গতকালও ক্লাস হয়নি শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কোনো ক্লাস হয়নি। ক্যাম্পাসে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিল কম। ছুটি শেষে গত শনিবার ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। ছয় দিন ধরে অবরোধ চলছে ক্যাম্পাসের প্রবেশপথ পলাশী মোড় ও বকশীবাজার মোড়ে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার বেলা ১১টায় জরুরি সাধারণ সভায় বসবে বুয়েট শিক্ষক সমিতি। ৯ এপ্রিল বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হানকে হলে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। গত এক সপ্তাহেও তাঁর জ্ঞান ফেরেনি। হামলার দিন বিকেল থেকেই পলাশী ও বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেয় ছাত্রলীগ। শনিবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। তাদের দাবির মুখে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সংবাদ সম্মেলন করে দাবি পূরণের লিখিত আশ্বাস দেন এবং নিরাপত্তা কর্মকর্তাকে প্রত্যাহার করেন। ওই দিনই ছাত্রকল্যাণ উপদেষ্টা দেলোয়ার হোসেন উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। আরিফ রায়হানের ওপর হামলাকারীকে চিহ্নিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালককে অপসারণের দাবিতে গতকাল সকালে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ‘বুয়েট পরিবারের’ ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ মানববন্ধন করেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিবির ক্যাডারদের মদদদাতা শিক্ষকদের অপসারণ চাই’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। তাঁরা ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে ‘জামায়াত-শিবিরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে’ ছাত্রকল্যাণ পরিচালকের অপসারণ দাবি করেন তাঁরা।বয়েট শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অসুস্থ পরিবেশ বিরাজ করছে। আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো চলাফেরা করতে পারছে না।’ প্রধান ফটকে তালা ও ব্যারিকেডের বিষয়ে তিনি বলেন, প্রশাসন চাইলেই তালা খুলতে পারে। কিন্তু তারা সাহস পাচ্ছে না।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। ছাত্রকল্যাণ পরিচালককে অপসরাণ করা ছাড়া শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। একজনকে তো হঠাৎ করে পদত্যাগ করানো যায় না। তাই সময় চাওয়া হয়েছে। তিনি বলেন, অচলাবস্থা না কাটলে এরপর প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।