাত কাটিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানিয়েছেন, স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে তিনি ভয়ে আছেন।সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরীন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ঘটনাটি নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমাদের ভাবিয়ে তুলেছে। বাড়িতে ঢুকে এ রকম নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে বেশি করে চিন্তা করতে হবে।’ মাহবুবা নাসরীন আরও জানান, এ ঘটনার কারণে মানুষ এখন আর কাউকে বিশ্বাস করতে পারবে না। এ উদ্বেগ অনেক বাড়বে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে এটি সংক্রমিত হয়ে গেছে। এ কারণে আমরা এমন মনস্তাত্ত্বিক চাপ অনুভব করছি যে ঘরের মধ্যেও আর নিরাপদ নই।’মাহবুবা নাসরীন জানান, এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে। সমাধানের পথ বের করতে হবে। কমিউনিটিভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাড়াতে হবে। সাগর সরওয়ার-মেহেরুন রুনি দম্পতির নৃশংস খুনের ঘটনার সংবাদ প্রচারে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। অনেক টিভি চ্যানেলে লাশের রক্তাক্ত ছবি, মুখমণ্ডল দেখানো হয়েছে। তা ছাড়া সংবাদকাহিনি বলার মধ্যেও ছিল ভীতিকর বিবরণ। এটি শিশুসহ অভিভাবকদের মধ্যে ভীতির সঞ্চার করেছে বলে অনেক অভিভাবক মত দিয়েছেন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘শিশু থেকে বৃদ্ধ—সবাই টেলিভিশনের দর্শক। কোনো সংবাদ প্রচার করার সময় বিষয়টি কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে। রক্তাক্ত বা সহিংস ছবি, ভীতিকর বিবরণ, ভুক্তভোগীের আহাজারি—এগুলো দর্শকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটা শিশুর কাছে তার বাবা-মায়ের খুন হওয়ার বিবরণ শুনতে চাওয়া কোনোভাবেই সাংবাদিকতার নীতির সঙ্গে যায় না। শিশুর কাছে এটা জানতে চাওয়া সবচেয়ে নির্বোধ প্রশ্ন। আমাদের গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল হতে হবে।’