গতিরোধকের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাগপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অবরোধ অব্যাহত ছিল।ওই সময় ঘটনাস্থলের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।বিক্ষুব্ধ জনতা ও পুলিশ জানায়, আজ বেলা দুইটার দিকে ওই স্থানে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন।এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে এবং শাহবাগপুর বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়কটি অবরোধ করে রাখে। উপজেলার চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর ও হাইওয়ে পুলিশ কাল বৃহস্পতিবারের মধ্যে গতিরোধক নির্মাণ করে দেবেন—এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।প্রসঙ্গত, গত ১৫ মে একই স্থানে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। একই স্থানে গত ২৯ মে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। ওই দুই দিনও স্থানীয় লোকজন গতিরোধকের দাবিতে মহাসড়কটি অবরোধ করেছিল।জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার জানান, অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে।