গন্তব্য ডাকার, পৌঁছালেন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনেগালের রাজধানী ডাকারে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজে ওঠেন স্যান্ডি ভ্যালডিভিয়েসো (৩১) ও তাঁর স্বামী ট্রিট ভো (৩৯)। কিন্তু এয়ারলাইনের কর্মীদের ভুলে তাঁরা এসে নামেন ঢাকায়, মানে বাংলাদেশের রাজধানী ঢাকায়। গত বছরের ডিসেম্বরে এ ঘটনা ঘটে। ১৭ মে লস অ্যাঞ্জেলেস টাইমস অনলাইনে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।কী করে হতে পারে এত বড় ভুল? ডাকার ও ঢাকা পৃথিবীর দুই প্রান্তের দুই শহর। ডাকার থেকে ঢাকা পুরো সাত হাজার কিলোমিটার উল্টো দিকে। পুরো আলাদা মহাদেশে।লস অ্যাঞ্জেলেস টাইমসের ওই প্রতিবেদনে স্যান্ডি ভ্যালডিভিয়েসোকে উদ্ধৃত করে বলা হয়, এক বন্ধুর আমন্ত্রণে সেনেগালের রাজধানী ডাকারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন একাডেমিক কাউন্সেলর ভ্যালডিভিয়েসো ও তাঁর স্বামী মার্শাল আর্ট প্রশিক্ষক ট্রিট। সেই অনুযায়ী তাঁরা টার্কিশ এয়ারলাইনসের টিকিট কাটেন। টিকিটও দেওয়া হয়। কিন্তু তাঁরা খেয়াল করেননি টিকিটে লেখা এয়ারপোর্টের কোড। তাঁদের টিকিটে কোড লেখা ছিল এলএএক্স থেকে ডিএসি। এলএএক্স হলো লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কোড। আর ডিএসি হলো ঢাকার কোড। ডাকারের কোড হলো ডিকেআর।অবশেষে এক শুভদিনে ওই দম্পতি উড়োজাহাজে চেপে বসেন। ঠিকঠাকমতোই তাঁরা এসে পৌঁছান তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। তাঁদের বলা হয়, চার ঘণ্টা পর কানেকটিং ফ্লাইট। এরপর তাঁরা উঠে বসেন কানেকটিং ফ্লাইটে। ফ্লাইটে ওঠার পর টিকিটে ডিএসি লেখা দেখে একটু শঙ্কিত হলেন দম্পতি। বিষয়টি জানতে তাঁরা জিজ্ঞাসা করলেন ফ্লাইট অ্যাটেনডেন্টকে। অ্যাটেনডেন্ট তাঁদের জানালেন, বিমানটি ঢাকা অভিমুখে রয়েছে। তুর্কি অ্যাটেনডেন্টের মুখে ঢাকার উচ্চারণ শুনে দম্পতি ভাবলেন হয়তো তাঁরা ‘ডাকার’কে এভাবেই উচ্চারণ করেন। নিশ্চিন্ত হয়ে দম্পতি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে ওই দম্পতি বিমানের ভেতরের স্ক্রিনে ফ্লাইট রুট দেখে জানতে পারেন উড়োজাহাজটি যাচ্ছে মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে। অভিজ্ঞ পর্যটক দম্পতি আরও খেয়াল করেন, উড়োজাহাজ ভর্তি এশীয় চেহারার লোকজন; সেখানে কোনো আফ্রিকান চেহারার কেউ নেই। তখনই নিজেদের ভুল ধরতে পারেন তাঁরা।ঢাকা বিমানবন্দরে নেমে ওই দম্পতি টার্কিশ এয়ারলাইনসকে দায়ী করে তাঁদের ভুল গন্তব্যে পাঠানোর জন্য। পরে টার্কিশ এয়ারলাইনস ভ্যালডিভিয়েসোর সঙ্গে এয়ারলাইনসের বুকিং ক্লার্কের কথোপকথন শুনে নিশ্চিত হয় যে ভুলটি তাদেরই ছিল। ঢাকায় নামার ১২ ঘণ্টা পর ওই দম্পতিকে আবার ইস্তাম্বুলে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ডাকার। এরও দুই দিন পর তাঁরা বুঝে পান তাঁদের লাগেজ।এরপর ওই দম্পতি ক্ষতিপূরণের জন্য চার মাস চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। টার্কিশ এয়ারলাইনস নিজেদের ভুল স্বীকার করলেও সঙ্গে দাবি করেছে যে এর জন্য ভ্রমণকারীরা কিছু হলেও দায়ী। প্রত্যেক ভ্রমণকারীর উচিত নিজের গন্তব্য এয়ারপোর্টের কোড জানা।এই লিংক থেকে মূল খবরটি পড়তে পারেন http://www.latimes.com/business/la-fi-lazarus-20130517,0,5470532,full.column