প্রধানমন্ত্রীর সফরে তিনটি চুক্তি সই হবে
গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পে বেইজিংয়ের সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া দেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তরের লক্ষ্যে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হবে। এ সফরকালে উন্নয়ন সহায়তার ব্যাপারে কমপক্ষে তিনটি চুক্তি সই হবে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন হয়। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা আগামী ১৭ মার্চ দুপুরে চীন যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী ১৮ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। তিনি সে দেশের প্রেসিডেন্ট হু জিনতাওসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গেও দেখা করবেন। মিয়ানমার হয়ে চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে সড়ক-রেল যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ২০ মার্চ শেখ হাসিনার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফর করার কথা রয়েছে। দীপু মনি বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সড়ক ও রেলযোগাযোগ, জ্বালানি, টেলিযোগাযোগ, কৃষি, বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে আলোচনায় প্রাধান্য পাবে দুই দেশের মধ্যে সড়ক ও রেলযোগাযোগ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তার বিষয়। সার্বিক বিবেচনায় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি।’ এ সফরের সময় কয়টি চুক্তি সই হবে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত তিনটি চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি, শাহজালাল সার কারখানা স্থাপনের লক্ষ্যে রূপরেখা চুক্তি এবং সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের চুক্তি। তিনি জানান, এ ছাড়া অন্য বিষয়ে সহায়তার লক্ষ্যে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে আসন্ন শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হবে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘চট্টগ্রাম ও মংলাবন্দরকে আমরা আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। আমরা শুধু ভারত নয়, নেপাল ও ভুটানকেও বন্দর দুটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই বন্দরের ক্ষমতা বাড়াতে মানোন্নয়ন করতে চাই, যাতে করে এ অঞ্চলের দেশগুলো বন্দর ব্যবহার করতে পারে। এ ক্ষেত্রে চট্টগ্রাম-কুনমিং রেল ও সড়ক যোগাযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ। মিয়ানমার হয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের এ প্রস্তাব চীনের দেওয়া, এ ব্যাপারে ইতিমধ্যে আমরা সম্মতি দিয়েছি।’ তিনি বলেন, ‘দেশকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দু করার অংশ হিসেবে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে চাই। এ ব্যাপারে আমরা চীনের সহায়তা চাইব।’ বাণিজ্য ঘাটতি মেটাতে চীনের কাছে কী ধরনের সহায়তা চাওয়া হবে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন এরই মধ্যে বেশ কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি চীনকে তার শ্রমঘন শিল্প স্থানান্তরের অনুরোধ জানানো হবে। চীনের সঙ্গে প্রতিবেশী মিয়ানমারের সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে বাংলাদেশের নিকট প্রতিবেশী মিয়ানমার। কিন্তু দুই দেশের মধ্যে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন ও সমুদ্রসীমা নির্ধারণের মতো সমস্যাগুলো দীর্ঘদিন অমীমাংসিত রয়ে গেছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফরের সময় চীনের সহযোগিতা চাওয়া হবে কি না, প্রশ্ন করা হলে দীপু মনি বলেন, ‘যেহেতু তাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক আছে, মিয়ানমারের সঙ্গে অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধানে চীনের সহায়তা চাইব।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।