গতি হারিয়ে ফেলছে তালেবানরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারের কাছে প্রত্যন্ত একটি গ্রামে সাবেক তালেবান যোদ্ধা মোল্লা ইয়াহিয়া এখন পবিত্র কোরআন তিলাওয়াত ও নিজের অতীত অপরাধের জন্য খোদার কাছে ক্ষমা প্রার্থনা করে দিন কাটাচ্ছেন। কিছু দিন আগেও তিনি ছিলেন তালেবানের একটি অপারেশন ইউনিটে। আফগানিস্তানের মারজা শহরে এক ভয়ংকর কমান্ডারের নেতৃত্বে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন। সাহসিকতার জন্য ওই কমান্ডারের উপাধি ছিল ‘সাদ্দাম’। গত গ্রীষ্মে ইয়াহিয়া চূড়ান্তভাবে তালেবান থেকে নিজেকে গুটিয়ে নেন। তখন কয়েক ডজন তালেবান যোদ্ধা এমনকি সাদ্দামও তাঁর সঙ্গে হাত মেলান। ওই কমান্ডার ও তাঁর কিছু অনুসারী মারজা এলাকায় মার্কিন-সমর্থিত একটি মিলিশিয়ায় যোগ দেয়। কয়েক সপ্তাহ আগে সাদ্দাম রাস্তার পাশে তালেবানের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। নিউজউইকের ভ্রাম্যমাণ প্রতিবেদককে ২৮ বছর বয়সী ইয়াহিয়া বলেন, ‘স্মৃতি থেকে অতীতকে ঝেড়ে ফেলে দিতে চাই। আমি যা করেছি তার জন্য সৃষ্টিকর্তা আমাকে কীভাবে ক্ষমা করবেন তা নিয়ে উদ্বিগ্ন।’ এখন ইয়াহিয়া ও তাঁর অনুসারীরা তালেবান নেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, গত কয়েক মাসে এক হাজারেরও বেশি তালেবান যোদ্ধা রণাঙ্গন ছেড়েছে। ৩০ হাজারের সশস্ত্র তালেবানের মধ্যে থেকে মাত্র এক হাজার কমে গেলেও এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আফগানিস্তানে গত দেড় বছরে কয়েক শ তালেবান কমান্ডার এবং এক হাজারের বেশি যোদ্ধা নিহত বা আটক হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে তালেবানের দুই কৌশলগত অবস্থান কান্দাহার ও হেলমান্দ প্রদেশের নিরাপদ ঘাঁটির পতন হয়েছে।আফগানিস্তানে সাবেক তালেবান সরকারের এক মন্ত্রী বলেন, ‘পক্ষ ত্যাগকারীদের সংখ্যা কম হলেও তাদেরকে উপেক্ষা করতে পারি না।’ সাবেক এই মন্ত্রী নিরাপত্তার জন্য নিউজউইকের প্রতিবেদকের কাছে নাম প্রকাশ করেননি।তালেবান ক্রমেই তার প্রভাব-প্রতিপত্তি হারাচ্ছে। দেড় বছর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে তাদের শক্ত ঘাঁটি এখন ছোট হয়ে আসছে। তালেবানের শীর্ষস্থানীয় নেতারা পাকিস্তান সীমান্তে তাঁদের নিরাপদ ও গোপন ঘাঁটিতে অবস্থান করছেন। কোয়েটা সুরা সদস্যের একজন সদস্য বলেন, ‘মার্কিনিরা কখন আসে তা আমরা টের পাই না। আবার তারা কখন যায় তা-ও আমরা টের পাই না। আপনি দেখতে পাবেন আমরা গত বছরের তুলনায় এ বছরে আরও বেশি যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি করতে পারব।’ তবে মাঠ পর্যায়ে সামনের সারির যোদ্ধারা এতে আশ্বস্ত নয়। তারা প্রকাশ্যে স্বীকার করেছে, বিদ্রোহ, দলত্যাগ ও যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতি তাদের সামরিক কার্যকারিতাকে ব্যাহত করছে। তালেবানের জন্য আশঙ্কার বিষয় হচ্ছে, দল ত্যাগীরা আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাচার করে দিচ্ছে। সাবেক ওই মন্ত্রী বলেন, ‘তালেবানকে যারা সমর্থন দিচ্ছে, দল ত্যাগীরা তাদের নাম মার্কিনিদের হাতে তুলে দিচ্ছে। রণাঙ্গনে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য এটি একটি বড় কারণ।’ আগামী গ্রীষ্মে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ওবামার প্রথম ঘোষণায় তালেবান নেতারা স্বাগত জানিয়েছিল। তারা এটাকে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের সংকেত হিসেবে দেখেছিল। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। হেলমান্দ থেকে তালেবানের একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ‘২০১৪ সাল যত কাছেই আসছে আমরা ততই স্নায়ুর ওপর চাপ অনুভব করছি।’ তালেবানের বড় উদ্বেগের বিষয় হচ্ছে সংগঠনের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের অভাব। তালেবানের ঊর্ধ্বতন উপদেষ্টা জাবিউল্লাহ বলেন, ১৬ বছরের সামরিক ও রাজনৈতিক জীবনে তালেবান এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। ২০০১ সালে শেষ দিকে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর অদৃশ্য ও নিশ্চুপ। আর তাঁর ডান হাত বলে পরিচিত মোল্লা আবদুল গনি বারাদার গত বছর থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে আটক রয়েছেন। দক্ষিণাঞ্চলের দুই শীর্ষ কমান্ডার আবদুল কাইয়ুম জাকির ও আখতার মোহাম্মদ মানসুর নামেমাত্র যুদ্ধ পরিচালনা করছেন। সাবেক তালেবান মন্ত্রী বলেন, ‘আগে আর কখনো নেতৃত্বে এমন শূন্যতা তৈরি হয়নি।’ জাবিউল্লাহ স্বীকার করেন, ‘শীর্ষ ওই দুই কমান্ডার ভালোভাবে নেতৃত্ব দিতে পারছেন না। তাঁরা এত বড় দায়িত্ব পালনের মতো মানসিকভাবে প্রস্তুতও নন।’ মাঠ পর্যায়ের কমান্ডাররা নিজের মতো করে এজেন্ডা বাস্তবায়ন করছেন। সাবেক ওই মন্ত্রী জানিয়েছেন, কোয়েটা, পেশোয়ার সুরা ও হাক্কানি নেটওয়ার্কের মধ্যে ন্যূনতম সমন্বয় নেই। প্রত্যেকেই নিজের মতো করে নিজ পতাকা নিয়ে চলছে। তালেবানের সঙ্গে দীর্ঘদিন জড়িত সূত্রগুলো বলছে, মাঠ পর্যায়ে তালেবানের নেতৃত্ব ভেঙে পড়ছে। মধ্য ও নিচু স্তরের কমান্ডাররা সামনের সারিতে দায়িত্বের রয়েছেন। এঁদের মধ্যে অযোগ্যরাও স্থান পেয়েছেন। অপহরণ, রাস্তার পাশে পেতে রাখা বোমার নির্বিচার আক্রমণ ও আত্মঘাতী বোমা হামলা, ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ কারণে তালেবান গ্রামবাসী থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সাবেক মন্ত্রী বলেন, ‘দিন দিন আমরা শৃঙ্খলা হারাচ্ছি।’ জাতিসংঘের পরিসংখ্যান বলছে, ২০০১ সালে আফগানিস্তানে অভিযানের প্রথম ১০ মাসে এক হাজার ৮০০ বেসামরিক নাগরিক মৃত্যুর জন্য দায়ী। যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর অভিযানে বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার চেয়েও তিন গুণ। ইয়াহিয়া বলেন, ‘আমি মাতৃভূমি থেকে আমেরিকানদের বিতাড়িত করতে তালেবানে যোগ দিই। কিন্তু তালেবানের নিষ্ঠুর ও অনৈসলামিক কর্মকাণ্ডের জন্য আমি দল ছাড়তে বাধ্য হয়েছি। আমরা মানুষের জীবন নিয়ে খেলা করেছি। আমেরিকানদের মতো নিরপরাধ মানুষদের হত্যা করছি। এমনকি আমরা মৃতদেহগুলো পর্যন্ত সংগ্রহ করতাম না।’ নিউজউইক অবলম্বনে ইয়াসিন রাসেল