গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা চাওয়া হবে। তা ছাড়া দেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তরের লক্ষ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে।আজ রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী ১৭ মার্চ দুপুরে বেইজিং যাচ্ছেন।এ সফরে প্রধানমন্ত্রী ১৮ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাওয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। এ ছাড়া তিনি সে দেশের প্রেসিডেন্ট হু জিনতাওসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে দেখা করবেন। মিয়ানমার হয়ে চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ২০ মার্চ প্রধানমন্ত্রীর চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফর করার কথা রয়েছে।দীপু মনি বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, টেলিযোগাযোগ, কৃষি, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।দীপু মনি জানান, এ সফরে সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, শাহজালাল ইউরিয়া সার কারখানা স্থাপন ও ঋণ-সহায়তাসহ বেশ কয়েকটি চুক্তি সই হবে।