গরমে গা জুড়াতে শীতলপাটি
একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে অতিথি এলে বসতে দেওয়া হতো পাটিতে। গৃহকর্তার বসার জন্যও ছিল বিশেষ ধরনের পাটি। বর্তমানে হিন্দুদের বিয়ের অন্যতম অনুষঙ্গ শীতলপাটি। গরমকালে শীতলপাটির কদর একটু বেশিই। বৈশাখ-জ্যৈষ্ঠের দুপুরে এই পাটি দেহ-মনে শীতলতা আনে।দেশের যে কয়টি জেলায় শীতলপাটি তৈরি হয় তার মধ্যে ঝালকাঠি অন্যতম। জেলার রাজাপুর উপজেলার হাইলাকাঠি ও ডহরশংকর গ্রামের ৮০টি হিন্দু পরিবার শীতলপাটি তৈরি করে জীবিকা নির্বাহ করে। এ ছাড়া রাজাপুর সদর, নলছিটির তিমিরকাঠি, কামদেবপুর, ঝালকাঠি শহরের কাঁসারিপট্টিতে হাতেগোনা কিছু বাড়িতে শীতলপাটি তৈরি হয়। সব মিলিয়ে জেলায় দেড় শতাধিক পরিবার শীতলপাটি তৈরি করে।এখানকার তৈরি শীতলপাটি পাইকারদের হাত ঘুরে চলে যায় ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রামের বাজারে। রপ্তানিপণ্য হিসেবে স্বীকৃতি না পেলেও শৌখিন ব্যবসায়ী, বেড়াতে আসা অতিথিদের মাধ্যমে শীতলপাটি যাচ্ছে কলকাতা, মধ্যপ্রাচ্য, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে। অনেকে আবার নকশা করা শীতলপাটি দেয়ালে টাঙিয়ে রাখেন বসার ঘরের শোভা বাড়াতে।শীতলপাটির গ্রামে: জেলার সবচেয়ে বড় শীতলপাটি তৈরির গ্রাম হাইলাকাঠি। এ গ্রামের পাটিকররা এখন ব্যস্ত সময় পার করছেন। কারণ, গ্রীষ্মে এই পাটির চাহিদা প্রচুর। এই তিন-চার মাসের আয় দিয়ে তাঁদের সারা বছরের খোরাকি চলে।গ্রামটি ঝালকাঠি শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শহরের কাঠপট্টি ট্রলারঘাট থেকে ট্রলারে উঠলে এক ঘণ্টা পথ নাপিতের হাট। সেখান থেকে রিকশায় যাওয়া যায় পাটিকরদের বাড়িতে। যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখা যাবে পাটি তৈরির মূল উপাদান পাইত্রার (আঞ্চলিক) বন। এই গ্রামে প্রায় ৫০ বিঘা জমিতে পাইত্রার খেত রয়েছে। গ্রামের ১৫টি বাড়ির প্রায় ৮০টি পরিবার শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত। ৬০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে ৮-১০ বছরের শিশু—সবাই কোনো না কোনোভাবে পাটি তৈরির সঙ্গে জড়িত।যুগল চন্দ্র দে নামের একজন পাটিকর বলেন, গ্রামের সবার পাইত্রার বন বা খেত নেই। আবার যাঁদের পাটিবন আছে, তাঁরাও প্রত্যেকে পাটি বোনেন না। অনেকে পাইত্রা বিক্রি করে দেন। এক পোন (৮০টিতে এক পোন) পাইত্রা ২০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। এ খেত কিছুটা প্রাকৃতিকভাবেই সৃজন হয়। শুধু নির্দিষ্ট নিয়মে পাইত্রা কেটে আনতে হয়। একবার বন সৃষ্টি হলে আগাছা পরিষ্কার করে তা আজীবন টিকিয়ে রাখা সম্ভব।পাটি বোনার কৌশল: হাইলাকাঠি শীতলপাটি সমবায় সমিতির সভাপতি বলাই চন্দ্র পাটিকর ও বয়স্ক কয়েকজন পাটিকরের সঙ্গে কথা বলে জানা যায়, খেত থেকে পাইত্রা কেটে প্রথমে ছাঁটা হয়। তারপর প্রতিটি পাইত্রা বঁটি দিয়ে লম্বালম্বিভাবে তিন ফালি, ক্ষেত্রবিশেষে পাঁচটি ফালিও করা হয়। ফালিগুলো একটি বড় মাটির পাত্রে (মটকি) ভাতের মাড় দিয়ে কমপক্ষে সাত দিন ভিজিয়ে রাখা হয়। পরে আবার ভাতের মাড় ও পানিতে সিদ্ধ করা হয়। সিদ্ধ ফালি পানি দিয়ে ধুয়ে বেতি (চিকন ফালি) বানিয়ে শুরু হয় পাটি বোনার কাজ। বেতির ওপরের অংশ দিয়ে তৈরি হয় মসৃণ শীতলপাটি। আর মধ্যভাগ দিয়ে তৈরি হয় মোটাপাটি ও বুকাপাটি। মোটাপাটি ও বুকাপাটির দাম শীতলপাটির চেয়ে অনেক কম।দরদাম ও মজুরি: পাঁচ ফুট প্রস্থ ও সাত ফুট দৈর্ঘ্যের ভালো মানের একটি শীতলপাটি ঝালকাঠির বাজারে এক হাজার থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। মধ্যম মানের একটি পাটির দাম ৬০০ থেকে এক হাজার টাকা। এ ছাড়া ৩০০-৫০০ টাকায়ও কিছু শীতলপাটি মেলে।পাটিকর মঞ্জু রানী জানান, একটি শীতলপাটি তৈরি করতে সাধারণত তিন-চার দিন লাগে। একজন বয়স্ক পাটিকর একাই সাত দিনে একটি উন্নত মানের পাটি তৈরি করতে পারেন। এত কষ্টে তৈরি পাটির দাম শুনে ক্রেতারা প্রায়ই অনুযোগ করেন, সামান্য শীতলপাটির এত দাম!গড় হিসেবে দেখা যায়, একটি পরিবারের তিন সদস্য মিলে কাজ করলেও মাসে ১০টির বেশি পাটি তৈরি সম্ভব নয়। ১০টি পাটি বিক্রি করে মাসে সর্বোচ্চ ছয়-সাত হাজার টাকা আয় হয়। এই আয়েই চলে পাটিকরদের সংসার। সমস্যা ও সম্ভাবনা: হাইলাকাঠি গ্রামের পাইত্রা বন থেকে একটি সংঘবদ্ধ চক্র প্রতিবছর পাইত্রা চুরি করে নিয়ে যায়। চুরি করা পাইত্রা দিয়ে মোটাপাটি তৈরি করে বাজারে বিক্রি করা হয়।অনিল চন্দ্র নামের এক পাটিকর বলেন, পাটিশিল্পের বিকাশে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। শীতলপাটি তৈরির জন্য পাটিকরদের সরকারি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো ঋণ দেয় না। সরকার শীতলপাটি রপ্তানির উদ্যোগ নিলে পাটিকরদের দিন ঘুরে যেত।ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী কুটিরশিল্প শীতলপাটির বিপণনব্যবস্থা উন্নত করা হলে এই পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা সারা বছর ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিঋণের আওতায় পাটিকরদের শিগগির ঋণ দেওয়া শুরু করবে।