গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়কে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার টিকলী বাজারে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার পর ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। এতে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। আটকা পড়া গাড়ি ঘোরানোর সময় আরও দুজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অবরোধকারীরা জানায়, ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুমী আক্তার আজ সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে আসার পথে ওই স্থানে একটি মিনিবাসের ধাক্কায় আহত হয়। এর আগে একই স্থানে গত ছয় মাসে তিনজন বাসচাপায় মারা যায়। এর মধ্যে দুজন এই একই বিদ্যালয়ের শিক্ষার্থী।এসব ঘটনার পর এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেখানে গতিরোধক নির্মাণের দাবি জানালে স্থানীয় প্রশাসন ইতিবাচক আশ্বাস দেয়। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। তাই আজকের ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক ও তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে বোঝানো হচ্ছে।