গরম তাড়াতে হাতপাখা
পাখা থাকে পাখির। এই তাতানো গ্রীষ্মের দিনে পাখা বললে পাখির পাখা নয়, গা জুড়ানোর জন্য হস্তচালিত যে বস্তুটির কথা মনে পড়ে সেটি বৃত্তাকার। প্রধানত তালপাতার তৈরি। অভিধানে এর নাম ‘তালবৃন্তক’। নিরতিশয় বিদ্যুৎ-বিভ্রাটকবলিত প্রযুক্তিনির্ভর যুগেও গরমের দুর্ভোগ থেকে স্বস্তির জন্য আদি ও অকৃত্রিম হাতপাখার ওপরই নির্ভর করতে হচ্ছে এখনো। তাই শীতাতপ-নিয়ন্ত্রণযন্ত্র ও যান্ত্রিক পাখার প্রবল প্রতাপের কালেও কদর কমেনি হাতপাখার। সুচিত্রা সূত্রধর ও তাঁর পুত্রবধূ সন্ধ্যারানী নিবিষ্ট মনোযোগে পাখা বুনছিলেন বাংলা একাডেমীর মাঠে, বৈশাখী মেলায়। তালপাতার নয়, রঙিন সুতার নকশা তোলা ঘোরানো পাখা। ঐতিহ্যবাহী কারুপণ্য তৈরির প্রক্রিয়ার সঙ্গে নগরবাসীর পরিচয় করিয়ে দিতে বিসিক এ মেলায় ‘কর্মরত কারুশিল্পী’ নামে একটি আলাদা জায়গা করেছে। সেখানেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রঘুভাঙ্গা গ্রামের এ দুই কারুশিল্পী এসেছেন পাখা বানাতে। জানালেন, খুব ভালো বিক্রি হচ্ছে তাঁদের পাখা। তৈরি করে কুলিয়ে উঠতে পারছেন না। ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত প্রতিটি পাখার দাম।বহুকাল থেকে পারিবারিকভাবে পাখা তৈরি করছেন সুচিত্রা সূত্রধরেরা। রঘুভাঙ্গায় এখন ১২টি পরিবার নিয়োজিত এ কাজে। সুচিত্রা সূত্রধরের দোকান আছে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে। সেখানে সারা বছরই পাখা বিক্রি হয়। হাওয়া খাওয়া ছাড়াও লোকে ঘর সাজানো বা বিয়ের গায়ে-হলুদের অনুষ্ঠানের জন্য এসব সুদৃশ্য পাখা কেনেন। পদ্ম, শতফুল, ঊনিশকাঁটা, সংকলন, বরফি, শিঙারা, শঙ্খ, আয়নাকোটা, শঙ্খপদ্ম, ঝুরিফুল, চালতা ফুল, পানপাতা, তারাফুল, চারমাছ, হাতিবান্ধা, মোরগ, চৌখুপি, চক্র—এসব হলো পাখার নকশার নাম। এমন আরও অনেক নকশা আছে। কোনো কোনো নকশার মধ্যে আয়নার টুকরোও বসানো হয়। শাশুড়ি ও পুত্রবধূ জানালেন, চিকন বুননের নকশায় একটি বড় পাখা করতে পুরো এক দিন লেগে যায়। তাঁরা ২৭০ টাকা পাউন্ডের উন্নত চীনা সুতোয় পাখা বোনেন। একটি পাখা তিন-চার বছর পর্যন্ত চলে যায়। প্রথমে বাঁশের কাঠি দিয়ে বৃত্ত তৈরি করে নিতে হয়। এর নাম মূলট। এর ওপরেই সুতোর বুনন। সরু চোঙের মধ্য দিয়ে হাতলের সঙ্গে মূলট জুড়ে তার চারপাশে লাল কাপড়ের ঝালর দিয়ে হাতলের ওপরের মাথায় রঙিন সুতোর মোড়ন দিলেই পাখা তৈরি সম্পন্ন হয়। এ তো গেল সুতোর তৈরি বাহারি পাখার বয়ান। সচরাচর যে তালপাতার পাখা হাতে হাতে ঘুরে বা দুলে দুলে গরম তাড়ায়, তারও বেশ রকমফের আছে। পাটির মতো বুনন বা বাঁশের দুই কাঠির মাঝখানে সুতোয় গাঁথা ভাঁজ করে রাখার পাখা প্রভৃতি।আরও এক রকমের পাখা ছিল, তাকে বলা যেতে পারে ছাদে ঝোলানো বৈদ্যুতিক পাখার আদি রূপ। লম্বা কাঠের সঙ্গে লাল শালুতে কিনার মোড়ানো পাটি জুড়ে দিয়ে আংটা দিয়ে ঝোলানো হতো ছাদে। তাতে বাঁধা দড়ি অদূরবর্তী কেউ টানতেন মৃদু লয়ে। ছিল জমিদার বা তালুকদারবাড়িতে। কিছুকাল আগে আদালতের এজলাসেও এসব পাখা দেখা গেছে। যাঁরা এ পাখা চালনা করতেন তাঁদের বলা হতো ‘পাংখাবরদার’। শোনা যায়, এদেশীয় গরমে অতিষ্ঠ ব্রিটিশ সাহেবেরা ছিলেন এর উদ্ভাবক! এর আগে ছিল আরও অভিজাত ব্যবস্থা। রাজা-মহারাজাদের ব্যজন করতে চামর দোলানো হতো। তো বিদ্যুতের অবস্থা যা, তাতে মনে হচ্ছে সেই চামর দোলানো ব্যবস্থায় ফিরে যেতে না হয়!