চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মঞ্জুর আলম নিজ নিজ দলে তাঁদের বিরোধীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপির সমর্থিত চট্টগ্রাম নাগরিক আন্দোলনের প্রার্থী মঞ্জুর গত রোববার গভীর রাতে আকস্মিক দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের চট্টগ্রামের বাসায় যান। এ সময় নোমান তাঁকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে তিনি দাবি করেন।এর আগে আওয়ামী লীগের সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন তাঁর বিরোধী বলে পরিচিত দলের নেতা সেকান্দর হায়াত খান, নুরুল ইসলাম বিএসসি, সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে তাঁদের সহায়তা চান। তিনিও দাবি করেন, দলে কোন্দল মিটে গেছে। তাঁর বিরোধীরা তাঁকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে নোমানের ভিআইপি টাওয়ারের বাসায় যান মঞ্জুর। তিনি রাত দুইটা পর্যন্ত নোমানের বাসায় ছিলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এম নাজিমউদ্দিন ও মাহবুবুর রহমান, নগর বিএনপির সাবেক নেতা কাজী আকবর, শামসুল আলম, এম এ সবুর, নগর যুবদলের সভাপতি আবুল হাশেম, আনোয়ার হোসেন, আবু সালেহসহ অনেক নেতা উপস্থিত ছিলেন।দলীয় সূত্র জানায়, নোমানের বাসায় গিয়ে মঞ্জুর তাঁর পক্ষে কাজ করতে অনুরোধ জানান। জবাবে নোমান বলেন, ‘দল যেখানে আপনাকে প্রার্থী করেছে, সেখানে আপনার পক্ষে কাজ করতে হবে। কীভাবে কাজ করবেন, সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।’সেখানে উপস্থিত নোমানের অনুসারীরা মঞ্জুরকে বলেন, নগরের ১১টি থানা ও ৩৩টি ওয়ার্ডে বিএনপির পাল্টাপাল্টি কমিটি আছে। দুই পক্ষের নেতা-কর্মীদের সমন্বয় করে কাজ করতে পারলে নির্বাচনে ইতিবাচক ফল পাওয়া যাবে। মহিউদ্দিনকে মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।যোগাযোগ করা হলে নোমান প্রথম আলোকে বলেন, ‘বিএনপি মঞ্জুরকে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তাঁর পক্ষে তো কাজ করতেই হবে। সমন্বয় করে কাজ করলে মঞ্জুরের জন্য ভালো হবে।’এর আগে রোববার সন্ধ্যায় মঞ্জুর আলম প্রথম আলোর কাছে দাবি করেন, ‘নগর বিএনপির কোন্দল ধীরে ধীরে কমে আসছে। নোমানের কাছে গেলে কোন্দল আর থাকবে না। আমি আশা করছি, সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করবেন।’নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কোনো কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ত করা হয়নি। আসলে আমরা মাঠের বাইরে আছি। প্রথম শ্রেণীর খেলোয়াড়দের মাঠের বাইরে রেখে অন্যদের দিয়ে খেলতে চাইলে মঞ্জুর কি জিততে পারবেন?’জানা গেছে, মায়ের মৃত্যুর কারণে মঞ্জুর গতকাল কোথাও যাননি। সারা দিন তাঁর কর্নেলহাটের বাসায় ছিলেন।মহিউদ্দিনের তৎপরতা: আওয়ামী লীগের সমর্থন পাওয়ার পর এখন অনেকটা চাঙা মহিউদ্দিন। গতকাল তিনি লালখান বাজার ও পাঠানটুলী ওয়ার্ডে নতুন দুটি ওয়ার্ডভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করে দেন। এ সময় তিনি ওই দুই ওয়ার্ডের নাগরিক কমিটির নেতা-কর্মীদের সঙ্গে কিছু সময় কাটান। রাতে মহিউদ্দিন নন্দনকাননের নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে গিয়ে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেন।মহিউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘দলের সমর্থন নিশ্চিত হওয়ায় এখন আর চট্টগ্রামে কোনো কোন্দল নেই। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আমার জন্য কাজ শুরু করেছেন।’মঞ্জুরের মায়ের জানাজায় মহিউদ্দিন: মহিউদ্দিন গতকাল দুপুরে কর্নেলহাট এলাকায় মোস্তফা হাকিম কলেজের মাঠে মঞ্জুরের মায়ের জানাজায় অংশ নেন। এতে বিএনপির নেতা নোমান ছাড়াও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলাইমান আলম শেঠ, মহানগর জামায়াতের নায়েবে আমির আফসার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। আফসার ও সোলাইমান দুজনই মেয়র প্রার্থী।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মেয়র প্রার্থী মঞ্জুরের মায়ের মৃত্যুর খবর পেয়ে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। তিনি মঞ্জুরের বাসায় যান এবং তাঁর মায়ের কবর জেয়ারত করেন।