গভর্নর হিসেবে অদক্ষ ছিলেন রমনি: ওবামা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী মিট রমনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর থাকাকালে দক্ষতার পরিচয় দেননি। তাঁর নীতিমালা ওই অঙ্গরাজ্যের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা না রেখে বরং উল্টো কাজটিই করেছে। এ দাবি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা ও তাঁর সমর্থকদের। রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার মধ্য-পশ্চিমাঞ্চলীয় আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচনী এক সমাবেশে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওবামা গভর্নর হিসেবে মিট রমনির ভূমিকার কঠোর সমালোচনা করেন। ওবামার নির্বাচনী শিবির এখন গভর্নর হিসেবে রমনির ভূমিকা নেতিবাচক হিসেবে তুলে ধরতে তত্পর। কয়েক সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণায় রমনির বিরুদ্ধাচরণ করে ওবামা শিবির তাঁকে ‘চাকরি খেকো’ বলে নিন্দা করেছে। এখন তাঁরা আদাজল খেয়ে লেগেছে গভর্নর হিসেবে তাঁর ভুলত্রুটি তুলে ধরতে।ভাষণে ওবামা বলেন, প্রার্থিতা পেতে রমনি তাঁর ব্যবসায়িক অভিজ্ঞতাকে বড় করে তুলে ধরতে চাইছেন। বোঝাতে চাইছেন যে এ অভিজ্ঞতা দেশ পরিচালনায় অনেক কাজে লাগবে। কিন্তু ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে তিনি আসলে কী ভূমিকা রেখেছিলেন, তা খুব কম মানুষ জানে। তিনি বলেন, ম্যাসাচুসেটসের রাজধানী বোস্টনে বেইন ক্যাপিটাল নামের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানে বেসরকারি ইক্যুইটি নির্বাহী হিসেবে কর্মরত থাকাকালে মধ্যবিত্ত শ্রেণীর চেয়ে ধনীদের প্রতি বেশি সদয় ছিলেন রমনি। ওবামা দাবি করেন, প্রচারণায় নেমে সাবেক গভর্নর রমনি শুরু থেকে নিজেকে করপোরেট জগতের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়েছেন। করপোরেট জগতের বাইরেও যে প্রশংসা পাওয়ার মতো অন্য কিছু থাকতে পারে, এটি তাঁর মাথায় নেই। বেসরকারি ইকুইটি খাতে রমনির ভূমিকার বিষয়ে কড়া মন্তব্যও করেন ওবামা। লক্ষণীয় বিষয় হলো, ওবামার প্রচারণা শিবির যখন বেসরকারি ইকুইটি নির্বাহীদের কাছ থেকে তহবিল জোগাড়ের চেষ্টা চালাচ্ছে, এমন সময় তিনি রমনির এ ভূমিকা নিয়ে সমালোচনা করছেন। কিছুদিন আগে ওবামার উদ্দেশে মিট রমনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ঋণের দাবানল সৃষ্টি করেছেন। পাল্টা সমালোচনা করে ওবামা বলেন, রমনি বলছেন যে কর্মসংস্থান সৃষ্টি করবেন, অর্থনৈতিক উন্নয়ন ঘটাবেন, কিন্তু কীভাবে করবেন তা বলেননি।রমনিকে জনগণের তোপের মুখে ফেলতে শিক্ষা তহবিল কমানো ও ঋণ বৃদ্ধির ক্ষেত্রে তাঁর পুরোনো রেকর্ড নিয়েও ঘাঁটাঘাঁটি করেছেন ওবামা শিবিরের কর্মকর্তারা। তাঁরা বলেন, ২০০৮ সালে রিপাবলিকান প্রাইমারিতে ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে তাঁর ভূমিকা নিয়ে প্রায়ই কথা বলতেন রমনি। কিন্তু এবারের নির্বাচনে এ ব্যাপারে তাঁর বক্তব্য খুঁজে পাওয়া বড় দায়।ফ্যাক্টচেক ডট অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুসারে, রমনি গভর্নরের দায়িত্ব পাওয়ার প্রথম বছর ওই অঙ্গরাজ্যে বাজেট ঘাটতি ছিল এক কোটি ২০ লাখ ডলার। এ সময় শিক্ষা খাতের বাজেট থেকে ২৭ কোটি ৭০ লাখ ডলার কমিয়ে স্থানীয় সরকারে স্থানান্তর করা হয়। সে বছর উচ্চশিক্ষার জন্য গঠিত তহবিল ১৪ কোটি ৫০ লাখ ডলারে নেমে আসে। বোস্টন গ্লোবের দেওয়া তথ্যমতে, ওই পড়াশোনায় শিক্ষার্থীদের ফি গড়ে ৬৩ শতাংশ বেড়ে যায়। ম্যাসাচুসেটসের একটি করদাতা প্রতিষ্ঠান জানায়, কর না বাড়িয়েই অঙ্গরাজ্যটির বাজেটে ভারসাম্য আনার দাবি করেছেন রমনি। কিন্তু কর ফাঁকি দেওয়া সুযোগ বন্ধ ও শিক্ষার্থীদের বেতন বাড়ানোর মাধ্যমে প্রতিবছর তিনি প্রায় ৭৫ কোটি ডলার রাজস্ব বৃদ্ধি করেছেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, রমনির সময়কালে অঙ্গরাজ্যটির দীর্ঘমেয়াদি ঋণ ১৬ শতাংশ বেড়েছে। ২০০৭ সালের ওই হিসাব থেকে দেখা গেছে, অন্য যেকোনো অঙ্গরাজের তুলনায় ওই বছর ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ঋণগ্রস্ত ছিল।ওবামা শিবিরের একজন কর্মকর্তার তথ্যমতে, গভর্নর হওয়ার পর রমনি উত্পাদন খাতে ও কমিউনিটি কলেজগুলোর তহবিল কাটছাঁট করেন। তিনি শিক্ষা খাতে কোনো বিনিয়োগ করেননি। এদিকে রমনি তাঁর ব্যবসায়িক দিক নিয়ে ওবামা শিবিরের কঠোর সমালোচনাকে চরিত্র হননের চেষ্টা বলে নিন্দা করেছেন। তিনি মনে করেন, একজন ব্যবসায়িক নির্বাহী হওয়ায় ওবামার চেয়েও ভালো অবস্থানে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার কমাতে ও ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে তাঁর প্রচেষ্টা জোরাল।