গফরগাঁওয়ে যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল শনিবার রাতে যুবলীগের এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তাঁর মৃত্যু হয়। নিহত যুবলীগ-কর্মীর নাম হাবিবুর রহমান (৩৯)। তাঁর বাড়ি গফরগাঁওয়ের রাঘাইচটী গ্রামে। উপজেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান জানান, হাবিবুর রহমান যুবলীগের কর্মী ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। গফরগাঁও সদরের খান বাহাদুর ইসমাইল রোডে পৌঁছানোর পর একটি স মিলের সামনে তাঁর গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে ওই দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলা হয়। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।হাবিবুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর খান বাহাদুর ইসমাইল রোডে বেশ কয়েকটি দোকান, সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন স্থানীয় যুবলীগের কর্মীরা। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী প্রথম আলো ডটকমকে জানান, মামলার প্রস্তুতি চলছে।