গভীর সমুদ্রে ভারতীয় জেলেদের ভরসা বাংলাদেশ বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হওয়া প্রবল বর্ষণ এখনো থামেনি। আজ রোববারও কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। আর গভীর সমুদ্রে ভারতীয় মত্স্যজীবীদের এখন একমাত্র ভরসা বাংলাদেশ বেতার।জানা গেছে, কাক-দ্বীপ ও দীঘা সমুদ্রবন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিখোঁজ ৩৩টি ট্রলারের মধ্যে ২৯টি ট্রলারের সন্ধান মিললেও এখনো সন্ধান মেলেনি দুটি ট্রলারের। অন্যদিকে সমুদ্রে দিক-ভ্রান্ত হয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছেন চারটি ট্রলারসহ পাঁচটি ট্রলারের মত্স্যজীবীরা। একটি ট্রলার ডুবে গেলে ওই ট্রলারের মত্স্যজীবীরাও অন্য ট্রলারে করে বাংলাদেশে ঢুকে পড়েন। ওইসব ট্রলারের ৭৯ জন মত্স্যজীবী আশ্রয় নিয়েছেন পটুয়াখালীর কলাপাড়া থানায়। এসব মত্স্যজীবীর কলাপাড়া থানা স্থানীয় আদালতের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন।এদিকে গভীর সমুদ্র থেকে নিরাপদে ফিরে আসা ভারতীয় মত্স্যজীবীরা বলেছেন, সমুদ্রে ঝোড়ো হাওয়া সম্পর্কে আগাম কোনো সতর্কতা আকাশবাণী দিতে ব্যর্থ হওয়ায় তাঁরা বাংলাদেশ রেডিওর খবরের ওপর ভিত্তি করে জীবন নিয়ে গভীর সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন। বাংলাদেশ রেডিওর ওপরই যে সুন্দরবন ও দীঘা উপকূলের মত্স্যজীবীরা বেশি আস্থা রাখেন, সে কথা নির্দ্বিধায় জানিয়েছেন মত্স্যজীবীরা।সুন্দরবনের এক ট্রলার-মালিক কে কে দাস অভিযোগ করেছেন, সমুদ্রে কলকাতা রেডিওর কোনো আগাম সতর্কবার্তা শোনা যায়নি। বরং সেখানে বাংলাদেশের রেডিওতে প্রচারিত বার্তা অনেক স্পষ্ট শোনা যায়। তা ছাড়া আগাম সতর্ক করার ব্যাপারে বাংলাদেশ বেতার যতটা তত্পর, সেই তুলনায় আকাশবাণী ততটা তত্পর নয়। গত সোমবার যখন মত্স্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে রওনা হয়েছিলেন, তখন আবহাওয়া ভালো ছিল। মঙ্গলবার থেকে আবহাওয়ার অবনতি ঘটে। কিন্তু সেই খবর আগাম জানাতে আকাশবাণী ব্যর্থ হয়েছে। আকাশবাণীর মগরা ট্রান্সমিটারটির সুইচ সেদিন বন্ধ ছিল মেরামতের জন্য। ফলে সেদিন সমুদ্রে আকাশবাণীর সতর্কবার্তা একরকম শোনাই যায়নি। বাংলাদেশ রেডিওর সতর্কবার্তা শুনেই সবাই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছিলেন।উল্লেখ্য, কলকাতার বহু এলাকা এখনো পানির নিচে। পৌরসভা পাম্প মেশিন বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করলেও এখনো জলাবদ্ধতা সরানো যায়নি।