দেশে কয়েক দশক আগেও কলেরা বা ডায়রিয়া চিকিৎসার কার্যকর কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এখন আছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) খাওয়ার সেলাইন আবিষ্কার করে দেখিয়েছে, ডায়রিয়ার হাত থেকে মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব। ওই রোগ ঠেকাতেই ষাটের দশকে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ‘কলেরা রিসার্চ ল্যাবরেটরি’। এ বছর সেই প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্ণ হলো।৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্র্যাভিয়াতো বলেন, কলেরা ও ডায়রিয়া রোগের চিকিৎসায় আইসিডিডিআরবির গবেষণা ও সেবা বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে খাওয়ার স্যালাইন ও জিঙ্কের ব্যবহার ডায়রিয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। এসব উদ্ভাবন প্রতিষ্ঠানের স্মরণীয় সাফল্য। এ ছাড়া বিভিন্ন সংক্রামক ব্যাধি, এইচআইভি, জনসংখ্যা ও পুষ্টিবিষয়ক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানের পরিসর ক্রমেই বড় হচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি প্রশিক্ষিত গবেষক তৈরি করা এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। কেবল দেশে নয়, সারা বিশ্বে ডায়রিয়া চিকিৎসার জন্য অন্যতম বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। ডায়রিয়া চিকিৎসার প্রশিক্ষণ নিতে দেশি-বিদেশি চিকিৎসকেরা এই প্রতিষ্ঠানে আসেন। আইলা বা সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগে সরকারি চিকিৎসকদের সহায়তা করে এই প্রতিষ্ঠান। গত বছর জরুরি ডায়রিয়া চিকিৎসা দেওয়ার জন্য আফ্রিকাতেও গিয়েছিল এই প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ লাখ রোগী এই প্রতিষ্ঠানের সেবা নিয়েছে। ঢাকার পাশাপাশি চাঁদপুরের মতলবে এ প্রতিষ্ঠানের একটি হাসপাতাল ও গবেষণাগার আছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে ডায়রিয়া চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছে। প্রতিষ্ঠানের দলিলপত্রে দেখা যায়, ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় কলেরা রিসার্চ ল্যাবরেটরি (সিআরএল) স্থাপন করা হয়। সিয়াটোভুক্ত দেশগুলোর সেনাসদস্যদের কলেরা থেকে রক্ষার জন্য তৈরি হয় বলে এর নাম রাখা হয় পাক-সিয়াটো সিআরএল। সিয়াটো-সাউথইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন চুক্তি হয় ১৯৫৪ সালে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রতিরক্ষাবিষয়ক এই আন্তর্জাতিক সংগঠনের সদস্য ছিল পাকিস্তান। স্বাধীনতার পর ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) নামে কাজ শুরু করে ওই প্রতিষ্ঠান। শুরুতে ডায়রিয়া রোগীর চিকিৎসা ও ডায়রিয়া নিয়ে গবেষণা করাই ছিল এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ। ষাটের দশকের শেষে আইসিডিডিআরবি উদ্ভাবন করে খাওয়ার স্যালাইন। ওরাল ডিহাইড্রেশন সলিউশন (ওআরএস) নামের যুগান্তকারী এই উদ্ভাবন অল্প সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত দুই দশকে সারা বিশ্বের পাঁচ কোটি মানুষকে বাঁচিয়েছে ওআরএস। বিশ্বখ্যাত স্বাস্থ্যবিষয়ক প্রকাশনা ল্যানসেট-এ ওআরএসের উদ্ভাবনকে বলা হয়েছে ‘বিশ শতকে চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।’ ডায়রিয়া ছাড়াও আইসিডিডিআরবি প্রজননস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পুষ্টি, সংক্রামক ব্যাধি ও প্রতিষেধক, স্বাস্থ্য ব্যবস্থা, জনসংখ্যা, দারিদ্র্য ও স্বাস্থ্য, এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া, পরিবেশ, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য, অসংক্রামক ব্যাধি, নারীস্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করছে। ৫০ বছর পূর্তিতে আইসিডিডিআরবি নিয়েছে ১০ বছর মেয়াদি নতুন কৌশল। যেখানে সেবার পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণাকে। প্রতিষ্ঠানের অনেকে এটাকে নতুন যাত্রা হিসেবে দেখছেন। প্রতিষ্ঠান এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে কর্মীদের মধ্যে অসন্তোষের কথাও শোনা যাচ্ছে। গত মাসে এই প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে অন্য এক অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছিলেন, ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী আন্তর্জাতিক ও দেশি বিজ্ঞানীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া উচিত। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্য সোহরাব আলী বলেছিলেন, আইসিডিডিআরবির ৯৯ শতাংশ বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যেন কোনো বঞ্চনাবোধ না থাকে, সে বিষয়ে কর্তৃপক্ষের আন্তরিক থাকা দরকার।গতকাল দেশীয় ও বিদেশি বিজ্ঞানীদের মধ্যে কোনো বৈষম্য আছে কি না, এমন এক প্রশ্নের উত্তরে ক্র্যাভিয়াতো বলেন, এ প্রতিষ্ঠানে কাজ করা বিজ্ঞানী, কর্মকর্তাদের অধিকাংশই বাংলাদেশের। কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য নেই। সবকিছুই একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলছে। রোগ নিয়ে গবেষণার পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গবেষণা করছে এ প্রতিষ্ঠান। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে আইসিডিডিআরবির ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে অনুসরণ করে সরকার সাফল্য পেয়েছে বলে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা দাবি করছেন। খাওয়ার স্যালাইনের উদ্ভাবনের পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধে আইসিডিডিআরবি গবেষণা করছে প্রায় শুরু থেকে। সত্তরের দশকে এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা পানিতে কলেরার জীবাণু ‘ভিভরিও কলেরি’র উপস্থিতি আবিষ্কার করেন। এখন এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা পানি বিশুদ্ধ করার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। প্রতিষ্ঠানের উদ্ভাবিত পানি বিশুদ্ধকরণ একটি প্রক্রিয়ার নাম ‘সিরাজ মিকশ্চার’। এ প্রক্রিয়ায় পানিকে আধ ঘণ্টার মধ্যে পানের উপযোগী করা যাবে বলে উদ্ভাবক সিরাজুল ইসলাম দাবি করছেন। প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় দ্রুত পানি ব্যবহার উপযোগী করার জন্য এ প্রক্রিয়া বেশ উপযোগী।