গতিহীন গুলশান
গুলশান-১ মোড়ে সবুজ বাতি জ্বলে উঠেছে। তবু সিগন্যালে থেমে আছে যানবাহনগুলো। বীর উত্তম মীর শওকত সড়ক অর্থাৎ গুলশান এভিনিউতে তৈরি হয়েছে থেমে থাকা যানবাহনের বিশাল সারি। বাড়ছে অপেক্ষমাণ যাত্রীদের গন্তব্যে যাওয়ার অস্থিরতা। কেউ কেউ আবার নির্বিকার; যানজটের বিষয়টি ছেড়ে দিয়েছে নিয়তির ওপর। গুলশানের বাসিন্দা কাজল বিশ্বাস বলেন, ‘এটা আমাদের প্রতিদিনের রুটিনের একটি অংশ। প্রথম দিকে খুবই বিরক্ত হতাম। সবুজ বাতি দেখলে অস্থির হয়ে উঠতাম। কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি।’নগরের অভিজাত এলাকা হিসেবে খ্যাত গুলশানের সর্বত্রই এখন এমন চিত্র। রাজপথ থেকে গলি সব সড়কই অচল হয়ে পড়ছে যানজটে। ঘুরে দেখা গেছে, দিনের বেলায় বেশির ভাগ সড়কের একাংশ দখল করে গাড়ি রাখা হয়। এর মধ্যে গুলশানের প্রধান সড়ক বীর উত্তম মীর শওকত সড়কের (গুলশান এভিনিউ) পাশে রয়েছে অগুনতি ব্যাংকের শাখা। এসব ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রাহকেরা আসেন। তাঁদের গাড়ি রাখা হয় সড়ক ও ফুটপাত দখল করে। কারণ, বেশির ভাগ ব্যাংক গ্রাহকদের গাড়ি রাখার কোনো জায়গা রাখেনি। একটি ব্যাংকের গ্রাহক সায়েম আহমেদ বলেন, ‘প্রতিদিনই মোটা অঙ্কের টাকা আমাকে লেনদেন করতে হয়। তাই নিরাপত্তার খাতিরে আমি গাড়ি ব্যবহার করি।’এ ছাড়া গুলশানের অনেক বিপণিবিতান ও বাণিজ্যিক ভবনের গাড়ি রাখা হয় সড়ক ও ফুটপাতের একাংশে। এ জন্য সড়কে যানবাহন চলাচলের জায়গা কমে যায়। তখন সরু হওয়া পথে একটি করে গাড়ি চলতে পারে। সৃষ্টি হয় তীব্র যানজট।গুলশানের অনেক ভবনের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকলেও সেসব ভবনের সামনের ফুটপাতে গাড়ি রাখা হয়েছে। এমনই একটি ভবন মলি ক্যাপিটাল সেন্টারের ব্যবস্থাপক আজিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে গার্ড আছে। তারা গাড়িচালকদের সব সময় বলেন ভবনের সামনে গাড়ি না রাখার জন্য। কেউ তা শোনে না।’গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘হেড অব করপোরেট অ্যাফেয়ার্স’ বিটপী দাশ চৌধুরী জানান, এখানে তাঁদের ব্যাংকের প্রধান কার্যালয়। প্রায় ৮০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করেন এখানে। এর মধ্যে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। গ্রাহকেরাও গাড়ি নিয়ে আসেন। গাড়ি রাখার জায়গা অপর্যাপ্ত। তাই অনেকেই সড়কের ওপর গাড়ি রাখছেন। গুলশানে গাড়ি রাখার জন্য বাণিজ্যিকভাবে একটি বহুতল জায়গা দরকার। এতে এই গুলশানের যানজট অনেকটা কমবে বলে তিনি মনে করেন।এদিকে গুলশান ১ ও ২ মহল্লার সড়কগুলোয়ও দেখা গেছে যানজট। এসব সড়কে রয়েছে নামীদামি একাধিক স্কুল এবং নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। স্কুলগুলো ঘিরেই মূলত তৈরি হচ্ছে যানজট। কারণ, শিক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো অপেক্ষা করে সড়ক ও ফুটপাত দখল করে। গুলশানে যানজট কমাতে কী করা হচ্ছে, জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) মাসুদুর রহমান ভূঁইয়া জানান, যানজট কমাতে তাঁরা চেষ্টা করছেন। তবে জনবলস্বল্পতার কারণে ঠিকমতো করা যাচ্ছে না। জনবল বাড়ানোর চেষ্টা করছেন। মানুষজন রাস্তায় গাড়ি না রাখলে যানজট কমবে বলে তিনি জানান।