গফরগাঁওয়ে ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারৈহাটি গ্রামের বাজারের পাশে রফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর জেলার শ্রীপুরের বরমী বাজারের ওষুধের ব্যবসা করতেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে গফরগাঁও থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।নিহতের ছেলে আজহারুল ইসলাম জানান, একই গ্রামের আবুল হোসেনের অনুসারীদের সঙ্গে তাঁদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে প্রতিপক্ষেরা তাঁর বাবাকে আগে থেকেই হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি দাবি করেন।গতকাল বৃহস্পতিবার রফিকুল ইসলাম শ্রীপুরের বরমী বাজারে ওষুধের দোকানে গেলেও রাতে আর ফিরে আসেননি। আজ ভোরে বারৈহাটি বাজারের পাশে একটি রেইনট্রি গাছে এলাকাবাসী রফিকুলের ঝুলন্ত লাশ দেখে তাঁর পরিবার ও পুলিশকে খবর পাঠায়।এদিকে অভিযুক্ত আবুল হোসেনের অনুসারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।ময়মনসিংহের গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, রফিকুল ইসলাম একজন মুক্তিযোদ্ধ ছিলেন। লাশ উদ্ধারের সময় এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করে। লাশের গায়ে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।