গরম হয়ে চলেই গেলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি সম্প্রচার করা হচ্ছিল টেলিভিশনের অনুষ্ঠানটি। দর্শক সারিতে বসা বিভিন্নজনের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একপর্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁদের শিক্ষক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তারের প্রসঙ্গটি তোলেন। এতেই মেজাজ গরম হয় মমতার। দুই-চার কথা ঝাঁজ ঝেড়ে সেখান থেকে চলে যান তিনি।গতকাল শুক্রবার সিএনএন-আইবিএন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মমতার ব্যঙ্গচিত্র ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অম্বিকেশকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘এটা ব্যঙ্গচিত্র নয়। ব্যঙ্গচিত্র আমরা ভালোবাসি। ব্যঙ্গচিত্র ভিন্ন বিষয়। তিনি আসলে (অম্বিকেশ) সিপিআই-এমের লোক। তিনি তাঁর সমাজের লোকদের সম্মতি না নিয়ে ই-মেইলের অপব্যবহার করেছেন। তিনি এটা ৬০ জনকে পাঠিয়েছেন।’মমতা দাবি করেন, ‘ওই অধ্যাপক বুদ্ধিজীবী নন, তিনি সিপিএমের চর।’অনুষ্ঠানের সঞ্চালককে মমতা বলেন, ‘নির্বাচনের পর সিপিএম হাজার হাজার সিডি পাঠিয়েছে। তুমি যদি একজন নারী হও, আর তা যদি দেখতে, তুমিও লজ্জিত হতে। সিপিএম ও মাওবাদীরা একসঙ্গে কাজ করছে।’মমতা দাবি করেন, “ওই কার্টুনে লেখা বার্তায় ‘বিলীন’ শব্দ ছিল। এটা আমাকে হত্যার ষড়যন্ত্র এবং এ ষড়যন্ত্র সিপিএম-সমর্থিত। তিনি (অম্বিকেশ) যা করেছেন, তা সাইবার অপরাধ। এটা কার্টুন নয়। এটা আমাকে হত্যার রাজনৈতিক ষড়যন্ত্র।”মমতা দাবি করেন, তাঁর সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বলেন, ‘তা না হলে তিনি (অম্বিকেশ) কারাগারে যেতেন। তিনি একটা খারাপ কাজ করেছেন। তিনি ই-মেইলের অপব্যবহার করেছে। আমি জানি, মাওবাদী ও সিপিএম এ-সংক্রান্ত প্রশ্ন তুলছে।’যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মমতাকে প্রশ্ন করার জন্য দাঁড়ালে মমতা তাঁকে পাল্টা প্রশ্ন করেন, ‘এখানে কেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেই? আরও অনেক বিশ্ববিদ্যালয় তো আছে। তুমি বলো, অন্যেরা নেই কেন?’ওই ছাত্রীকে মমতা বলেন, ‘তুমি কি মাওবাদী?’ ওই ছাত্রী বলেন, ‘না, আমি মাওবাদী নই।’অন্য এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমরা মাওবাদীদের সমর্থন করি না। প্রশ্ন করার মতো আরও অনেক বিষয় আছে। এখানে এসব কী হচ্ছে? এখানে সব মাওবাদী। তারা মাওবাদী শিক্ষার্থী। আমি মাওবাদী ও সিপিএমের প্রশ্নের উত্তর দেব না। আমি সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেব।’মাওবাদী দর্শকদের বিষয়ে ইঙ্গিত করে সরাসরি প্রচারিত অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার আগে সঞ্চালকের উদ্দেশে মমতা বলেন, ‘তুমি এটা আমাকে আগে বলোনি।’