গন্ডগোল পাকাবেন না, ফর্মুলা থাকলে দিন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো ফর্মুলা থাকলে বলতে পারেন। অহেতুক জনগণকে কষ্ট দেবেন না। অযথা গন্ডগোল পাকাবেন না।’প্রধানমন্ত্রী পবিত্র কোরআনের সূরা আল ইমরান পাঠ করে আরও বলেন, ‘ক্ষমতা ও সম্মান দেওয়া-নেওয়ার মালিক আল্লাহ। ভাগ্যে থাকলে ক্ষমতায় আসবেন। মানুষকে কষ্ট দেবেন না।’ জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হওয়ার পর তিনি এসব কথা বলেন।বিল পাস হওয়ায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেখ হাসিনা বলেন, ‘এই বিল নিয়ে কেউ কেউ আপত্তি করছে, কিছু ইসলামি দল নানা কথা বলছে। বলা হচ্ছে, আল্লাহর নাম মুছে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। আল্লাহ ও বিসমিল্লাহ সবকিছুই আছে। আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাইনি। ইসলামকে রাষ্ট্রধর্ম রাখার পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতিও সম্মান দেখানো হয়েছে।’ তিনি বলেন, ‘বাঙালি জাতি হিসেবেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তবে বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারবে। আমরা উপজাতি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনুভূতিতে আঘাত দিতে চাই না।’দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী করায় শেখ হাসিনা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংশোধনীর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। জনগণের ভোটাধিকার ও অধিকারের প্রতি লক্ষ রেখেই এটা করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো এ সংশোধনীর মাধ্যমে। সারা বিশ্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যেভাবে নির্বাচন হয়, এখন সেভাবেই নির্বাচন হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায়ের পর এ ব্যবস্থা না রাখার সিদ্ধান্ত হয়। আগে তত্ত্বাবধায়ক সরকার রেখেই একে ত্রুটিমুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর অভিজ্ঞতা ভালো নয়। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে এনে মধ্যরাতে এ ব্যবস্থা করা হয়। আল্লাহর তরফ থেকেই বোধহয় ঠিক হয়ে যায় যে রায়ে এটা বাতিল হয়ে যাবে। তিনি বলেন, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ক্যু করার চেষ্টা করা হয়। ২০০১ সালের সরকারের প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর আধা ঘণ্টার মধ্যে ১৩ সচিবের চাকরি যায়। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়। গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের বদলে দুই বছর ক্ষমতায় থাকে। তারা ১০ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। জনগণ সে ষড়যন্ত্র প্রতিহত করে। জনগণের ইচ্ছার যেহেতু প্রতিফলন ঘটেনি, তাই এ ব্যবস্থা রাখার কোনো যুক্তি নেই।সংবিধান সংশোধনের প্রক্রিয়া বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সালের ২১ জুলাই গঠিত বিশেষ কমিটিতে নাম দেওয়ার জন্য অনুরোধ করা হলেও বিরোধী দল তা দেয়নি, কমিটিতে বক্তব্য দিতেও আসেনি। গত ১১ মাসে বিশেষ কমিটি ২৭টি বৈঠক করে। স্বচ্ছতার জন্য সব শ্রেণী-পেশার মানুষের বক্তব্য নেওয়া হয়। কমিটি কাজ করার সময়েই ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে যায়। তিনি বলেন, গত ৮ জুন বিশেষ কমিটির ৫১টি সুপারিশসহ প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়। এরপর আইন মন্ত্রণালয় তা মন্ত্রিসভায় পাঠায়। সেখানে অনুমোদনের পর আবার সংসদে উপস্থাপন করা হয়। সংসদ একে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠায়। ২৯ জুন স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন হয় এবং তা পাস হয়।