গন্তব্য ঢাকা
উৎসবের আমেজ কাটিয়ে কিছুটা ঢিমেতালে হলেও ঢাকামুখী হচ্ছে মানুষ। পড়িমরি করে যারা ঢাকা ছেড়েছিল, তারাই আবার ফিরে আসছে। অবশ্য অপেক্ষাকৃত ফাঁকা নগরে পা রাখার আগেই প্রবেশদ্বারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। রেলপথ, জলপথ আর স্থলপথে ঢাকাবাসীর ঢাকা ফেরার কথা শোনাচ্ছেন মিল্লাত হোসেন, আজহার হোসেন ও আলী আসিফওই দেখা যায় সদরঘাটঈদের তৃতীয় দিন ভোর সাড়ে পাঁচটায় এমভি সুন্দরবন আর এমভি সুরভী ভিড়েছে সদরঘাটের নৌবন্দরে। বরিশাল থেকে ছেড়ে আসা নৌযান দুটি যাত্রী নামিয়ে আবার ফেরত চলে যায় ঘণ্টাখানেকের মধ্যেই। যাওয়ার সময় যাত্রী ছিল হাতেগোনা। এমভি সুন্দরবনের কর্মচারী বুলবুল জানান, ঈদের আগে চাপ থাকে ঢাকা ছাড়ার সময়, আর ঈদের পর লঞ্চগুলো যাত্রী না পেলে খালিই চলে যায় ওপারে। ঢাকায় ফেরত আসা অপেক্ষমাণ যাত্রীর চাপ বেশি বলেই এই ব্যবস্থা। এমভি নিউ সান থেকে নামছিলেন বরিশালের মো. আজাদ। তিনি জানান, ঢাকা ছাড়ার দিন টিকিট কাটার পরও লঞ্চে সিট পাওয়ার জন্য দিতে হয়েছে বাড়তি টাকা। সে সময় সরকারি কর্মচারী বলে একটু ছাড় পাওয়া গিয়েছিল। কিন্তু আসার সময় নেই ন্যূনতম নজরদারির ব্যবস্থা। আজাদ আরও জানান, চাদর পার্টি এবার ঢাকায় খুব একটা সক্রিয় ছিল না। কিন্তু ওপারে চাদর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ সবাই।যারা একটু ঝঞ্ঝাটহীন যাত্রা চায়, তারা ঢাকা ছাড়ছে এখন। যাওয়ার পথে ভিড়ভাট্টা নেই, নেই টিকিট কিংবা সিটের জন্য হাহাকার। তবে বড় কোনো লঞ্চ ভিড়লে ঘণ্টাখানেকের জন্য সদরঘাটের আশপাশ হয়ে পড়ে লোকে লোকারণ্য। সদরঘাটের নৌবন্দরের ফটকের কাছেই গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা আর রিকশার স্ট্যান্ড। সেখানে চালকেরা অপেক্ষায় থাকেন ঢাকায় আসা যাত্রীদের। আর ঈদের মৌসুম বলে সুযোগমতো ভাড়া নিতেও ছাড় দেন না কেউই। রামপুরাগামী আহমেদ হোসেন বলেন, ‘সদরঘাট থেকে রামপুরার ভাড়া চাইছে ৬০০ টাকা। পথে ভিড় নেই। সিএনজিচালিত অটোরিকশার অভাব নেই, তবু ভাড়া ৬০০ টাকা।’মাইপা চলে না ঘড়ির কাঁটাঢাকার একটি তৈরি পোশাক কারখানার বৈদ্যুতিক কর্মী সাদিকুর রহমান ঈদের আগের দিন ময়মনসিংহে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গেল মঙ্গলবার ছিল তাঁর কর্মদিন। তাই সাদিকুর ওই দিনই ছুটে এসেছেন ঢাকায়। কিন্তু রেলগাড়ি কমলাপুরে আসার আগেই তাঁর কর্মসময় শুরু হওয়ায় ওই দিন আর কারখানায় যাওয়া হয়নি তাঁর। তিনি কি দেরিতে রওনা হয়েছেন? ‘কমিউটার ট্রেনটি কমলাপুরে আসার কথা দুপুর ১২টার আগে। কিন্তু দুই ঘণ্টা দেরিতে এখানে এল। ট্রেনের কারণে দিনে অফিস করতে না পারলেও এখন রাতের পালায় কাজ করতে হইব।’ এভাবেই দেরির দায় বাংলাদেশ রেলওয়ের ওপর চাপালেন সাদিকুর।রেলগাড়ির ঢাকায় আসার সময় নির্ধারণ করা আছে রেলওয়ের কাগুজে সময়সূচিতে। যারা এই সূচি দেখে রেলে চড়ে ঢাকায় কোনো কাজ ধরতে চায়, সাদিকুরের মতোই দশা হবে তাদের। কারণ, রেলওয়ের নির্ধারিত সময়ের চেয়েও এক থেকে দুই ঘণ্টা সময় বেশি লাগছে বেশির ভাগ রেলগাড়ির। ট্রেন এভাবে দেরি করে আসছে কেন, জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা-১) আবু সাঈদ আহম্মেদ জানান, ঈদের আগের পাঁচ দিনে এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুই লাখ ৩৪ হাজার ১২২ জন মানুষ রেলগাড়িতে চড়ে বাড়িতে গেছে। তাদের বেশির ভাগ আবার রেলগাড়িতে চড়ে ঢাকায় ফিরে আসছে। যাত্রী ওঠানো-নামানো, রেলক্রসিংয়ে থেমে থাকা প্রভৃতি কারণে রেলগাড়ি নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারছে না।রেলগাড়ি দেরি করে কমলাপুরে আসার পর এই স্টেশন ছাড়তে আরেক দফা সময় নষ্ট হয় যাত্রীদের। কেননা, সড়কের মুখে ট্যাক্সিক্যাব, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার জটলা পেরিয়ে গন্তব্যের দিকে যাওয়া আরেক ঝক্কি। এসব পরিবহনে চড়ার আগে দরদাম নিয়ে তর্ক-বিতর্ক করে ক্লান্ত হয়ে পড়ছে কোনো কোনো যাত্রী। আবার রেলগাড়ির ভেতরে কিংবা বাইরে চোর, পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান ও টানা পার্টির সদস্যরা যাদের ওপর চড়াও হচ্ছে, তাদের শারীরিক-মানসিক ক্ষতি তো অশেষ। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা-১) আবু সাঈদ আহম্মেদের আশ্বাসবাণী হচ্ছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্লাটফর্মগুলোতে প্রায় অর্ধশত নিরাপত্তারক্ষী কাজ করছে। তাদের কেউ আছে সাদা পোশাকে, কেউ বা রয়েছে ইউনিফর্ম পরে। তবে যাত্রীরা রেলস্টেশন পার হলেই তাদের দায়িত্ব শেষ। এমনকি স্টেশনকে কেন্দ্র করে সড়কের মুখে হওয়া যানবাহনের জটলা কমানোর দায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের বলে তিনি জানান।এদিকে ঈদের আগে বাড়িমুখী মানুষের ভিড় সামলাতে নিয়মিত চলাচলকারী রেলগাড়িগুলোতে বগি বাড়ানো হয়েছিল। এর পাশাপাশি বিশেষ ব্যবস্থায় বাড়ানো হয়েছিল রেলগাড়ি। ঢাকামুখী মানুষের চাপ সামলাতে আজকের দিনটি পর্যন্ত এসব সেবা চালু রাখবে রেলওয়ে। তবে ঢাকা-দেওয়ানগঞ্জে চলাচলকারী বিশেষ রেলগাড়ি চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সবকিছুর পরও রেলগাড়ির গর্ভে ঠাঁই পাচ্ছে না অনেক যাত্রী। তাই তারা জানালার ফাঁক গলে রেলগাড়ির কাঁধে কিংবা ছাদে চেপে বসছে। দুটো পয়সা বাঁচাতে আর রোজগারের খাতিরে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ঢাকায় ফেরা চা-ই তাদের।ছাদে বিশেষ ব্যবস্থাঈদের পর ঢাকামুখী বেশির ভাগ দূরপাল্লার বাসের ছাদেই যাত্রী দেখা যাচ্ছে। যাত্রীরা সময় আর অর্থ বাঁচাতে চড়ে বসছে ছাদে। আর বাসওয়ালারাও ঈদ-ফেরত যাত্রীদের ভিড়ে বাড়তি দুটো পয়সা কামিয়ে নিতে চাচ্ছে।পদ্মা কিংবা যমুনা নদী পার হওয়া অনেক বাসই আসছে গাবতলী বাস টার্মিনালে। এর মধ্যে কোনো কোনো বাসের ভেতরের পাশাপাশি ছাদও বোঝাই হয়ে থাকে যাত্রীতে। যাত্রী বোঝাইয়ের এ প্রতিযোগিতায় আবার বেতের তৈরি মোড়ার চাহিদাও বেড়েছে বাসওয়ালাদের কাছে। বাসের আসনের দুই সারির মাঝ বরাবর সামান্য ফাঁকা জায়গাগুলোও তাই এখন মোড়ায় সয়লাব। বাসের ইঞ্জিনের কভারে অথবা মোড়ায় বসিয়ে যাত্রী আনা-নেওয়াকে সাধারণ যাত্রীরা সাধু চোখে না দেখলেও বাসমালিকেরা কিন্তু ঢাকায় ফেরার এ মৌসুমটাকে হেলায় হারাতে নারাজ।উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ থেকে আসা কোনো কোনো বাস গাজীপুর চৌরাস্তায় এসে ছাদের যাত্রী নিচে নামিয়ে আনছে। এ প্রসঙ্গে ঢাকা-জামালপুর রুটের একটি বাসের চালক মোহাম্মদ হীরা বলেন, ‘বাসগুলা আবদুল্লাহপুর পর্যন্ত যাত্রী ছাদে আনতে পারে। ঢাকার ভেতরে আসা সমস্যা। কারণ, ট্রাফিক পুলিশ বাধা দেয়। তবে ছাদে যাত্রী আনার জন্য হাইওয়ে পুলিশকেও কিছু টাকা ধরাইয়া দিতে হয়। কিছু খরচ হইলেও বাসওয়ালাদের লাভ। কারণ, ছাদের সব ভাড়াই তো বাড়তি আয়। আবার ১০০ টাকার জায়গায় ৫০ টাকায় ঢাকায় আইসা যাত্রীরাও খুশি। জীবনের চেয়ে টাকার দামই তাদের কাছে বেশি।’সায়েদাবাদ বাস টার্মিনালের দিকে আসা দূরপাল্লার বাসগুলো প্রতিদিনই কাঁচপুর ব্রিজের দিকে যানজটে পড়ছে বলে জানা যায়। একই অবস্থা মাওয়া কিংবা আরিচা ঘাট দিয়ে ঢাকায় ঢোকা বাসগুলোরও। ফেরিঘাটে পৌঁছানোর আগেই দীর্ঘ এক যানজট পেরোতে হচ্ছে বাসগুলোকে। ১৪ সেপ্টেম্বর রাতে রাজবাড়ী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ জটে আটকা পড়তে হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানগুলোকে। জট যে শুধু ঘাটের ওপারেই, তা কিন্তু নয়। ফেরি পেরোনোর পরপরই শুরু হয় নগরে ঢোকার ঝক্কি। ঘাট পাড়ি দেওয়া বাসচালকেরা কে কত আগে নবীনগর, সাভার, গাবতলী কিংবা মাজার রোডে যাত্রী নামাতে পারবেন, সেই প্রতিযোগিতায় মেতে থাকেন বোধ হয়। মাঝেমধ্যে তাই দু-একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় রাস্তার পার্শ্ববর্তী খাদে কিংবা গর্তে।