মহাজোট সরকারের দুই বছর পার হতে চললেও গতি আসেনি জনপ্রশাসনে। ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে প্রশাসনকে দলীয়করণমুক্ত ও দক্ষ করে তোলার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার বাস্তবায়ন হয়নি। অন্যদিকে প্রশাসনে দলীয়করণের অভিযোগ ও পদোন্নতিবঞ্চিত ব্যক্তিদের ক্ষোভ ছিল বছরজুড়েই। দুই বছরের অর্জন বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া প্রতিবেদনেও জনপ্রশাসনকে দক্ষ করে তোলার ছকটি ফাঁকা রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেক মেধাবী কর্মকর্তাকে ওএসডি করে বসিয়ে রাখা হয়েছে।প্রশাসনের গতি না বাড়ার প্রধান কারণ উদ্যোগের অভাব। সচিবালয় নির্দেশনা মেনে দ্রুত সিদ্ধান্ত প্রদানের তাগাদা দিয়ে দফায় দফায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কর্মকর্তাদের চিঠি দেওয়া হলেও তা মানা হয়নি। অন্যদিকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের মধ্যে সমন্বয়হীনতা প্রকট রূপ ধারণ করেছে।জনপ্রশাসনের সেবা ও সুশাসনের বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাঁচ দফায় বলা আছে, ‘সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনকে দলীয়করণমুক্ত, যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে নিয়োগ, বদলি, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার, তথ্য অধিকার প্রতিষ্ঠা, ই-গভর্নেন্স চালু এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠন করা হবে।’ এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কার্যত প্রশাসন চালাতে গিয়ে চারদলীয় জোট সরকারের পথেই হেঁটেছে বর্তমান সরকার। জনপ্রশাসনসংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে প্রশাসনের অদক্ষতা ও গতিহীনতা প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন। জনপ্রশাসনে সরকারের দুই বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদের সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘আমি কোনো বড় ধরনের পরিবর্তন দেখছি না। অতীতে জনপ্রশাসনে যে সমস্যা, অনিয়ম, অব্যবস্থা ও জনহয়রানি ছিল, এখনো তা-ই বহাল রয়েছে। বরং কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। কিন্তু সমাধানের কোনো উদ্যোগ নেই।’ সাবেক সচিব বলেন, ‘প্রশাসনে গতি নেই, গতি বাড়ানোর চেষ্টাও নেই। আর দলীয়করণ, পদোন্নতির বঞ্চনা—এগুলো আগে যেভাবে হয়েছে, এখনো হচ্ছে।’প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, ‘দলীয় বিবেচনায় পদোন্নতি দেওয়ার অভিযোগ ঠিক নয়। তবে উচ্চপর্যায়ে নিয়োগের ক্ষেত্রে সরকারের রাজনৈতিক বিবেচনা থাকতে পারে। এমন দৃষ্টান্ত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে রয়েছে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রের প্রতি আনুগত্য নিশ্চয়ই বিবেচনা করতে হবে। কারণ ভিন্ন মতাদর্শের কাউকে দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয়।’সুশাসন প্রতিষ্ঠা: সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে তথ্য অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করা হলেও এখন পর্যন্ত সব মন্ত্রণালয়ে তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে নিয়োগের জন্য সংস্থাপন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নেওয়ার শর্ত তুলে দেওয়া, ইউএনও বদলির ক্ষমতা বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করে মাঠ প্রশাসনের ক্ষমতা বাড়ানো, ইভ টিজিং রোধে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি সিদ্ধান্ত প্রশংসা পেয়েছে। মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে। আর গণ-আদালত প্রতিষ্ঠা ও সিটিজেন চার্টার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ২৯ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনের জন্য আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর সংবিধানিক দাবি অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হলো।সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গতিশীল, কার্যকর ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া প্রশাসনে কাঙ্ক্ষিত গতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে যথোপযুক্ত পদায়ন করা হচ্ছে। এ ছাড়া জোট সরকারের আমলে সুবিধা প্রাপ্তি সত্ত্বেও যোগ্যতার কারণে পদোন্নতি দেওয়া হয়েছে।’ সচিব বলেন, ‘জনপ্রশাসনে গতিশীলতা ও জবাবদিহি সমুন্নত রাখতে সবার সহযোগিতা যেমন দরকার; তেমনই কেউ যদি নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে মনে করেন, তাঁকে বিধি অনুযায়ী শাস্তি পেতে হবে।’মানা হচ্ছে না সচিবালয়ের নির্দেশিকা: কাজের গতি বাড়ানোর তাগাদা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ প্রশাসনের কর্মকর্তাদের কয়েক দফা চিঠি দিয়েছে। সর্বশেষ গত বছরের ২৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ কাজের গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি করতে সব সচিবকে চিঠি দেন। এতে বলা হয়, ‘সরকারের কার্যপ্রণালী বিধিমালার (রুলস অব বিজনেস) অধীনে প্রণীত সচিবালয়ের নির্দেশিকা অনুযায়ী স্তরভিত্তিক কাজ বা নথি নিষ্পত্তির সময়সীমা নির্ধারিত।’ অনিষ্পত্তিকৃত বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবিলম্বে জানানো বাধ্যতামূলক হলেও কোনো কোনো কর্মকর্তা তা মানছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ শাখার কার্যক্রম পরিদর্শন করবেন—এ রকম বিধান থাকলেও তা কেউই অনুসরণ করেন না।সমন্বয়হীনতা: প্রশাসনে গতি না আসার একটি বড় কারণ হচ্ছে সমন্বয়ের অভাব। একদিকে যেমন মন্ত্রী বা সাংসদের কোনো সুপারিশই আমলে নিচ্ছে না সংস্থাপন মন্ত্রণালয়, অন্যদিকে সংস্থাপন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কোনো নির্দেশ আমলে নিচ্ছে না অন্যান্য মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন। এ কারণে পুরো প্রশাসনের শৃঙ্খলা বা ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে।গত বছরের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে একজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁকে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সংস্থাপনসচিবকে একাধিকবার তাগিদও দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। চাহিদাপত্র ফাইলবন্দী হয়ে এখনো পড়ে আছে সংস্থাপন মন্ত্রণালয়ে। অন্যদিকে মন্ত্রীর পছন্দের পরিবর্তে সংস্থাপনসচিবের পছন্দের যুগ্ম সচিবকে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর চাহিদাপত্রকেও একইভাবে উপেক্ষা করে সংস্থাপন মন্ত্রণালয়। আট মাস আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে বদলি করে সংস্থাপন মন্ত্রণালয়। তাঁর বদলির আদেশ বাতিল করে পুনরায় ওই মন্ত্রণালয়ে রাখার জন্য মন্ত্রী সংস্থাপন মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়েছিলেন, কিন্তু এই সুপারিশ রাখা হয়নি। বিদায়ী পুলিশ মহাপরিদর্শকসহ দুজন অতিরিক্ত আইজিপিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও অদ্যাবধি তাঁদের কাউকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হয়নি।শুধু সুপারিশ নয়, প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রীদের নির্দেশ মানছেন না কিছু আমলা। কোনো কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের বিরোধের কারণে সুযোগ নিচ্ছেন আমলারা। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী এলজিআরডি ছাড়া অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী উভয়ের সই-সংবলিত ফাইল দ্রুত তাঁর কাছে পাঠাতে বলেছেন। একইভাবে মাঠ প্রশাসনও মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উপজেলা পরিষদে স্থানান্তরিত ১৩টি বিভাগের সব ফাইল উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠাতে বলা হলেও তাঁরা এই নির্দেশ শুনছেন না। এতে চেয়ারম্যানদের সঙ্গে ইউএনওদের দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।পদোন্নতি নীতিমালা মানা হচ্ছে না: পদোন্নতির ক্ষেত্রে পদোন্নতির নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত ১২ দফায় এক হাজার ২৭৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিতে গিয়ে ৮৫১ জনকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার অল্প দিনের মাথায় ২০০৯ সালের ২৫ জানুয়ারি সচিব পদে সাতজন পদোন্নতি পান। এ সময় কয়েকজনকে বাদ দেওয়া হয়। দুই দিন পর ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে ৭২ জনকে পদোন্নতি দেওয়ার সময় অর্ধশতাধিক কর্মকর্তাকে বঞ্চিত করা হয়। অন্যান্য উল্লেখযোগ্য পদোন্নতির মধ্যে ১৯ ফেব্রুয়ারি যুগ্ম সচিব হন ৮৬ জন, বঞ্চিত ৪৮ জন। ৪ আগস্ট সচিব পদে পদোন্নতি পান ১৯ জন, বাদ পড়েন ১০ জন।সবচেয়ে আলোচিত পদোন্নতি-বঞ্চনার ঘটনাটি ঘটে গত বছরের ৭ সেপ্টেম্বর। সেদিন উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫০৩ জনকে পদোন্নতি দিতে গিয়ে ৫৫৩ জনকে বঞ্চিত করা হয়। এ সময় যাঁরা প্রতিবাদ করেছিলেন, তাঁদের অনেকের বিরুদ্ধে পরে বিভাগীয় ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা গত বছর দ্বিতীয় দফায় পদোন্নতিবঞ্চিত হয়েছেন।গত বছরের ৬ জুলাই সচিব পদে আটজনকে পদোন্নতি দিতে গিয়ে ৩০ জনকে বঞ্চিত, ১০ আগস্ট সচিব পদে নয়জনকে পদোন্নতি দেওয়ার সময় বাদ পড়েন আরও ১০ জন। ২১ নভেম্বর ২৬৬ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার সময় দুই শতাশিক কর্মকর্তা পদোন্নতি পাননি। সর্বশেষ ১৫ ডিসেম্বর ২১৫ জনকে উপসচিব পদে পদোন্নতি দিতে গিয়ে ১৪৭ জন কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে।ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োগ: গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওএসডি কর্মকর্তার সংখ্যা ৪৫৮। এর মধ্যে সচিব পদে নয়জন, অতিরিক্ত সচিব পদে ৩৪ ও যুগ্ম সচিব পদে ১৮৩ জন। অবশিষ্ট শূন্য পদের বেশির ভাগ উপসচিব। সচিব পদে কয়েকজন কর্মকর্তা প্রায় দুই বছর ধরে ওএসডি আছেন। অপরদিকে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তার সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। গত সেপ্টেম্বরে ছিলেন ২৮৫ জন। বিএনপির নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের প্রথম ২০ মাসে ওএসডি ছিলেন ৩৫০ জন কর্মকর্তা এবং চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা ১৪৪।দলীয়করণ: দলীয়করণের কারণে বেশির ভাগ নিয়োগ স্বাভাবিকভাবে সম্পন্ন হয়নি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পাবনায়। ১৭ সেপ্টেম্বর পাবনায় তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের লাঞ্ছিত করে। একপর্যায়ে অসহায় হয়ে পড়ে পাবনা প্রশাসন। ঘটনার ১০ দিন পর প্রধানমন্ত্রীর প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনায় গিয়ে পরিস্থিতি সামাল দেন। এরপর একযোগে ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। স্বাস্থ্য বিভাগের সব নিয়োগ-প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। উপেক্ষিত প্রধানমন্ত্রীর নির্দেশনা: গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত এবং জোর করে যাঁদের অবসরে পাঠানো হয়েছে, সেসব কর্মকর্তাকে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে প্রধান করে বঞ্চিত কর্মকর্তাদের আবেদন বিবেচনা করতে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি কয়েক দফা বৈঠক করে প্রায় ৫০০ কর্মকর্তাকে শর্ত সাপেক্ষে পদোন্নতি দেওয়াসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে সুপারিশ করেন। এই সুপারিশের পর এক বছর পার হলেও আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ ছাড়া আদালতের নির্দেশ নিয়ে পুনরায় চাকরিতে যোগ দিলেও প্রাপ্য সুযোগ-সুবিধা পাননি প্রায় ১৭ কর্মকর্তা। এই কর্মকর্তাদের গত জোট সরকারের আমলে জোর করে অবসর দেওয়া হয়। পরে আদালতের নির্দেশ নিয়ে তাঁরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চাকরিতে যোগ দেন। আদালত থেকে কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তাঁরা পুনরায় চাকরিতে যোগ দেওয়ার এক বছর পার হলেও পদোন্নতি দেওয়া হয়নি।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দলীয়করণ আগে থেকে শুরু হয়েছে, বর্তমান সরকারের আমলে এর গতি আরও বেড়েছে। মেধাকে প্রাধান্য না দিয়ে আনুগত্যকে প্রাধান্য দেওয়ায় যোগ্য কর্মকর্তাদের ওএসডি করা হচ্ছে। এতে বেড়ে গেছে সরকারের রাজস্ব ব্যয়।’ সুশাসনের স্বার্থে প্রশাসনকে দল ও দুর্নীতিমুক্ত করা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।