গরম মসলার বাজারও গরম
খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায়, যদি তাতে ছোঁয়া লাগে হরেক রকম মসলার। তাই শৌখিন লোকেরা তো বটেই, কম আয়ের মানুষও খাবারে ব্যবহার করেন মসলা। কিন্তু এই মসলাই যখন কিনতে হয় চড়া দামে, তখন খাবারে স্বাদ এলেও মনের স্বাদ অনেকটাই উবে যায়।গত দু-তিন মাসে দফায় দফায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় মসলার দাম। এর মধ্যে দু-একটি মসলার দাম সম্প্রতি কমলেও বাকি মসলার বাজারে শুধুই নৈরাজ্য। আক্ষরিক অর্থেই তাই ‘গরম মসলা’ নামটি এখন সার্থক।লবঙ্গ তো এখন অনেকে খাওয়াই ছেড়ে দিয়েছেন। এলাচ, গোলমরিচ, কাঠবাদাম, পেস্তা, পোস্তদানার ব্যবহারও কমে গেছে। গত এক মাসে পাইকারি বাজারেই বেশির ভাগ মসলার দাম বেড়েছে ৫০ থেকে ২০০ টাকা, আর লবঙ্গের দাম এক হাজার টাকা বেড়েছে। খুচরা বিক্রেতারাও তাই মসলা বিক্রি করছেন চড়া দামে।বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে পাইকারি বাজারে মসলার দাম বাড়ছে। উৎপাদন কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়েছে। তা ছাড়া টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় বেশি দামেই মসলা আমদানি করতে হচ্ছে।লবঙ্গ: মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি লবঙ্গের পাইকারি দাম এখন দুই হাজার টাকা। এক মাস আগেও এই মসলার দাম ছিল এক হাজার টাকার নিচে।কারণ জানতে চাইলে মসলা আমদানিকারকদের দাবি, আগে প্রতি টন লবঙ্গ আমদানি করা যেত পাঁচ হাজার ডলারে। কিন্তু এই বছর ফলন ভালো না হওয়ায় এখন আমদানি করতে হচ্ছে ২২ হাজার ডলার দিয়ে। তাই দামও বেশি।১০০ গ্রাম লবঙ্গ এখন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়। সে হিসাবে খুচরা দোকানে লবঙ্গের কেজি পড়ে ২৫০০ থেকে ২৭০০ টাকা।এলাচ: পাইকারি বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হয় ১৬০০ থেকে ১৭০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এর দাম কমেছে। মাস খানেক আগে বিক্রি হতো ২৫০০ থেকে ৩০০০ টাকায়।বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতারা এলাচ বিক্রি করছেন ২৬০০ থেকে ২৭০০ টাকায়। তাঁরা বলছেন, এই এলাচ ২৪৫০ টাকায় কিনেছিলেন। তাই বেশি দামে এখন বিক্রি করতে হচ্ছে।দারচিনি: বর্তমানে এক কেজি দারচিনি পাইকারিতে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। এক মাস আগে এর দাম ছিল ১৯০ টাকা। তবে রাজধানীর খুচরা দোকানে দারচিনি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি।জিরা: দেশে জিরা আসে কয়েকটি দেশ থেকে। এর মধ্যে ভারতের পাটনা, সিরিয়া ও ইরানের জিরাই রান্নায় বেশি ব্যবহূত হয়। ভারতের জিরা ৪০০ থেকে ৪২০, ইরান ও সিরিয়ার জিরা ৪৫০ থেকে ৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রতি ধরনের জিরার দামই অন্তত ৫০ টাকা করে বেড়েছে।খুচরা দোকানে জিরা বিক্রি হয় ৫০০ থেকে ৫৩০ টাকায়। ১০০ গ্রাম জিরার দাম ৫০ থেকে ৫৩ টাকা।গোলমরিচ: পাইকারিতে কালো গোলমরিচ বিক্রি হচ্ছে ৭৬০ টাকা কেজি। মাস খানেক আগেও এর দাম ছিল ৬৫০ টাকা। খুচরা দোকানে কালো গোলমরিচের কেজি ৮০০ টাকা, আর সাদা গোলমরিচের দাম এখন ৯৮০ থেকে ১০০০ টাকা। এক মাস আগেও এর দাম ১০০ টাকা কম ছিল।জৈয়ত্রী ও জায়ফল: পাইকারি ব্যবসায়ীরা জৈয়ত্রী বিক্রি করেন ৩২০০ টাকা কেজি। তাঁরা বলছেন, দাম অনেক বেড়ে এই দামে দুই মাস ধরে স্থির আছে মসলাটি। খুচরা দোকানে জৈয়ত্রী বিক্রি হয় ৩৫০০ থেকে ৪০০০ টাকায়।পাইকারি বাজারে জায়ফল বিক্রি হয় ৯২০ থেকে ৯৪০ টাকায়। ব্যবসায়ীদের ভাষ্য, গত এক মাসে এই মসলার দাম খুব একটা বাড়েনি।অবশ্য খুচরায় জায়ফল কেজি বা গ্রাম কোনোভাবেই বিক্রি হয় না। বিক্রি হয় প্রতিটি হিসেবে। প্রতিটি জায়ফল ১০ টাকা। বিক্রেতারা বলেন, এক কেজি জায়ফল কিনলে অর্ধেকই নষ্ট হয়ে যায়। তাই এর দাম বেশি। নইলে প্রতিটি জায়ফল পাঁচ টাকারও কমে বিক্রি করা যেত।কিশমিশ: ঈদে সবচেয়ে প্রয়োজনীয় পণ্যটি হলো কিশমিশ। এর পাইকারি মূল্য ৩৩০ থেকে ৩৪০ টাকা কেজি। এক মাস আগেও ছিল ২৬০ থেকে ২৭০ টাকা। খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৪০০ টাকায়।জাফরানের কেজি এক লাখ ৪০ হাজার: রান্নায় সামান্য জাফরানই ঘ্রাণ ছড়িয়ে দেয় পুরো খাবারে। এই সুগন্ধি মসলার দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে। এক কেজি জাফরানের দাম এক লাখ ৪০ হাজার টাকা। অবশ্য খুচরা দোকানে জাফরান বিক্রি হয় ১০ গ্রাম করে। পাইকারিতেই এক গ্রামের দাম পড়ে ১৪০ টাকা।পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত এক মাসে জাফরানের দাম কমেছে। গত মাসে জাফরান বিক্রি হয়েছে তিন লাখ টাকা কেজি।