গভীর রাতে লোডশেডিং ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে লোডশেডিংকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। মধ্যরাতে যখন সব মানুষ ঘুমায়, যখন বিদ্যুৎ ব্যবহার কম হয়, তখনো লোডশেডিং হয়। আমি একটা উদাহরণ দিলাম। এমন আরও ষড়যন্ত্র হচ্ছে। তারা ক্ষমতা হারানোর প্রতিশোধ নিতে চায় মানুষকে কষ্ট দিয়ে।’প্রধানমন্ত্রী গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জেলহত্যার পুনর্বিচার ও খুনিদের ফাঁসি চাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।এদিকে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বনানী কবরস্থানে জাতীয় চার নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যেখানে চার নেতাকে হত্যা করা হয়, সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহত চার নেতার মধ্যে এ এইচ এম কামরুজ্জামানের কবর রাজশাহীতে। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়।বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা জেলহত্যার বিচার করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘জাতীয় চার নেতার হত্যার বিচার বাংলার মাটিতে করবই করব। আমরা জেলহত্যার বিচার শুরু করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার তা হতে দেয়নি। তারা দেবেই বা কেন? যারা খুনিদের মদদদাতা ও ষড়যন্ত্রকারী, তাদের কাছ থেকে এটা ছাড়া আর কী আশা করা যায়?’প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে খালেদ মোশাররফ, হায়দার ও হুদাসহ অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন। আওয়ামী লীগেরও অগণিত নেতা-কর্মীকে হত্যা করেছেন ও কারাগারে পাঠিয়েছেন। সামরিক আইনের মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন। হাইকোর্ট এগুলো বাতিল করেছেন। ফলে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার সুযোগ এসেছে।বিরোধী দলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতার বাইরে থাকলে জনগণের কথা বলে, আর ক্ষমতায় থাকলে লুটপাট করে। হাজার হাজার টাকা বানায়, আর সাধারণ মানুষ হাহাকার করে। আওয়ামী লীগের নীতি ঠিক এর উল্টো। আওয়ামী লীগ মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার নীতিতে বিশ্বাসী। সরকার এই লক্ষ্যেই কাজ করছে। বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা সংসদেও যাবে না। জনগণের সমস্যা নিয়েও সোচ্চার নয়। তাদের যে কী চিন্তা তারাই জানে?’সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বিরোধীদলীয় নেত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা অফিস করি সকাল নয়টা থেকে। আর উনার অফিস শুরু হয় রাত নয়টায়। তাঁর অফিস শেষ হয় ভোরে। তখন কালো গ্লাসের গাড়িতে করে যুদ্ধাপরাধীদের বাসায় নিয়ে যান। উনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা ইউনিয়ন ও থানায় থানায় যুদ্ধাপরাধীদের তথ্য নিচ্ছি। কেউ তাদের বাঁচাতে পারবে না।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘জিয়া বাংলা লিখতে ও পড়তে পারতেন না। নামটা কোনোরকমে লিখতে পারতেন। তিনি বাংলা শেখার বা লেখার চেষ্টাও করেননি। তাঁর বাবা-মায়ের কবরও বাংলাদেশে ছিল না। বাংলাদেশের প্রতি কীভাবে দরদ থাকবে?’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জেলহত্যার পুনর্বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে। নতুবা অশুভ শক্তি আবারও ঝাঁপিয়ে পড়বে। সময় বেশি নেই। মাত্র তিন বছর হাতে আছে। তাদের বিচার হলে দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।কর্মসূচি: জেলহত্যা দিবস উপলক্ষে বেশ কিছু সংগঠন বনানীতে জাতীয় তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। অনেক সংগঠন মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনগুলো হলো: জাতীয় শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী তরুণ লীগ, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ।