গফরগাঁওয়ে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউপি নির্বাচনে দত্তের বাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনকে (৪০) গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দত্তের বাজার-পাগলা সড়কের মনদিলা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে মোফাজ্জল হোসেন দত্তের বাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের বাড়ি থেকে পাগলা বাজারে যাওয়ার জন্য রওনা দেন। মুঠোফোনে একটি কল এলে তিনি বাড়ির কাছে মনদিলা ব্রিজের ওপর মোটরসাইকেল থামিয়ে কথা বলেন। এ সময় পেছন দিক থেকে একদল সন্ত্রাসী তাঁকে উদ্দেশ্য করে পাঁচ থেকে ছয়টি গুলি করে। মোফাজ্জল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা এলোপাতাড়ি তাঁকে কুপিয়ে ও জবাই করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করে। মোফাজ্জলের লাশ গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের ভাইপো মাহবুব অভিযোগ করে বলেন, পুলিশের ঘুষ, চাঁদাবাজির প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে পাগলা আইসি ক্যাম্পের পুলিশের সঙ্গে মোফাজ্জলের দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার সঙ্গে পাগলা আইসি ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফ উদ্দিন জড়িত রয়েছেন।তবে আশরাফ উদ্দিন এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘ঘটনার সময় আমি নির্বাচনী কাজে গফরগাঁও সদরে অবস্থান করছিলাম।’উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ জানান, মোফাজ্জল দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে দত্তের বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, বিষয়টি খুবই সর্তকতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসআইয়ের বিরুদ্ধে যেসব কথা হচ্ছে তা আমি জেনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।