গবেষকদের আরও সহায়তা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট তার সোনালি গৌরব হারাতে বসেছিল। জীবনরহস্য উন্মোচনের মাধ্যমে পাট আবারও সোনালি দিন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিজ্ঞানীদের এই উদ্ভাবন দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার হাতিয়ার হবে পাট। গতকাল বৃহস্পতিবার গণভবনে গবেষক দল ‘স্বপ্নযাত্রা’র সদস্যরা তাঁর সঙ্গে সাক্ষার‌্যা করলে প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশে এ কথা বলেন।প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল কৃষক পর্যায়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত গবেষকদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সরকারি প্রতিষ্ঠানে কর্মরত গবেষকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার বিষয়টি আমরা আলাদা করে দেখতে চাই। সরকারি কর্মচারীদের একটি নির্দিষ্ট বয়সসীমা আছে; কিন্তু গবেষণার কোনো সময়কাল নেই।’প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা সুনির্দিষ্ট বিষয় নিয়ে গবেষণায় যুক্ত, আমরা তাঁদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছি। কোনো একটি গবেষণার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত গবেষকদের যুক্ত রাখার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে।’পাটকে পরিবেশবান্ধব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমরা পাটকে কাজে লাগাতে পারি। পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে শিল্প স্থাপন, পণ্য উদ্ভাবন ও নতুন বাজার অনুসন্ধানেও উদ্যোগ নেওয়া হবে। মুসা ইব্রাহীম যেমন এভারেস্ট জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তেমনি এই তরুণ গবেষকেরা পাটের জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন।’পাটের বিষয়ে নিজের অভিমত জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিজ্ঞানী নই, সাহিত্যের ছাত্রী; তবে বিজ্ঞানীর বউ। পাট যে একটা সম্পদ এবং এই গবেষণার ফলাফল দেশের পাট খাতের চেহারা পাল্টে দিতে পারে, তা অন্তত বুঝি।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিজ্ঞানী মাকসুদুল আলমকে সরকারি সহায়তা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলেন, ‘রাজনীতি করার আগে গান গাইতাম। স্লোগান দিতে গিয়ে গান ভুলে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পাটের জীবনরহস্য উন্মোচনের বিষয়ে এক সেমিনারে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে পারি। কিন্তু বিজ্ঞানের জটিল বিষয় হওয়ায় বিষয়টি তখন বুঝতে পারিনি। প্রথম আলোতে মাকসুদুল আলমের গবেষণা নিয়ে একটি প্রতিবেদন পড়ে বিষয়টি বুঝতে পারি। তাঁকে দেশে ডেকে এনে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাই এবং আমরা গবেষণা শুরু করার জন্য বলি।’মাকসুদুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ বিজ্ঞানীরা, ডেটা সফটের তথ্যপ্রযুক্তিবিদ আর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সঙ্গে সরকারি আর্থিক সহায়তা যুক্ত হওয়ায় এই সফলতা এসেছে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ গবেষণাকে কাজে লাগিয়ে কীভাবে উন্নতির দিকে যেতে পারে, তার একটি কর্মপরিকল্পনা বাংলাদেশ তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর আগে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান পাটের জীবনরহস্য উন্মোচনের ওপর একটি স্বরচিত কবিতা পড়ে শোনান।যুক্তরাষ্ট্রের লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির জেনোম সায়েন্স বিভাগের দলনেতা ক্রিস ডেট্টার বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞানীর পাটের জিনোম সিকোয়েন্সিং করার পর আমি নিজে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ই-মেইল পাচ্ছি। তাই এই তরুণ বিজ্ঞানীদের দেখতে ঢাকায় এসেছি।’ বিজ্ঞানের এই উদ্ভাবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মত দেন।ইউনিভার্সিটি সেইনস মালয়েশিয়ার প্রফেসর ইমেরিটাস জাওয়াই ইসমাইল বলেন, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আখতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ডেটা সফটের নির্বাহী পরিচালক মাহবুব জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান।অনুষ্ঠান শেষে শেখ হাসিনা গবেষকদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে এ ধরনের গবেষণায় আরও মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।জাফর ইকবাল প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘একটু সহযোগিতা পেলেই আমাদের দেশের ছেলেমেয়েরা কত কিছু করে দেখাতে পারে, তা এই গবেষণার মাধ্যমে প্রমাণিত হলো।’ এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ‘আমরা পারব। এই বিশ্বাস আমার আছে।’