আইসক্রিমের সঙ্গে সাজগোজের সংযোগটা কতখানি, সে হিসাব না করে বরং একটা কথা হজম করে নিন—সেটা হলো ভদ্র ভাষায় আইসক্রিমের দোকানকে বলা হয় ‘আইসক্রিম পারলার’। কেন বলা হয়, সে তর্কে না-ই বা গেলেন। বরং আমাদের প্রতিবেদক কাওছার শাকিলের কাছ থেকে জেনে নিন ঢাকা শহরের কয়েকটি আইসক্রিম পারলারের আইসক্রিমের বাহারি স্বাদের খবর।চৈত্রের এমন গনগনে গরমে আইসক্রিমের নাম শুনলে চোখ চকচক করে না, অথবা জিভ দিয়ে জল ঝরে না—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এমন ঝলসানো রোদের দিনে মিষ্টিমধুর স্বাদ আর বরফশীতল ছোঁয়ায় কলজেটাকে একটু ঠান্ডা করতে পারে যে জিনিস—সেটা হলো আইসক্রিম। কিন্তু পাড়ার দোকানে দোকানেও তো আইসক্রিম পাওয়া যায়, তাহলে এ নিয়ে আর আলাদা করে কেত্তন করার কী আছে? তার চেয়ে বরং শহরের বনেদি আইসক্রিমের দোকানের দুর্দান্ত আইসক্রিমেরই গুণকীর্তন হোক! আইসক্রিমের কথা এলেই যে নামটা আগেভাগে মনে আসে, তার নাম ‘ইগলু’। তবে যেমনটা আগেই বলা হয়েছে, এ তো পাড়ার কাঠিওয়ালা আইসক্রিমের গল্প নয়। তাই এই ইগলু হলো ‘ইগলু জিলাটেরিয়া’। বাজারের দোকানে ইগলুর যেসব আইসক্রিম মেলে, এখানে সেগুলো পাবেন না। এখানে আইসক্রিম বিক্রি হয় স্কুপ হিসেবে। আইসক্রিম তোলার বিশেষ চামচে একবারে যতটুকু আটে, তাই এক স্কুপ। ইগলু জিলাটেরিয়াতে প্রায় ২০ ধরনের স্বাদের আইসক্রিম পাওয়া যায়। চকলেট চিপস, মাদাগাস্কার ভ্যানিলা, বাটার স্কচ, রিচ চকলেট, ট্রুটি ফ্রুটি, চকো ব্রাউনি কিংবা সুইস অ্যালমন্ড চকলেট, যেটা খুশি বেছে নিতে পারেন আপনি। আর আইসক্রিম খাওয়ার জন্য কাপ কিংবা ওয়েফার কোন—যেটাই বেছে নিন না কেন, দাম পড়বে ৪০ থেকে ৬০ টাকা। এর সঙ্গে ১৫ টাকা বাড়তি দিয়ে আইসক্রিমের ওপর নিতে পারেন নাটস, ওয়েফার, অ্যালমন্ড, চকলেট সস কিংবা স্ট্রবেরি সসের টপিং। কামাল আতাতুর্ক এভিনিউ, পল্টন স্কাউটস মার্কেটের নিচতলায় এবং ইস্টার্ন প্লাজায় ইগলু জিলাটেরিয়ার আইসক্রিম চাখতে পারবেন।মিরপুর সড়কের অরচার্ড পয়েন্টের নিচ তলাতে আছে ‘ডলসি ভিটা’। ১২ রকমের আইসক্রিম পাওয়া যায় এখানে। বাটার স্কচ, ভ্যানিলা বাটার ব্রিটল, মিস্ট্রি, পিস্তাচিও অথবা জোমোকা নাটের স্বাদ চেখে দেখা যাবে এখানে। আইসক্রিমভেদে প্রতি স্কুপ ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে ওঠানামা করে। অরচার্ড পয়েন্ট ছাড়াও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ৮-এ আছে ডলসি ভিটা।এন্ডারসানস আইসক্রিম একটি বিশ্বখ্যাত আইসক্রিম চেইন। ডেনমার্কের এই প্রতিষ্ঠানটি নানা স্বাদের আইসক্রিমের জন্য বিখ্যাত। গুলশান-১ এন্ডারসানসের আইসক্রিম পারলারের মাল-মসলা আসে সরাসরি ডেনমার্ক থেকে। প্রায় ১৫-১৬ ধরনের আইসক্রিম সবসময় পাওয়া যায় এখানে। বানানা ফাজ, ফ্রুট অব ফরেস্ট, টফি অ্যান্ড ক্রিম, চকো মাইলো, ভ্যানিলা, ব্লুবেরি, বেলজিয়ান চকলেট, ড্যানিশ নাগেট অথবা স্ট্রবেরির স্কুপে বেছে নিতে পারেন বিদেশি আইসক্রিমের স্বাদ। এক স্কুপের দাম ১০০ টাকা। দুই স্কুপ নিলে ১৯০ টাকা। কাপ কিংবা ওয়েফার কোনে নিলে একই দাম পড়বে। তবে যদি চকলেটের আবরণসুদ্ধ কোনে করে আইসক্রিম খেতে চান, সে ক্ষেত্রে ২০ টাকা বাড়তি যোগ করতে হবে। এর সঙ্গে আরও ২০ টাকা বাড়তি দিয়ে মধু, ক্যারামেল, স্ট্রবেরি অথবা হট চকলেটের ‘টপিং’ জুড়ে নিতে পারেন। ডেনমার্কের এ আইসক্রিমের স্বাদ গুলশান-১ ছাড়াও ধানমন্ডি, উত্তরা অথবা শান্তিনগরে এন্ডারসানসের দোকানে পাওয়া যাবে।সুইজারল্যান্ডের ‘খাঁটি’ আইসক্রিম নিয়ে অপেক্ষা করছে মুভ এন পিক। এ আইসক্রিম একদম তৈরি অবস্থায় সরাসরি সুইজারল্যান্ড থেকে ঢাকায় আসে। এ আইসক্রিমে কোনো কৃত্রিম রং বা স্বাদ মেশানো হয় না। মাদাগাস্কার থেকে আসা প্রাকৃতিক ভ্যানিলা, কিংবা সুইজারল্যান্ডের সেরা চকলেটের সঙ্গে সত্যিকারের দুধ আর ক্রিম মিশিয়ে তৈরি হয় ভ্যানিলা আর চকলেট আইসক্রিম। এমনি করেই তৈরি হয় তাদের ২১টি ফ্লেভারের প্রতিটি আইসক্রিম। পিচ মেলবা, রোমান অফ, চকলেট, স্ট্রবেরি কিংবা এক্সপ্রেসো কফি আইসক্রিম যেকোনোটা পরখ করে দেখতে পারেন। আইসক্রিমও যে একটা শিল্প হয়ে গেছে, সেটা টের পাবেন মুভ এন পিকের আইসকফি খেলে। এক্সপ্রেসো কফি আইসক্রিম, চকলেট কফি সস, ক্রিম আর কফি বিন দিয়ে তৈরি হয় এ আইসকফি। এর মধ্যে থাকে কুড়মুড়ে স্বাদের ওয়েফার। আইসক্রিমের হিম হিম পরশ আর আসল কফি বিনের চনমনে মনমাতানো স্বাদ—একবার যদি এর স্বাদ নেন, চট করে ভুলে যাবেন না সে কথা নিশ্চিত ধরে নিতে পারেন। গুলশান-২, বেইলি রোড আর বসুন্ধরা সিটির নিচ তলায় রয়েছে মুভ এন পিকের শাখা। ১০৫ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে পছন্দসই আইসক্রিম পাওয়া যাবে এখানে।