গফরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী খুনের মামলায় গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের যৌথ দল টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—প্রধান আসামি গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের আনসারুল হক ওরফে সিজান ওরফে সিজার (২৩), সিরাজুল ইসলাম (৬৫), নজরুল ইসলাম ওরফে সামাদ (৩০), রফিকুল ইসলাম (৩০), মানিক (৩৪) ও আবুল কাশেম (৩৬)। আজ সকালে র‌্যাব-৯-এর ময়মনসিংহ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামিদের হাজির করা হয়। জানানো হয়, গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে প্রথমে সিজারসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকা থেকে আজ সকালে আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিজারের মা জ্যোত্স্না খাতুনের আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মোফাজ্জল হোসেনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে মোফাজ্জল হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সিজার, রফিকুল, নজরুল, সামাদ এ মামলার নামভুক্ত আসামি।প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাতে স্থানীয় পাগলা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা মোফাজ্জল হোসেনকে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৬ এপ্রিল নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।