গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় আজ রোববার সকালে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গতিরোধক নির্মাণের দাবিতে জাগির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয় পাশে প্রায় তিন কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শিশু আহত হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে যানবাহন চলাচল করছে।পুলিশ জানায়, সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগিরে মাইক্রোবাসের চাপায় সদর উপজেলার হিজুলি গ্রামের আবদুল খালেকের মেয়ে সালমা আক্তার (৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সেখানে একটি গতিরোধক নির্মাণের দাবিতে জাগির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাইস্কুলসংলগ্ন মেঘ শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা ইয়াসমিন জানান, তাঁদের বিদ্যালয়ের দুই ছাত্রসহ গত এক বছরে অন্তত ১০ জন আহত হয়েছে।