গভীর শ্রদ্ধায় পালিত হলো সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।সার্জেন্ট জহুরুল হক ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলায় বন্দী অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের প্রধান ফটকে সকাল সাতটায় সার্জেন্ট জহুরুল হকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীরা সকাল সাতটা ৩০ মিনিটে আজিমপুরে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।পরে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অন্যদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী আজ সকালে আজিমপুর কবরস্থানে জহুরুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।উল্লেখ্য, আগরতলা মামলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামিসহ অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ডেপুটি স্পিকার শওকত আলী ২৬ নম্বর আসামি ছিলেন।