গতিতেই আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের ধীরগতির উইকেটে ব্যাটসম্যানদের রাজত্বে যা একটু সুবিধা পাবেন স্পিনাররা, পেসাররা থাকবেন পেছনের কাতারে। অংশ নেওয়া দলগুলো থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধা সবারই এক বিশ্বাস। ব্যতিক্রম কেবল অস্ট্রেলিয়া। অতীত অভিজ্ঞতায় এবারও তাদের আস্থা পেস বোলিংয়ে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার জেসন ক্রেজার সঙ্গে চার পেসার ব্রেট লি, শন টেইট, মিচেল জনসন, ডগ বলিঞ্জার—দলেও তারই প্রতিচ্ছবি।আস্থার কথাটা সময়ে সময়ে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ানরা। জনসন বলছেন, ‘অস্ট্রেলিয়াই একমাত্র দল, যাদের বোলাররা ১৫০ কিলোমিটার গতিতে বল করে। কারও কারও গতি ১৬০ কিলোমিটারের কাছাকাছি। আর দুনিয়ার কোনো ব্যাটসম্যানই এই গতির মুখোমুখি হতে স্বাচ্ছন্দ্য বোধ করে না।’আগামীকাল আহমেদাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার দশম বিশ্বকাপ মিশন। তার আগে জনসনের সুরে লি জানিয়ে দিলেন, মন্থর উইকেটে দ্রুত গতির বোলাররা ভালো করবেন, ‘আমি মন্থর উইকেটে পেস বোলারদের কোনো সমস্যা দেখছি না। দিনশেষে বল ঠিকই বাতাসে ১৫০ কিলোমিটার গতিতে আসবে। পিচ একটা গুরুত্বপূর্ণ অংশ বটে; কিন্তু আপনার যদি শন টেইটের মতো বোলার থাকে, যে ব্যাটসম্যানের পায়ের কাছে ১৬০ কিলোমিটার গতিতে বল ফেলবে, আপনি কোথায় খেলছেন, এটা কোনো ব্যাপারই হবে না।’২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও ধীরগতির উইকেট ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান পেসারদের কাছে তাতে কোনো সমস্যা হয়নি। ম্যাকগ্রা, টেইট—দুই পেসারের কাঁধে চেপেই টানা তৃতীয় শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ১১ ম্যাচে ম্যাকগ্রা তুলে নেন টুর্নামেন্ট সর্বোচ্চ ২৬ উইকেট, টেইট দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট। শুধু ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেই নয়, অস্ট্রেলিয়ান পেসাররা সফল উপমহাদেশেও।২০০৬ সালে ভারতে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বল হাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ওয়াটসন, ব্র্যাকেন ও ম্যাকগ্রা। ২০০৯ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ জেতে ৪-২ ব্যবধানে। সিরিজের শীর্ষ তিন উইকেটশিকারি ছিলেন ওয়াটসন, জনসন, বলিঞ্জার। এই তিনজনই আছেন এবারের বিশ্বকাপ দলে।সেই অতীতকে ঠিকই মনে রেখেছেন লি, ‘পেস বোলার হিসেবে আপনাকে সঠিক জায়গাটা খুঁজে নিতে হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের দলে প্রচুর পেস বোলার ছিল। আমরা ওই টুর্নামেন্টটা জিতেছিলাম। দিল্লির ধীরগতির উইকেটেও আমাদের পেস বোলিং বেশ মানিয়ে যায়।’মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে অস্ট্রেলিয়া। তবে লি বলছেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁরা অনেক কিছুই শিখেছেন। তাঁর নিজের পারফরম্যান্সেও তিনি খুশি। চোট দীর্ঘ সময় তাঁকে রেখেছিল মাঠের বাইরে। ১৫ মাস পর দলে ফিরেছেন, ফিরেছেন আশার প্রদীপ জ্বেলে।ক্যারিয়ারে একটি মাত্র বিশ্বকাপই খেলেছেন লি—২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। ওই একবার খেলেই একটা দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে সেরা বোলার হয়ে আছেন লি। অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে লি ১০ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট, গড় ১৭.৯১! প্রতি ২২.৬৮ বলে বা প্রায় ৪ ওভার প্রতি উইকেট নেওয়ার কীর্তি বিশ্বকাপে আর কোনো বোলারেরই নেই। ওয়েবসাইট।