গভীর অচেতন অবস্থায় খান সারওয়ার মুরশিদ
হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ এখন গভীর অচেতন অবস্থায় (ডিপ কোমা) আছেন। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। সুস্থ হয়ে ওঠার ব্যাপারে চিকিৎসকেরা জোর দিয়ে কোনো আশার কথা বলতে পারছেন না।৮৮ বছর বয়সী খান সারওয়ার মুরশিদ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ১৮ অক্টোবর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি কয়েকবার হূদেরাগে আক্রান্ত হন। সর্বশেষ গত সপ্তাহে তাঁর অবস্থার গুরুতর অবনতি ঘটে। এর পর থেকে তিনি ডিপ কোমায় আছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। খান সারওয়ার মুরশিদের চিকিৎসা করছেন অ্যাপোলো হাসপাতালের পরামর্শক ও নিউরোলজি বিভাগের প্রধান আলীম আক্তার ভূঁইয়া। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘খান সারওয়ার মুরশিদ এখন ডিপ কোমায় আছেন। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তাঁর ব্রেনের রেসপন্স নেই। কিডনি কাজ করছে না। ডায়ালাইসিস করতে হচ্ছে। সব মিলিয়ে খুব জটিল অবস্থা।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে ভর্তির পর কয়েকবার হূদেরাগে আক্রান্ত হলেও তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। তবে গত সপ্তাহ থেকে অবস্থার অবনতি হচ্ছে।’খান সারওয়ার মুরশিদের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে চাওয়া হয়েছিল। তবে সেখানকার চিকিৎসকেরা কোনো আশা দিতে না পারায় তাঁকে ঢাকাতেই রাখা হয়েছে।