গতরাতের পর আজ আবার দেশের ৬ জেলায় ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার রাতের পরে দেশের ছয়টি জেলায় আজ শনিবার দুপুরে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা একটা থেকে একটা ১০ মিনিট পর্যন্ত দিনাজপুর,কুড়িগ্রাম, গাইবান্ধা,শেরপুর ও জামালপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.২। বেলা পৌনে দুইটার দিকে রংপুরেও ভূমিকম্প হয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার রাতে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৯ মিনিট ৫৭ সেকেন্ডে প্রথম দফায় ভূকম্পন অনুভূত হয়। এর তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৬। দ্বিতীয় দফায় ভূমিকম্প হয় ১১টা ৩৯ মিনিটে। এর তীব্রতা ছিল ৪.৬ মাত্রা।আজ দুপুরে ভূমিকম্পের পর ৫টি জেলার লোকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে এসব জেলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলে ভারতের আসামে। আর গতকাল শুক্রবার রাতের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাদারীপুর ও গোপালগঞ্জের মধ্যবর্তী স্থানে। গতরাতের ভূমিকম্পে দেশের কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে ভূমিকম্পের পর নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে অবস্থিত দুটি বহুতল বাণিজ্যিক ভবন ১৩ তলা ভবন লুৎফা টাওয়ার ও সাত তলা ভবন প্যানোরমা প্লাজায় ফাটলের সৃষ্টি হয়েছে। আতঙ্কে এ সময় মানুষজন রাস্তায় নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে।