গতিরোধক নির্মাণের দাবিতে গোপালগঞ্জে ৪ ঘণ্টা সড়ক অবরোধ
ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় গতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসী চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই মহাসড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।স্থানীয় বাসিন্দা নাসিম ভূঁইয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চন্দ্রদীঘলিয়া বাজারের ব্যবসায়ী আসাদ ভূঁইয়াকে (৪৫) একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ এ ঘটনার জের ধরে গতিরোধক নির্মাণের দাবিতে কয়েক শ এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে। তারা জানিয়েছে, প্রশাসনের লোকজন আশ্বস্ত না করলে অবরোধ তুলে নেওয়া হবে না। পরে বেলা দেড়টার দিকে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউদ্দিন জানিয়েছেন, তিনি নিজে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়।