গতি কমেছে ডিসিসির পরিচ্ছন্নতা কার্যক্রমে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের সেনপাড়া পর্বতা, কাজীপাড়া, শেওড়াপাড়ার অলিগলি ধুলোয় সয়লাব হয়ে আছে। এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। গলিগুলো ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঝাড়ুর ছোঁয়া ঠিকমতো পাচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাগুলো থেকে রিকশাভ্যান দিয়ে কি আবর্জনাও পরিবহন করা হয় না—এ প্রশ্নের জবাবে সেনপাড়া পর্বতার বাসিন্দা চা-বিক্রেতা বেবী আক্তার বলেন, ‘ভ্যান দিয়া তো প্রত্যেক দিন ময়লা নেয়। লোকজন আবার রাস্তায়ও ময়লা ফেলে। কিন্তু নিজেরাই যে আবর্জনায় পইচা মরব, সেইদিকে কার খেয়াল আছে?’ তার মানে দাঁড়ায়, গতকাল শেষ হওয়া ‘ক্লিন ঢাকা সপ্তাহ’ ১৪ নম্বর ওয়ার্ডের অসচেতন বাসিন্দাদের সচেতনতা বাড়াতে পারেনি। অথচ ডিসিসি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত ক্লিন ঢাকা সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করা। এর আরেক উদ্দেশ্য হচ্ছে নগরকে আরও পরিচ্ছন্ন রাখা।শুধু ১৪ নম্বর ওয়ার্ড নয়, পুরো নগরেই ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমের গতি কমেছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের। তাঁরা আরও জানান, এবারের শীত মৌসুমে আগের বছরগুলোর তুলনায় নগরের রাজপথ ও গলিতে ধুলোর রাজত্ব বেড়েছে। নগরবাসীর চোখে ধুলো দেওয়ার জন্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের গতি বাড়ানোর নামে ডিসিসি প্রচারণামূলক কার্যক্রম বাড়ালেও তা ঠিক জনগণের দোরগোড়ায় গিয়ে পৌঁছাতে পারছে না। ফলে অসচেতন নাগরিকেরা আগের মতোই যেখানে-সেখানে ফেলছে আবর্জনা। খোদ ডিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিরাই জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রচার-প্রচারণা দরকার আছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জনবল ও উপকরণ বাড়ানোর বিষয়ে নজর দিতে হবে। নগর পরিচ্ছন্ন রাখতে প্রচলিত আইন প্রয়োগেও ডিসিসিকে উদ্যোগী হতে হবে বলে অনেকে মনে করেন।জনবল-উপকরণ অপর্যাপ্তনগরের জনসংখ্যা ও এলাকার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের পরিধি। অথচ সেই অনুপাতে বাড়ছে না বিভাগটির জনবল ও উপকরণ। ২০০৯-২০১০ অর্থবছরে ডিসিসির মেয়রের বাজেট বক্তব্য থেকে জানা যায়, নগরে বর্তমানে অপসারণযোগ্য আবর্জনার পরিমাণ পাঁচ হাজার মেট্রিক টন। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩০ হাজার পরিচ্ছন্নতাকর্মী দরকার হলেও বর্তমানে কাজ করছেন আট হাজার ৫০০ কর্মী।মেয়রের বাজেট বক্তব্য থেকেই জানা যায়, আবর্জনা পরিবহনের জন্য ব্যবহূত হচ্ছে ডিসিসির কিছু পুরোনো যান। নগর পরিচ্ছন্নতার কাজে পর্যাপ্ত অর্থ, জনবল ও উপকরণ নেই। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে জনবল বাড়ানো হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির মেয়র সাদেক হোসেন জানান, জনবল আরও বাড়াতে গেলে প্রচুর অর্থ দরকার। আবার ডিসিসির বর্তমান জনবলকাঠামোর সীমাবদ্ধতার কারণেও নতুন করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা যাচ্ছে না। অর্থসংস্থান ও জনবল বাড়ানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এসব বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বহুবার বলা হয়েছে। তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বলে মেয়র অভিযোগ করেন।এদিকে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একাধিক কর্মী জানান, পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেক ডাস্টবিন থেকে আবর্জনা পরিবহন করতে দু-এক দিন সময় বেশি লেগে যায়। আবার দিনের বেলাও অনেক সময় আবর্জনা পরিবহন করতে হয়। ডিসিসি সূত্রে জানা যায়, বর্জ্য পরিবহন অবাধ করতে ডিসিসি ১০০টি আধুনিক যানবাহন সংগ্রহ করছে। এপ্রিল মাসে এগুলো পাওয়া যাবে বলে জানান ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা।কাগজে আছে বাস্তবে নেই...বর্তমানে ডিসিসিতে কর্মরত ঝাড়ুদারদের সবাই পরিচ্ছন্নতার কাজে জড়িত নন বলে ডিসিসি সূত্রে জানা যায়। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ডিসিসির একাধিক কর্মকর্তা জানান, অনেক ঝাড়ুদারকে ডিসিসির বিভিন্ন কার্যালয়ের পিয়ন, এমএলএসএস, নিরাপত্তারক্ষার কাজ করানো হচ্ছে। কোনো কোনো কর্মকর্তার ব্যক্তিগত কাজ করেও অনেকে ঝাড়ুদার হিসেবে নিয়মিত বেতন নিচ্ছে। অনেকে কাগজপত্রে ঝাড়ুদার হিসেবে থাকলেও বাস্তবে অন্য কাজের সঙ্গে জড়িত। এভাবে ঝাড়ুদারদের বড় একটি অংশ পরিচ্ছন্নতার কাজে না থাকায় বর্জ্য ব্যবস্থাপনার কাজ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে মেয়র জানান, ডিসিসি অনেক কমিউনিটি সেন্টার করেছে। সেগুলো পাহারা দেওয়ার জন্য লোক দরকার। কিন্তু বর্তমান জনবলকাঠামোতে নতুন করে লোক নিয়োগের কোনো সুযোগ নেই। এ জন্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যান্য কাজে দিয়ে শূন্যতা পূরণ করা হয়।বেসরকারি কার্যক্রম ‘ফ্লপ’?ডিসিসির নিজস্ব জনবল ও উপকরণ কম থাকায় ডিসিসির অঞ্চল ১০-এর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। সম্প্রতি অঞ্চল ৯-এর বর্জ্য ব্যবস্থাপনার কাজটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের বাধার মুখে সেই উদ্যোগ থেমে গেছে বলে ডিসিসির একাধিক সূত্র নিশ্চিত করেছে। ঘুরে ও উত্তরাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার পর উত্তরার পরিচ্ছন্নতা কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। এ বিষয়ে ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি প্রতিষ্ঠানটি যখন দায়িত্ব নিয়েছিল তখন পরিচ্ছন্নতা কার্যক্রমে যে ব্যয় হতো এখন তার চেয়ে ব্যয় অনেক বেড়ে গেছে। কিন্তু তারা ডিসিসি থেকে আগের ব্যয় হিসেবে টাকা পাচ্ছে। আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শিথিল করে দিয়েছে।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।পথে-ঘাটে ধুলোর রাজত্বউত্তরার আজমপুরের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের সড়কটি সয়লাব হয়ে আছে ধুলোবালিতে। ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলে যাওয়ার সময় ওই সড়কের বাতাস ছেয়ে যায় ধুলোয়।মিরপুর ১১ নম্বর সেকশন বাসস্ট্যান্ড থেকে মিরপুর ৬ নম্বর সেকশনে যাওয়া প্রধান সড়কটির একপাশ খোঁড়া হয়েছে। খোঁড়া অংশ বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফলে দ্রুতগতিতে যান চলে যাওয়ার সময় পথচারীর নাক-মুখ দিয়ে ধুলো ঢুকে যায়। বাবুবাজার সেতুর বাবুবাজার প্রান্তের নিচের রাস্তায়ও দেখা যায় ধুলোর রাজত্ব। শীতের মৌসুমে বৃষ্টি না থাকায় পথে ধুলোবালি বেড়ে যায় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। নগরের সড়ক থেকে ধুলোবালি কমাতে হলে ঝাড়ু দেওয়ার পাশাপাশি পানি ছিটানো দরকার বলে মনে করেন অনেকে। তবে ধুলো উত্পাদনের উত্স বন্ধ করতে পারলে ধুলোর প্রকোপ কমে যাবে বলে জানান ধুলো দূষণ পর্ষদের সমন্বয়ক জাফর বেগ। তিনি বলেন, ‘আমাদের জুুতোর সঙ্গে রাস্তা থেকে ঘরে যে ধুলো যায় তা আবার ঝাড়ু দিয়ে অনেকে রাস্তায় ফেলে দেয়। এভাবে ধুলোর একটা দুষ্টচক্র চলতে থাকে। এটা বন্ধ করতে হলে অন্যান্য আবর্জনার সঙ্গে ধুলোও ডাস্টবিনে ফেলা নিশ্চিত করতে হবে। তবে ধুলো উত্পাদনের মূল উত্স হচ্ছে ফুটপাত, রাস্তা কিংবা সড়ক বিভাজকের ভাঙা বা মাটি বের হয়ে থাকা অংশ। তাই পাকা রাস্তা কাটার পর কাজ শেষে অতি দ্রুত তা আবার পাকা করতে হবে। নির্মাণাধীন বাড়ির মাটি, বালু, ইট রাস্তায় ফেলে রাখার কারণেও রাস্তা ধুলোয় ভরে যায়। কেউ যাতে যেখানে-সেখানে নির্মাণসামগ্রী ফেলে না রেখে সেদিকে ডিসিসিকে নজর দিতে হবে। ট্রাকে বালু বা মাটি পরিবহনের সময় তা যাতে রাস্তায় না পড়ে সেদিকেও লক্ষ রাখতে হবে।’ধুলোর প্রকোপ থেকে রক্ষা করতে কী করা হচ্ছে? এমন প্রশ্নে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, মূূলত রাস্তায় ঝাড়ু দেওয়ার কার্যক্রম চলছে। এ ছাড়া দরকারমতো কিছু কিছু জায়গায় পানিও ছিটানো হচ্ছে।আইন আছে প্রয়োগ নেইডিসিসির অনুমতি ছাড়া রাস্তা কিংবা ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা; দেয়াললিখন, পোস্টার ও সাইনবোর্ড লাগানো শাস্তিযোগ্য অপরাধ। আবার ডাস্টবিনে আবর্জনা না ফেলে যেখানে-সেখানে আবর্জনা ফেলাও ডিসিসি অধ্যাদেশ অনুযায়ী অপরাধ। তবে অনেক নাগরিক যেমন আইন অমান্য করছে, তেমনি এসব আইন প্রয়োগে ডিসিসিও শিথিলতা দেখাচ্ছে। এমনকি ডিসিসিও অনেক ক্ষেত্রেই ভঙ্গ করছে আইন। যেমনটা দেখা যায় নগর ভবনে গেলে। নগর ভবনের দেয়াল ছেয়ে আছে পোস্টারে। সেসব পোস্টারে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্তুতিবাক্য থাকায় ডিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিরা সেগুলো সরাতে সাহস পাচ্ছে না বলে ডিসিসি সূত্রেই জানা গেছে।রাস্তা ও ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রী ধুলোর অন্যতম উত্স; কিন্তু যারা নিয়ম লঙ্ঘন করে এভাবে রাস্তাঘাটে ধুলো বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নে ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, প্রচলিত আইন প্রয়োগের বিষয়টির সঙ্গে ডিসিসি কিংবা সরকারের অন্যান্য বিভাগও জড়িত। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় নগর অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এ জন্য আবার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকেই দায়ী করা হয়ে থাকে।