গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান করবে বিদেশি কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল বিধায় আপাতত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে। তবে গভীর সমুদ্রের ব্লকে বাপেক্সের জন্য ১০ শতাংশ ক্যারিড ইন্টারেস্টের বিধান রাখা হয়েছে।আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রের সম্পদ আহরণের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিত করা প্রয়োজন। সমুদ্রে দ্বিপক্ষীয় সীমানা নির্ধারণের পর সম্পদ আহরণের জন্য সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। সমুদ্রের জলরাশি এবং তলদেশে বিদ্যমান জৈব ও খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন এবং ব্যবহারের জন্য স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ জনবল নেই। দক্ষ জনবল তৈরি করতে সরকার ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষাদানের উদ্যোগ নিয়েছে। বঙ্গোপসাগরের মাছ ও জৈব সম্পদ অহরণের জন্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষায়িত জাহাজ কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে।সংসদ নেতা শেখ হাসিনা আরও বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধসংক্রান্ত মামলার রায়ের পর গভীর সমুদ্রে উত্পাদন বণ্টন চুক্তির মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৩ এপ্রিল আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায়ের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রসীমা চিহ্নিত করবে। সরকার সে অনুযায়ী ব্লক ম্যাপ তৈরি করে পিএসসি বিল্ডিং রাউন্ডের আয়োজন করবে। আমাদের শিল্প, বাণিজ্য ও গৃহায়ণ খাতে জ্বালানির যে চাহিদা, তা পূরণের জন্য সমুদ্রের তেল ও গ্যাসের অনুসন্ধান জরুরি। গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল বিধায় আপাতত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মাধ্যমে পিএসসির আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে। তবে গভীর সমুদ্রের ব্লকে বাপেক্সের জন্য ১০ শতাংশ ক্যারিড ইন্টারেস্টের বিধান রাখা হয়েছে। সে জন্য বাপেক্সকে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।সমুদ্র বিজয় উপলক্ষে এক দিন সরকারি ছুটি ঘোষণা করা হবে কি না, সুলতানা বুলবুলের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ছুটি না। কাজ চাই। আরও বেশি কাজ চাই। একটা কিছু হলেই ছুটি কেন? ছুটি হলে ঘরে বসে থেকে লাভ কী? ছুটি হলে তো আনন্দ নেই। সবাই মিলে জনগণের উন্নয়নে কাজ করতে পারলেই বেশি আনন্দ। বরং কর্মঘণ্টা বাড়িয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করব।’ বজলুল হারুনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে স্বাধীনতা যুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অ্যাক্ট-২০০৯ প্রণয়ন করা হয়েছে এবং গঠিত ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। আশা করা যায়, শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন হবে।মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতাবিরোধী শক্তি অধিষ্ঠিত থাকায় জাতির জনকের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের আওতাধীন লাভজনক প্রতিষ্ঠানগুলো সুপরিকল্পিভাবে বন্ধ করে দেওয়া হয়।প্রশ্নোত্তরের আগে বিকেল সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরু হয়।