গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের আর্থিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের কাছে এবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। অনুদান বা সহজ শর্তে ঋণ—যে প্রক্রিয়ায়ই সহযোগিতা করা যায়, তা বিবেচনা করতে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ঢাকায় চীনা দূতাবাসকে চিঠি দিয়ে অনুরোধ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত শনিবার প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আসন্ন বেইজিং সফরের সময় আলোচ্যসূচিতে বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সূত্রমতে, এখন পর্যন্ত এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে চীন। জানা গেছে, মিয়ানমার হয়ে ত্রিদেশীয় সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠা এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে সম্পর্ককে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত এক বছরে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ের সফরে এ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। ঢাকা থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত সড়ক যোগাযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে আগামী বছরের শুরুতে একটি মোটর শোভাযাত্রার আয়োজনে রাজি হয়েছে বাংলাদেশ ও চীন। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য চিঠি: ইআরডি সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট ঢাকায় চীনা রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন এককভাবে কিংবা অন্য উন্নয়ন-সহযোগীদের সঙ্গে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘চিঠিতে আমরা তাদের কাছে অনুদান কিংবা সহজ শর্তে ঋণ— যেভাবে হোক সহযোগিতা দেওয়ার বিষয়টি যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছি।’ নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘দুই সপ্তাহ আগে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানয়ি সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন। তখন ইআরডির চিঠির প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতা দিতে তাঁর দেশ রাজি আছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মার্চে তাঁর বেইজিং সফরের সময় গভীর সমুদ্রবন্দরের বিষয়ে চীনের সহযোগিতা চান। গত জুনে চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপেংয়ের ঢাকা সফরের সময় বিষয়টি আবারও আলোচনায় আনেন শেখ হাসিনা। ওই সময় চীনের ভবিষ্যতের শীর্ষনেতা হিসেবে বিবেচিত শি জিনপেং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, এ বিষয় তাঁর দেশ বাংলাদেশকে সহায়তা করবে। এ ব্যাপারে বাংলাদেশকে সুনির্দিষ্ট করে জানাতে হবে, তারা কী ধরনের সহযোগিতা চায়।পররাষ্ট্রমন্ত্রীর সফর: কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাঁচ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ১০ অক্টোবর চীন যাচ্ছেন। ওই সফরের সময় তিনি বেইজিংয়ে অনুষ্ঠেয় বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েসির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপেংয়ের সঙ্গে দীপু মনির সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় ত্রিদেশীয় সড়ক ও রেল যোগাযোগ এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতার প্রসঙ্গগুলো প্রাধান্য পাবে। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফরের সময় ঢাকা ও সিচুয়ান প্রদেশের রাজধানী সেংদুর সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। ঢাকা ও সেংদুর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে ওই সমঝোতা স্মারক সই করা হচ্ছে। মোটর শোভাযাত্রা: আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনকে নিয়ে একটি কার শোভাযাত্রা হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, চীনের কুনমিং থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট হয়ে কলকাতায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।মূলত বাংলাদেশ-মিয়ানমার-চীন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা ওই আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে ত্রিদেশীয় সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় অবকাঠামো কতটা উপযোগী, সেটি ওই শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে যাচাই করা হবে।