গভীর খাদে বিদ্যুৎ খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণ কর্মকারদেশের বিদ্যুৎ খাত গভীর খাদে পড়েছে। প্রতিবছর প্রায় ১০ শতাংশ হারে চাহিদা বাড়ছে। আর পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা কমছে। আবার নতুন উৎপাদন বৃদ্ধি দীর্ঘদিন যাবৎ অনিয়মিত ও অপ্রতুল। সর্বোপরি রয়েছে জ্বালানির সমস্যা। ফলে এই খাতের সংকট উত্তরণের চেষ্টা হালে পানি পাচ্ছে না।গত বছরের ৫ জানুয়ারি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে সরকারি হিসাবে মোট ৫৩১ মেগাওয়াট। কিন্তু গত বছরের মার্চ মাসের তুলনায় এ বছর মার্চে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ বেড়েছে মাত্র ২০০ মেগাওয়াটের মতো। ফলে গত বছরের এই সময়ের তুলনায় এ বছর বিদ্যুৎ ঘাটতি বেশি।ঘাটতি চক্র: বিদ্যুৎ মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, এই বছরের মধ্যে নতুন আরও প্রায় ৭৮৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তার পরও ঘাটতি থাকবে প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট। এর বিপরীতে আগামী বছর নতুন উৎপাদনে আসতে পারে ভাড়াভিত্তিক ও পিকিং বিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ এক হাজার মেগাওয়াট। কিন্তু এ বছরের তুলনায় আগামী বছর চাহিদা বাড়বে প্রায় ৬০০ মেগাওয়াট। আর পুরোনো কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কমবে অন্তত ২০০ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়াবে প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট। প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদন ও প্রয়োজনীয় জ্বালানির সংস্থান করা না হলে ঘাটতি পূরণ করা প্রায় অসম্ভব।বর্তমান সরকার পর্যায়ক্রমে এই ঘাটতি পূরণে যে পরিকল্পনা নিয়েছে, তার সময়মতো বাস্তবায়ন নিশ্চিত নয়। বিদ্যুতের জন্য প্রয়োজনীয় জ্বালানির সংকটও হয়ে উঠেছে তীব্র। এ অবস্থায় সরকার যে ২০১৪ সালের মধ্যে দেশকে লোডশেডিংমুক্ত করার ঘোষণা দিয়েছে, সে বিষয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে।এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের আমলে আমরা দেশকে লোডশেডিংমুক্ত করবই। আমরা যে পরিকল্পনা করেছি, তা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পর্যালোচনা করেও দেখছি। প্রয়োজনে পরিকল্পনায় কিছু পরিবর্তনও আনতে হতে পারে। এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’বর্তমান অবস্থা: রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ জনতা বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুতের (আরইবি) কার্যালয়ে বিক্ষোভ করছে। কোথাও কোথাও আরইবি কার্যালয় আক্রান্ত হয়েছে। শহরেও লোডশেডিং হচ্ছে মাত্রাতিরিক্ত। ঢাকার বিভিন্ন এলাকা থেকে অনবরত প্রথম আলো কার্যালয়ে ফোন করে গ্রাহকেরা তাঁদের দুর্ভোগের কথা জানাচ্ছেন। সবচেয়ে বেশি দুরবস্থায় পড়েছে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা গতকাল হলের সামনে রাস্তা অবরোধ করেন। এ সময় তাঁরা কাগজ ও কাঠ দিয়ে রাস্তায় আগুন ধরালে যান চলাচল বন্ধ হয়ে যায়। পিডিবি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াটের কাছাকাছিই আছে। কিন্তু চাহিদা বাড়ছে। বর্তমানে পিডিবির হিসাবে সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার ২০০ মেগাওয়াটের মতো। কিন্তু এ বছর এপ্রিল-মে মাসে সর্বোচ্চ চাহিদা ছয় হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। তখন ঘাটতি হবে দুই হাজার মেগাওয়াটেরও বেশি। সরকার সেচকে অগ্রাধিকার দেওয়ার কারণে ঢাকা থেকে রাতে অতিরিক্ত ১৫০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রামাঞ্চলে সরবরাহ শুরু করেছে। এর ফলে সেচের জন্য সরবরাহ কিছুটা বাড়বে। তবে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী, এ বছর সেচের জন্য সর্বোচ্চ চাহিদা হচ্ছে প্রায় এক হাজার ৮০০ মেগাওয়াট। এত দিন দেওয়া হচ্ছিল সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট। এরপর ২০০ মেগাওয়াট বাড়লেও সেচেসংকট থাকবেই। অপর দিকে এর ফলে ঢাকায় সমস্যা বাড়বে। গভীর রাতেও লোডশেডিং হচ্ছে। এ প্রসঙ্গে বিদ্যুৎসচিব প্রথম আলোকে বলেন, আজকালের মধ্যে জ্বালানি ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সেচের জন্য বেশি বিদ্যুৎ সরবরাহ করা যাবে এবং ঢাকায়ও লোডশেডিং বাড়বে না বলে আশা করেন তিনি।সরকারের দুর্বলতা: জরুরি ভিত্তিতে ঘাটতি মোকাবিলায় বর্তমান সরকারের প্রথম পরিকল্পনা ও পদক্ষেপ বেসরকারি খাতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন। যদিও বিগত চারদলীয় জোট সরকারের সময়ই এ ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার কয়েকটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের পদক্ষেপও নেয়। তা সত্ত্বেও বর্তমান সরকার জরুরি ভিত্তিতে মোট ৫৩০ মেগাওয়াট ক্ষমতার আটটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করে ক্ষমতা গ্রহণের প্রায় নয় মাস পর।ইতিমধ্যে সেচ মৌসুম কাছে চলে আসায় সিদ্ধান্ত নেওয়া হয়, চার মাসের মধ্যে বিদ্যুৎ পাওয়ার জন্য ডিজেলচালিত কয়েকটি ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপন করা হবে। বাকিগুলো হবে ফার্নেস তেলচালিত। ডিজেলচালিত কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে প্রায় ১৫ টাকা, যা ফার্নেস তেলচালিত কেন্দ্রের চেয়ে প্রায় দ্বিগুণ। তার পরও জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পাওয়ার জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু চলতি সেচ মৌসুমে এর এক ইউনিট বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না। আটটি কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান, মূল্যায়ন ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন শেষে মোট ৩০৫ মেগাওয়াট ক্ষমতার চারটি কেন্দ্র স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চুক্তি করে। এর একটি কেন্দ্র থেকেও জুন মাসের আগে বিদ্যুৎ পাওয়া যাবে না। এ ছাড়া সরকার ৬২০ মেগাওয়াট ক্ষমতার নয়টি পিকিং (প্রতিদিন সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য নির্মিত) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। তবে এখন পর্যন্ত এর একটিও স্থাপনের ব্যাপারে চুক্তি হয়নি। চুক্তি স্বাক্ষরের পর এর একেকটি কেন্দ্র স্থাপনে কমপক্ষে দেড় বছর সময় লাগবে। এই কাজগুলো আরও কয়েক মাস আগে সম্পন্ন করা যেত বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।সরকারের আরেকটি বড় দুর্বলতা ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বড় কেন্দ্রগুলো স্থাপনের ব্যাপারে অগ্রগতি সাধনে ব্যর্থতা। এর মধ্যে কয়লাভিত্তিক একাধিক কেন্দ্র; ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১; মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্রসহ বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনের ব্যাপারে সরকার পরিকল্পনায় এগিয়ে থাকলেও বাস্তবায়নে অনেক পিছিয়ে। বিবিয়ানা-১ কেন্দ্রটির জন্য আগ্রহী কোম্পানিগুলোর প্রাক-যোগ্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু এখন পর্যন্ত দর প্রস্তাব চাওয়ার কাজটুকু করা যায়নি। তবে বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাতিল করা সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট কেন্দ্রটি স্থাপনের কাজ পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।সাশ্রয় ও অন্যান্য: নতুন কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েরও বড় পরিকল্পনা করা হয়েছিল। সে অনুযায়ী চলতি মাসের প্রথমার্ধের মধ্যে দুটি পর্যায়ে সারা দেশের গ্রাহকদের মধ্যে বিনা মূল্যে মোট দুই কোটি ৬৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণ করার কথা ছিল। এতে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতো বলে সরকারিভাবে জানানো হয়েছিল। কিন্তু এই উদ্যোগও আপাতত কার্যকর হচ্ছে না। এখন আবার সারা দেশের বিদ্যুৎ গ্রাহদের প্রি-পেইড মিটারের আওতায় আনার বিষয়ে আলোচনা শুরু করেছে মন্ত্রণালয়। বিপুল ব্যয়সাপেক্ষ হওয়ায় এর আগে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। তার ফলও ভালো। তাই এখন পরিকল্পনা করা হচ্ছে সারা দেশে এই উদ্যোগ সম্প্রসারণ করার।এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি বায়ুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ শুরু করা হয়েছে।বড় সমস্যা গ্যাস: বিদ্যুৎ উৎপাদনে এখন বড় সমস্যা গ্যাসস্বল্পতা। পিডিবি সূত্র জানায়, দৈনিক ৯৫ কোটি ঘনফুট গ্যাস হলে সাড়ে চার হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু এখন গ্যাস পাওয়া যাচ্ছে ৭৯ কোটি ঘনফুট। ফলে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ঘাটতিও কমানো যাচ্ছে না।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলছেন, গ্যাসের উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবে এটা রাতারাতি করে ফেলার মতো কাজ নয়। দীর্ঘদিন এই খাতের স্বাভাবিক উন্নয়ন ব্যাহত হওয়ায় বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আজকালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ আরও কিছুটা বাড়ানো হতে পারে বলে জানা গেছে।অনুমিত হিসাব কমিটি: অনুমিত হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ডিজেল, ফার্নেস তেল ও আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তা সঠিক নয়। ডিজেল ও ফার্নেস তেলচালিত বিদ্যুতের দাম অত্যধিক। ফলে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ বেশি পড়বে। তা ছাড়া বিপুল পরিমাণ তেল জমা রাখার স্থাপনারও অভাব আছে। জ্বালানি সমস্যা সমাধানের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনার পরিবর্তে দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানের ওপর জোর দেওয়া উচিত। আমদানি করা কয়লা দিয়ে দুই হাজার মেগাওয়াট বা তারও বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি, মজুদ ও পরিবহনের যে বিশাল অবকাঠামো দরকার, তাও দেশে নেই। নতুন করে তা করা বিপুল ব্যয় ও অনেক সময়সাপেক্ষ।প্রধানমন্ত্রীর উদ্বোধন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল ফেঞ্চুগঞ্জে একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, বেসরকারি খাতের কোম্পানি বারাকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিক্স ৫১ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি স্থাপন করেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে কেন্দ্রগুলো স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, এটি তার একটি। গত বছর ২৪ অক্টোবর থেকে এই কেন্দ্রে উৎপাদন চলেছে।বর্তমান সরকারের আমলে চালু বিদ্যুৎকেন্দ্র ফেনী ২২ মেগাওয়াট, বাড়বকুণ্ড ২২ মেগাওয়াট, জাংগালিয়া ৩৩ মেগাওয়াট, উল্লাপাড়া ১১ মেগাওয়াট, রূপগঞ্জ ৩৩ মেগাওয়াট, হবিগঞ্জ ১১ মেগাওয়াট, মাওনা ৩৩ মেগাওয়াট, মহিপাল (ফেনী) ১১ মেগাওয়াট, শাহজীবাজার ৮৬ মেগাওয়াট, ভোলা ৩২.৮৫ মেগাওয়াট, কুমারগাঁও ১০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ ৫১ মেগাওয়াট, শিকলবাহা (ভাড়াভিত্তিক) ৫৫ মেগাওয়াট।সিদ্ধিরগঞ্জ পিকিং প্লান্ট-১ ১২০ মেগাওয়াট(পিকিং প্লান্ট-১ ’৯৬ আওয়ামী লীগ সরকারের আমলের এবং উপরের কেন্দ্রগুলো বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গৃহীত প্রকল্প) চালুর অপেক্ষায়সিদ্ধিরগঞ্জ পিকিং প্লান্ট-২ ১২০ মেগাওয়াট, শিকলবাহা পিকিং প্ল্যান্ট ১৫০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ সিসিপিপি ৯০ মেগাওয়াট, আশুগঞ্জ (ভাড়াভিত্তিক) ৫৫ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ (ভাড়াভিত্তিক) ৫০ মেগাওয়াট, বগুড়া (ভাড়াভিত্তিক) ২০ মেগাওয়াট, সিলেট ১৫০ ও চাঁদপুর ১৫০ মেগাওয়াটক্রয় কমিটিতে অনুমোদনের পর চুক্তি হয়েছে বা চুক্তির অপেক্ষায়ভেড়ামারা ১০০ মেগাওয়াট, ঠাকুরগাঁও ৫০ মেগাওয়াট, নোয়াপাড়া ১০০ মেগাওয়াট, বরিশাল ৫০ মেগাওয়াট, গোপালগঞ্জ ১০০ মেগাওয়াট, বেড়া ৭০ মেগাওয়াট, সান্তাহার ৫০ মেগাওয়াট, কাঁটাখালী ৫০ মেগাওয়াট, দোহাজারি ১০০ মেগাওয়াট, হাটহাজারী ১০০ মেগাওয়াট, বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট, ফরিদপুর ৫০ মেগাওয়াট, দাউদকান্দি ৫০ মেগাওয়াট।