গবেষণা জোরদার করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে গবেষণা কর্মসূচি জোরদার করার জন্য শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ অনুদান ও এনএসটি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেখ হাসিনা বলেন, ‘জনগণ আপনাদের কাছে নতুন নতুন এমন সব উদ্ভাবন চায়, যা তাদের অগ্রযাত্রায় কাজে লাগবে। আশা করি, আপনারা সর্বোচ্চ শ্রম ও মেধার প্রয়োগ ঘটিয়ে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন।’শিল্পোন্নত বিশ্বের অবহেলার কারণে বাংলাদেশসহ সমুদ্র উপকূলীয় অনেক দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঝুঁকি মোকাবিলায় লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। এ জন্য শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে হবে।’ এ লক্ষ্যে তিনি সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।