গরমে শীতের সবজি করে মোহনপুরের চাষিরা সুখী
রাজশাহীর মোহনপুর উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে গেলে অনেক জমিতেই পলিথিনের ছাউনির মতো চোখে পড়ে। ছাউনির নিচে পালংশাকের সবুজ ঘন সারি! এই গরমে শীতের শাকের চাষ! শুধু পালংশাক নয়, মোহনপুরের কমপক্ষে ১৭টি গ্রামে বাঁধাকপিরও চাষ হচ্ছে। অসময়ে শীতের এই শাকসবজির চাষ করে সুখের মুখ দেখেছেন স্থানীয় অনেকে।সবজির এসব চাষির সঙ্গে কথা বলে জানা যায়, এই অঞ্চলে গরমে কপি এবং পালংশাকের চাষ শুরু হয় মোহনপুরের হলদি গ্রামের কৃষক মো. সাইফুদ্দিন ও গৌরাঙ্গপুর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমানের হাত ধরে।বছর দশেক আগে সাইফুদ্দিন গ্রীষ্মকালে তাঁর ২০ শতক জমিতে বাঁধাকপির চাষ করেন। অসময়ে এই সবজি চাষের উদ্যোগ দেখে প্রতিবেশীদের অনেকেই হাসাহাসি করেন। কিন্তু ৫০ থেকে ৫৫ দিনের মাথায় তিনি সবাইকে তাক লাগিয়ে প্রায় ২০ হাজার টাকার কপি বিক্রি করেন। তিনি পরের বছর একই সময় আরও বেশি জমিতে কপি লাগান। তাঁর দেখাদেখি প্রতিবেশী ও আশপাশের গ্রামের কয়েকজন কৃষকও কপি চাষ করেন। লাভও করেন তাঁরা। ধীরে ধীরে তা কৃষ্ণপুর, চককৃষ্ণপুর, গৌরাঙ্গপুর, শিবপুর, বিশালপুরসহ ১৭টি গ্রামে ছড়িয়ে পড়ে। কপি চাষে সাফল্য দেখে বছর দুয়েক আগে গ্রীষ্মে পরীক্ষামূলকভাবে পালংশাকের চাষ করেন মোস্তাফিজুর রহমান। এতে সাফল্যও পান তিনি। এরপর ওই গ্রামের অনেকেই পালংশাকের চাষও শুরু করেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সব ফসলে ঝুঁকি আছে, কিন্তু অসময়ে লাগানো কপিতে সেই ঝুঁকি থাকে না। এক বিঘা জমির কপি তাঁরা কম করে হলেও ৬০ থেকে ৭০ হাজার টাকা বিক্রি করেছেন। পাইকারি ব্যবসায়ীরা ট্রাক নিয়ে গ্রামে এসে জমি থেকে কপি নিয়ে যান। কোনো কোনো কৃষক ট্রাক বোঝাই করে ঢাকার কারওয়ান বাজার বা গাজীপুরের কোনাবাড়ীতে নিয়ে গিয়ে কপি বিক্রি করেন। সম্প্রতি কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক রহেত মণ্ডল (৫৫) তাঁর জমিতে কপির পরিচর্যা করছেন। তিনি জানালেন, পরদিন নিজেই কারওয়ান বাজারে গিয়ে কপি বিক্রি করবেন। ‘গ্রামে পাইকারি ব্যবসায়ীরা একটি কপি ১২ থেকে ১৪ টাকার বেশি কেনেন না। কারওয়ান বাজারে ১৬ থেকে ১৭ টাকায় বিক্রি হয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’ বলেন রহেত মণ্ডল। তাঁর হিসাব অনুযায়ী এক বিঘা জমিতে যে পরিমাণ কপি হয়, তার চার ভাগের এক ভাগ বিক্রি করলেই খরচ উঠে আসে। হলদি গ্রামের স্কুলশিক্ষক রকিব উদ্দিন বলেন, গত বছর তিনি এক বিঘা জমির কপি বিক্রি করে ৪৫ হাজার টাকার মতো লাভ করেছেন। এবারও তিনি ১২ শতাংশ জমিতে কপি চাষ করেছেন।গৌরাঙ্গপুর গ্রামের মোস্তাফিজুর রহমান এবার প্রায় দুই বিঘা জমিতে কপি চাষ করেছেন। তিনি জানালেন, কপিতে যা লাভ, মাত্র ৫০ থেকে ৫৫ দিনে আর কোনো ফসলে এতটা লাভ করা সম্ভব নয়। মোস্তাফিজ বলেন, কপিখেতের পরিচর্যাটা প্রতিদিনের। সকালে মাঠে গিয়ে কপিগাছের পচা পাতাটা সরিয়ে ফেলতে হয়। এই পচন রোধ করার কোনো ওষুধ পাওয়া গেলে কৃষকের কোনো ভাবনা থাকত না। তিনি জানালেন, পালংশাকেও ভালো লাভ হয়। সম্প্রতি গৌরাঙ্গপুর গ্রামে গিয়ে দেখা যায়, জমিতে পলিথিনের ছাউনির নিচে ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকেই। সবাই পালংশাক তুলছেন। এই শাক তুলে ট্রাক ভাড়া করে কোনাবাড়ী বা কারওয়ান বাজারে নিয়ে বিক্রি করা হবে।কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেলে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই শাক বপন হয়। এক মাসের মধ্যেই তোলা যায়। শাক তুলতে হয় কেটে কেটে। একবার বপন করলে তিনবার কাটা যায়। এক বিঘা জমিতে প্রথমবার কম করে হলেও ৫০ মণ শাক পাওয়া যায়। দ্বিতীয়বারও প্রায় একই রকম হয়। তৃতীয়বার একটু কম হয়।দ্বাদশ শ্রেণীতে পড়ে মোতালেব হোসেন। সে ১০ কাঠা জমিতে পালংশাক চাষ করেছে। ওই জমি থেকে ১৪ মণ পালংশাক তুলেছে। মোতালেব জানায়, নিজেই ট্রাকে করে কোনাবাড়ীতে নিয়ে শাক বিক্রি করবে। এবার পালংশাকের দাম কিছুটা কম। এর আগে এক হাজার ৬০০ টাকা মণও বিক্রি হয়েছে। চাষিরা জানান, বৃষ্টি থেকে পালংশাকের নরম ডাঁটা বাঁচানোর জন্যই পলিথিনের ছাউনি দিতে হয়। এই ছাউনি বানাতেই খরচ একটু বেশি পড়ে। এক বিঘা জমির পালংশাক চাষে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কপির পাতার পচনরোধে তাঁদের ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু শীতকালীন সবজি হওয়ায় ওষুধ এই গরমে খুব একটা কাজে আসে না। পরিচর্যা বেশি করতে হয়। তার পরও এই সবজির চাষ তুলনামূলক বেশি লাভজনক।