গফরগাঁওয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের ছয় কর্মকর্তাসহ ১১ সদস্য রয়েছেন। স্থানীয় সাংসদ গিয়াস উদ্দিন আহম্মদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফাহমী গোলন্দাজের সমর্থকদের মধ্যে গফরগাঁও রেলস্টেশন এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।গফরগাঁও থানার পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, বেলা তিনটায় ময়মনসিংহ শহরের সার্কিট হাউস-সংলগ্ন জিমনেসিয়ামে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ ছিল। এ সমাবেশে যোগ দিতে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান পক্ষের সমর্থক-কর্মীরা সকাল থেকে গফরগাঁও রেলস্টেশনে জড়ো হন। উভয় পক্ষের কয়েক হাজার নেতা-কর্মী সেখানে খণ্ড খণ্ড মিছিল করেন। মিছিল থেকে পরস্পরের উদ্দেশে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া করে। তারা পরস্পরের দিকে বৃষ্টির মতো রেলের পাথর ও ইট নিক্ষেপ করে। একপর্যায়ে পাঁচ-ছয়টি গুলির শব্দও হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করে। নিয়ন্ত্রণে না আসায় পুলিশ ৪০টির মতো রাবার বুলেট ছোড়ে। তখন উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জনের মতো নেতা-কর্মী ও সমর্থক আহত হন। পাথরের আঘাতে ও হামলায় আহত হন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান ও নজরুল ইসলাম; সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস ও জ্যোতিষ; এএসআই (জিআরপি) নূরুল ইসলাম এবং কনস্টেবল সেলিম, আলমগীর, মামুন, আনিস ও হারুন।দুই পক্ষের আহত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন সুরুজ মেম্বার, মুক্তা, আজাহারুল, সাদির, নূরুল ইসলাম, আশরাফ, আকাশ, মানিক, শরিফুল, আলম, মানিক সাহা, মুজিবুর রহমান, বাচ্চু মিয়া, লিটন সরকার, আবদুল হেলিম, সুরুজ।আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ময়মনসিংহের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন অনেকে।সংঘর্ষের পরপর উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা আবারও রেলস্টেশনে জড়ো হয়ে আন্তনগর তিস্তা ট্রেনে ময়মনসিংহ চলে যান। পরে সাংসদের সমর্থকেরাও স্টেশনে জড়ো হন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁরা দৈনিক দিনকাল পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান লিটনকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সাংসদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান বিএনপির লোকজন নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছেন। এতে আমার ১০-১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।’তবে উপজেলা চেয়ারম্যান ফাহমী গোলন্দাজ অভিযোগ করেন, ‘রেলস্টেশনে জড়ো হওয়ার পর পুলিশ হঠাৎ আমার কর্মী-সমর্থকদের ওপর বেপরোয়া লাঠিপেটা শুরু করে। এ সময় সাংসদের লোকজনও আমাদের ওপর হামলা চালায়। আর সাংসদের লোকজনকে সহায়তা করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে আমার প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছে।’গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হায়াতুর রহমান খান জানান, উভয় পক্ষের লোকজনের মধ্যেই সংঘর্ষ বাধে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৪০টি রাবার বুলেট ছোড়ে।এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও সরকারি কলেজে প্রভাব বিস্তার করা নিয়ে ছাত্রলীগের উপজেলা চেয়ারম্যান ও সাংসদের সমর্থক পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সন্ধ্যায় উভয় পক্ষ পৌর সদরে মিছিল করে।