গদ্য-পদ্যের স্কোরবোর্ড
পৃথিবীর প্রথম সকাল নয়—ক্রিকেটে আবার প্রথম সকাল: সবে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছি। বয়স বড়জোর দশ। ১ জানুয়ারি ১৯৫৫। বাবার আঙুল-ধরা ফুটফুটে এক বালক। তখনকার ‘ঢাকা স্টেডিয়াম’-এর আসনসংখ্যা কত হবে? মনে নেই। মনে আছে, গ্যালারির সবটাই ছিল কাঠের তৈরি। তদানীন্তন ছোট লাট (প্রাদেশিক গভর্নর) আবু হোসেন সরকার সাহেবের সিদ্ধান্ত মোতাবেক ‘শুধু ক্রিকেটের উদ্দেশ্যে’ নির্মিত ওই স্টেডিয়ামটির উদ্বোধনী খেলাটিই ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার চার দিবসীয় টেস্ট। ক্রিকেট তো বটেই, স্টেডিয়ামেও আমার প্রথম সকাল।আমার কেন যেন মনে হয়, এই তো সেদিন। দীর্ঘ ৫৭ বছরের অতিক্রান্ত জীবনের অংশ আর কত কিছুতেই না ঠাসা: নিউজিল্যান্ড-পাকিস্তানের বৃষ্টিবিঘ্নিত টেস্ট, এমসিসি বনাম পাকিস্তানের বেসরকারি টেস্ট, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের নিয়মিত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান নিয়মিত টেস্ট, ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট, ইংল্যান্ড অনূর্ধ্ব-২৫ বনাম পাকিস্তান-অনূর্ধ্ব-২৫, আরও একবার নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট, কমনওয়েলথ একাদশ বনাম পাকিস্তানের অগ্নিদগ্ধ ম্যাচ (১ মার্চের উত্তাল দুপুরেই যা ভস্মীভূত!)তারপর?স্বাধীনতা-উত্তর এমসিসি-বাংলাদেশ তিন দিনের ম্যাচ, শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন দিনের ম্যাচ, হায়দরাবাদ ব্লুজ-বিসিসিবি ম্যাচ, ডেকান ব্লুজ-বোর্ড সভাপতি একাদশের ম্যাচ...এবং আরও কত অনুল্লিখিত ম্যাচ।স্কুল-কলেজে যখন পড়ি, তখন মুঠোর মধ্যে রেললাইন থেকে কুড়িয়ে নেওয়া গোলমতো পাথর চেপে ভাবতাম—শ্লা’র ফজল মাহমুদ, খান মোহাম্মদ, মাহমুদ হোসেন আমার মুঠোর মধ্যে! যত আর্থিক দুর্দশাই হোক, কেউ তো দেখেনি আমার নাক-উঁচু আনন্দাভিলাষ, আমার একটি পা ছিল বৃক্ষের চেয়ে বেশি স্থির আর মনোযোগী, অন্য পা ছিল ছটফটে, তুরতুরে, আবেগমথিত উচ্ছ্বাসে বারবার ‘রান-আউট’ হওয়ার মতো। নিজের যখন এক-আধটু ‘ব্যাট-বল, ব্যাট-বল হাউস দ্যাট’ করতাম, তখন আজকের বঙ্গদেশীয় বাঁকা চাঁদের মতো ক্রিকেটীয় মহাজন হরিদাসরা অজপাড়াগাঁয় ধানখেতের বীজতলা পুঁততেন, পাবনাইয়া তাঁতের শাড়িতে ছাপ মারতেন, কালেভদ্রে কেউ বা সেন্ট গ্রেগরিতে এইচ, মার্টিনের এ স্টাডি টু ইংলিশ রিডার বগলে চেপে লক্ষ্মীবাজারে দৌড়াতে-দৌড়াতে রিকশা-সাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে অস্ফুট উচ্চারণ করতেন—শ্শ্...শিট! শিশুতোষ দুঃখ!পাঠককুলের উদ্দেশে বলে রাখি, আমি কিন্তু শুধু ক্রিকেট নিয়েই এই ভোঁতা গালে, ভোঁতা ব্লেডে দাড়ি কামাচ্ছি। আমার অকেজো সঞ্চয়ে অনেক ক্ষুর-কাঁচি মরচে-ধরা অস্ত্রপাতি। এ লেখায় ক্রিকেটের আধখণ্ড মস্তিষ্ক-বিকৃতি মাত্র।ক্রিকেটের হাড়-মজ্জার জন্য নিজের কতটাই না খরচ করলাম, যে সঞ্চয় ভবিষ্যতের সাশ্রয় হতো। শুধু কি ক্রিকেট? আরও কত খেলা! আরও কত মনোবেদনার ভার পৃথিবীর তিন ভাগ জলের সমান বোঝা ও ভেজাচক্ষুর অন্তরাল হয়ে আছে, আরও কত স্বেচ্ছাচারী উৎসব আমিও ভিজিয়েছি চোখের তরল-মুদ্রায়। তোমরা জানো না কেউ। জানেন না রইস ভাই, মাখন ভাই, জানতেন না জুয়েল-মুশতাক-লাডু ভাইয়েরা।শামীম কবীর থেকে শুরু করে আজকের পিচ্চি মুশফিকদের কেউ তেমন খবর রাখে না—একটা লোক রোদ-বৃষ্টিকে হার মানিয়ে আকাশের স্কোর বোর্ডে ঝুলিয়ে দিয়েছিল ফলাফল:স্বাধীনতার টানা ৪০টি চুম্বনের বিনিময়েও ক্রিকেটের তাত্ত্বিক মিলন ঘটেছে নগণ্য মাত্র।হইহুল্লোড় থামিয়ে দিয়ে যায় যারা, তাদেরও হারিয়েছি, তার পরও আমাদের ক্রিকেট নিয়ে বিদেশিদের ছেলেখেলা যখন দেখি, তখন আবারও মনে মনে বলি: তোরা কি আবার ‘পাপুয়া নিউগিনি’ হয়ে গেলি? নইলে আয়ারল্যান্ডের জনসন কেন এখন ভেংচি কেটে বলে: ও বেংলাডেশ! ইয়া উই ক্যান বিট বেংলাডেশ! কেন বলে উতসেয়া-তাইবুরা: উই ক্যান ইজিলি বিট ব্যাংলাডেশ! কেন? এ দেশের ক্রিকেট তো ৪০ বছরের নয়। সেই ব্রিটিশ-বেনিয়াদের আমল থেকেই আমরা ব্যাট-বলের ঠোকাঠুকি করেছি, মানে, করে আসছি! আমরা কম কিসে? দলপতি একরতি দেহের সাহসী মুশফিকুর রহিমকে তাই বলছি:‘আমার চোখে হাফিজ কারদারের খবরদারিআমার চোখে ক্রিকেট এখন জরুরি খুব, দরকারিআমার ক্রিকেট কাপড় কিংবা টিস্যু পেপার নয়আমার ক্রিকেট বুড়িগঙ্গার ওপার-এপার নয়হারলে হারবি! তাই বলে তা হারার আগে নয়মাংস চিবাক অন্যে, হাড্ডি যেন আমার ভাগে রয়দল-কোন্দলে ভুগছে যারা ভুগুক, তোর কী আসে-যায়তোর ফিফটি, সেঞ্চুরি, আয়, আমার পাশে আয়লঙ্কা-ভারত-পাকিস্তানের দাপট যেন কুরে না খায় তোরেতোদের ব্যাটের ছক্কা-চৌয়া ভনভনিয়ে ঘোরে—আমার কানে, আমার গানে, শাস্ত্রীয় সংগীতেবিদেশিরা এবার দেখুক, বাংলাদেশও জিতেবাংলাদেশে এশিয়া কাপ! চারদলীয় এশিয়া কাপ!ফলাফলে উঠুক বলে: উরে বাপ রে বাপ!আমার ক্রিকেট তেঁতুলিয়া, কাঁপায় টেকনাফ...অল দ্য বেস্ট, মুশফিক! গো অ্যাহেড!