গতিদানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট নিয়ে নতুন করে বলার কিছুই নেই। অলিম্পিকে তাঁরা নতুন কী করেন এটাই বরং দেখার। দুই ভুবনের দুই কিংবদন্তিকে নিয়ে লিখেছেন রাজীব হাসানদৌড় তখনো শেষ হয়নি। ফিনিশিং লাইন তখনো ২০ মিটারের মতো দূরত্বে। ১০০ মিটার মানে আক্ষরিক অর্থেই নাভিশ্বাস দৌড়। পলক ফেলার পর্যন্ত জো নেই। অথচ তিনি করলেন অভাবনীয় এক কাণ্ড। দৌড় শেষ করার আগেই শুরু করে দিলেন উদ্যাপন! শেষ ২০ মিটার দৌড়ালেন দুই হাত নাচিয়ে নাচিয়ে! বাকি প্রতিদ্বন্দ্বীদের কয়েক ফুট পেছনে রেখে ফিনিশিং লাইন ছুঁল তাঁর বুটজোড়া। যেন ক্ষিপ্ত ভঙ্গিতে ছুটে আসা মিগ-২৯ স্পর্শ করল রানওয়ে! ১০০ মিটারে নতুন বিশ্ব রেকর্ড গড়ে অলিম্পিক সোনা জিতলেন বোল্ট, উসাইন বোল্ট!২০০৮ বেইজিং অলিম্পিকের মাত্রই কয়েক মাস আগে পুরো বিশ্ব চিনেছিল তাঁকে। ২০০৭ ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ততটা পরিচিত ছিলেন না। টাইসন গের আলোয় উদ্ভাসিত সেই আসরে ১০০ মিটারে বোল্ট জিতেছিলেন রুপা। পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই রুপাই ছিল তাঁর প্রেরণা। দৌড়টাকে আরও ‘সিরিয়াসলি’ নেওয়ার সিদ্ধান্ত নেন তখনই। ২০০৮, অলিম্পিক বছরের শুরু থেকেই যেন নিজেকে নতুনভাবে চেনানো শুরু করেন খেয়ালি বোল্ট!বেইজিং অলিম্পিক যত এগিয়ে আসতে থাকে, ততই যেন পায়ের তলে আরও বেশি গতি পেয়ে যান বোল্ট। সে বছর মে মাসের শুরুতে প্রথম ১০ সেকেন্ডের নিচে তাঁর ক্যারিয়ার টাইমিং (৯.৭৬) নেমে আসে। ওই মে মাসেরই শেষ দিনে নিউইয়র্কে বোল্ট ভেঙে দেন ১০০ মিটারের বিশ্ব রেকর্ড। টাইমিং করেন ৯.৭২ সেকেন্ড। অথচ সিনিয়র পর্যায়ে সেটি ছিল তখনকার ২১ বছর বয়সী বোল্টের মাত্র পঞ্চম লড়াই!সিনিয়র পর্যায়ে বোল্টের উত্থান এতটাই আকস্মিক, কিন্তু অপ্রত্যাশিত কিছু নয়। শৈশবে ক্রিকেট নিয়ে মগ্ন ছিলেন। হতে চেয়েছিলেন ওয়ালস-অ্যামব্রোসের মতো ফাস্ট বোলার। কিন্তু দৌড়টা তিনি সবচেয়ে ভালো পারতেন। স্কুলে পড়ার সময়ই বোল্টের এই প্রতিভা চোখে পড়ে ক্রিকেট কোচের। তিনিই পরামর্শ দিয়েছিলেন বোল্টকে ট্র্যাকে নামার। তা ছাড়া, জ্যামাইকার উইলিয়াম নিব মেমোরিয়াল স্কুলের ঐতিহ্যও ছিল প্রতিভাবান সব স্প্রিন্টার জন্ম দেওয়ার। মাইকেল গ্রিন উঠে এসেছেন এই স্কুল থেকেই। ক্রিকেট কোচের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করে ২০০২ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে জিতলেন বোল্ট। বয়স তখন মাত্র ১৫, জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জেতা সর্বকনিষ্ঠ অ্যাথলেটের রেকর্ড। জ্যামাইকাতেই হয়েছিল সেবারের জুনিয়র চ্যাম্পিয়নশিপ। নিজ দেশের দর্শকদের সামনে বোল্ট এতটাই নার্ভাস ছিলেন, ভুল করে ডান পায়ের জুতা পরেছিলেন বাঁ পায়ে, বাঁ পায়েরটা ডান পায়ে!দৌড়ে নামার আগে দর্শকদের প্রত্যাশার চাপে ওই একবার ভেঙে পড়তে দেখা গেছে তাঁকে। বোল্ট এরপর ভুল আর একবারই করেছেন, গত বছর দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে। দুই বছর আগের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ আর ২০০ মিটার দুটোতেই অলিম্পিকে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু এবার ১০০ মিটারের শুরুতেই বাদ পড়লেন, ফল্স স্টার্ট করে!আর সেই সুযোগে বোল্টের ওপর থেকে আলোটা কেড়ে নিলেন ইয়োহান ব্লেক। ব্লেক তাঁরই বন্ধু। ট্রেনিং পার্টনার হিসেবে দুজন অনুশীলনও করেন একসঙ্গে। এই ব্লেকই এবার হুমকি দিচ্ছেন বোল্টের রাজত্ব কেড়ে নেওয়ার। ২০০৮ অলিম্পিকে ট্রেবল জিতে অমরত্ব পেয়েছেন বোল্ট। কিন্তু মাত্র কিছুদিন আগে জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ আর ২০০ মিটার—দুই ইভেন্টেই বোল্টকে হারিয়ে দিয়ে ব্লেক অনুচ্চার ঘোষণা দিয়েছেন, এবার রাজ্যপাট তুলে দিতে হবে তাঁর হাতেই!২০০ মিটারেও বোল্টকে হারানোর পর অনুচ্চারিত ঘোষণাটি আর মনের অলিন্দে আটকে রাখেননি। ব্লেক ঘোষণার সুরেই বলেছেন, এখনো আসল কাজ বাকি আছে। অলিম্পিকেই দেখাবেন আসল খেল। দুই ‘ব’-এর এই রোমাঞ্চকর দ্বৈরথের ফাঁকে ভুলে যাবেন না টাইসন গের কথা। বোল্ট-ব্লেকের সতীর্থ, সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলও আছেন, অলিম্পিক সোনা এখনো যাঁর কাছে অধরা। পাওয়েলের এটা খুব সম্ভবত শেষ অলিম্পিক। ১০০ মিটারে অলিম্পিক বাদে সব মুকুটই জেতা পাওয়েল শেষ চেষ্টাটা জোরেসোরেই করবেন।২০০৮ বেইজিং অলিম্পিকে কার্যত বোল্ট ছিলেন চ্যালেঞ্জবিহীন। এবার শক্ত চ্যালেঞ্জের মুখে। বোল্ট পারবেন?পারবেন! এই নিশ্চয়তা দিচ্ছেন খোদ তাঁর কোচ গ্লেন মিলস, ‘বোল্ট হয়তো এই মুহূর্তে কিছুটা ধীর, তবে আসল সময় যখন আসবে, ও ঠিকই নিজের সেরাটা বের করে আনবে।’অলিম্পিকের পরপরই তাঁর জন্মদিন। ২১ আগস্ট। চার বছর আগে জন্মদিনের সেরা উপহারটা নিজেই নিজেকে দিয়েছিলেন। এবারও অলিম্পিক থেকে নিতে চাইবেন না, তা কি হয়!