আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ৩৫ বছর আগে এই দিনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বর্বর ঘাতকদের বুলেটে নিহত হন। দেশের বাইরে থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে যান তাঁর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ছয়টায় দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপরই আওয়ামী লীগের মন্ত্রী, সাংসদ, বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন।ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান। যেখানে সমাহিত করা হয়েছে তাঁর মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্য এবং ১৫ আগস্ট নিহত অন্যদের। মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।এদিকে আজ দেশের সব সরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জাতীয় শোক দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। দিবসটি দেশব্যাপী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালন করছে জাতি।