তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ১০ জুলাই থেকে শুরু হচ্ছে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করা হবে। এরপর ৩৮টি মন্ত্রণালয়/বিভাগ-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, গতবারের সম্মেলনে ৫২৩টি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ৪২৭টির বাস্তবায়ন হয়েছে। অর্থাত্ সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৮১ শতাংশ। সিদ্ধান্ত বাস্তবায়ন সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেন।মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, তিন দিনের এই সম্মেলনে দেশের ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, শিক্ষা, বিদ্যুত্, জ্বালানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা ও সিদ্ধান্ত হবে।সম্মেলন শেষ হবে ১২ জুলাই। সব প্রস্তুতি শেষ হয়েছে বলে সচিব জানান।