স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জাতীয় কর্মসূচি বা বিভিন্ন প্রকল্পের আওতায় হাসপাতাল, ক্লিনিক বা অন্য কোনো মাধ্যমে যে সেবা দিচ্ছে, তা সমানভাবে সবার কাছে পৌঁছাচ্ছে না। সরকারি জরিপ বা বেসরকারি গবেষণায় দেখা যাচ্ছে, ধনীরা সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে দরিদ্রদের চেয়ে অনেক এগিয়ে। এই বৈষম্য নারী ও পুরুষের ক্ষেত্রেও লক্ষ করা যায়। দেখা যাচ্ছে, গ্রামের মানুষ শহরের মানুষের চেয়ে কম সেবা পাচ্ছে।জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালক (গবেষণা) আহমেদ আল সাবির বলেন, গরিব পরিবারে সন্তান সংখ্যা বেশি। কিন্তু গরিবের তুলনায় পরিবার পরিকল্পনা সেবা ধনীরা বেশি নিচ্ছে।মাতৃসেবায় বৈষম্য: সরকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র থেকে যে মাতৃস্বাস্থ্যসেবা দিচ্ছে, তাতে বৈষম্য দেখা দিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) প্রজননস্বাস্থ্য ইউনিটের গবেষক বিধান কৃষ্ণ সরকার তাঁর গবেষণায় দেখেছেন, সমাজের ধনিক শ্রেণীর মানুষ মাতৃসেবা পাওয়ার ক্ষেত্রে দরিদ্র শ্রেণীর মানুষের চেয়ে এগিয়ে। সেবা পাওয়ার ক্ষেত্রে এই বৈষম্য দিন দিন বাড়ছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে প্রসব হলে মাতৃমৃত্যুর ঝুঁকি বেশি থাকে। তাই সরকারের কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ২০০৪ সালে সবচেয়ে দরিদ্র শ্রেণীর ২ শতাংশ মা সন্তান জন্ম দিতেন স্বাস্থ্যকেন্দ্রে, আর সবচেয়ে ধনী শ্রেণীর ৩০ শতাংশ মা। এ ক্ষেত্রে পার্থক্য ছিল ২৪ শতাংশ। বিধান কৃষ্ণ বলছেন, এই পার্থক্য ২০০৭ সালে বেড়ে দাঁড়ায় ৩৯ শতাংশে। ২০০৪ সালের হিসাব বলছে, সন্তান জন্ম দেওয়ার সময় সবচেয়ে দরিদ্র শ্রেণীর ৩ শতাংশ মা এবং সবচেয়ে ধনী শ্রেণীর ৪০ শতাংশ মা দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পান। এ ক্ষেত্রে পার্থক্য ছিল ৩৭ শতাংশ। দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তায় জন্মদানের হার বেড়েছে। সেই সঙ্গে ধনী ও দরিদ্রের সেবা পাওয়ার পার্থক্যও বেড়েছে। ২০০৭ সালে এই পার্থক্য বেড়ে দাঁড়ায় ৪৬ শতাংশে।গ্রাম ও শহরের মধ্যেও সেবা গ্রহণের ক্ষেত্রে পার্থক্য স্পষ্ট। ১৯৯৬-৯৭ সালে গ্রামের ২ শতাংশ প্রসব হতো স্বাস্থ্যকেন্দ্রে, আর শহরে ২৩ শতাংশ। পার্থক্য ছিল ২১ শতাংশ। স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রসব করানোর হার গ্রামে ও শহরে বেড়েছে। তবে পার্থক্য রয়ে গেছে। ২০০৭ সালের জরিপে দেখা গেছে, এই পার্থক্য ২০ শতাংশ। একই অবস্থা দক্ষ স্বাস্থ্যকর্মীর সেবা পাওয়ার ক্ষেত্রে। ১৯৯৬-৯৭ সালে ৫ শতাংশ গ্রামের মা দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পেতেন। ২০০৭ সালে তা বেড়ে দাঁড়ায় ১৩ শতাংশে। ওই সময়কালে শহরের মায়েদের একই সেবা পাওয়ার হার ছিল যথাক্রমে ৩৫ ও ৩৭ শতাংশ। বিধান কৃষ্ণ বলছেন, মাতৃমৃত্যুর ক্ষেত্রেও তাই পার্থক্য রয়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে শহরের চেয়ে গ্রামের এবং ধনীর চেয়ে গরিব পরিবারের মা বেশি মারা যাচ্ছেন। পরিবার পরিকল্পনা সেবায় বৈষম্য: আহমেদ আল সাবির বলেন, দেশে পরিবার পরিকল্পনা সেবা বা জন্মনিয়ন্ত্রণ কর্মসূচির সুফল ধনীর চেয়ে দরিদ্র এবং শহরের চেয়ে গ্রামের মানুষ কম পাচ্ছে। সরকারের সর্বশেষ জরিপেই এই বৈষম্য স্পষ্ট হয়ে উঠেছে।২০০৭ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপে (বাংলাদেশ ডেমোগ্রাফিক ও হেলথ সার্ভে-বিডিএইচএস ২০০৭) দেখা যায়, মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট-টিএফআর) শহরের (২.৪) চেয়ে গ্রামে (২.৮) বেশি। অর্থাৎ গ্রামের মায়েরা শহরের মায়েদের চেয়ে বেশি সন্তান জন্ম দিচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে, দেশের সবচেয়ে দরিদ্র শ্রেণীর (৩.২) মধ্যে টিএফআর সবচেয়ে ধনী শ্রেণীর (২.২) চেয়ে বেশি। আহমেদ আল সাবির বলেন, দরিদ্র পরিবারে ধনী পরিবারের চেয়ে কমপক্ষে একটি সন্তান বেশি জন্ম নিচ্ছে।১৫-৪৯ বছর বয়সী বিবাহিত নারীদের জন্মনিয়ন্ত্রণের যেকোনো একটি পদ্ধতি ব্যবহারের হার শহরে ও গ্রামে যথাক্রমে ৬২ ও ৫৪ শতাংশ। গ্রামের চেয়ে শহরের ৮ শতাংশ বেশি নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতি গ্রহণের পার্থক্য দেখা যায় ধনী ও দরিদ্র পরিবারের নারীদের মধ্যেও। সবচেয়ে দরিদ্র শ্রেণীর ৫৪ দশমিক ৮ শতাংশ নারী জন্মনিয়ন্ত্রণের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে। সবচেয়ে ধনী শ্রেণীর মধ্যে এটি ৫৯ দশমিক ৯ শতাংশ।সর্বশেষ জরিপে বলছে, জন্মনিয়ন্ত্রণের কোনো না-কোনো পদ্ধতি গ্রহণের হার ৫৫ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে পুরুষের অংশ মাত্র ৫ দশমিক ২ শতাংশ (কনডম ৪.৫, বন্ধ্যকরণ দশমিক ৭)। এতে দেখা যায়, জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে নারী ও পুরুষের সমান ভূমিকার কথা বলা হলেও প্রধানত নারীকেই উদ্দিষ্ট (টার্গেটেড) জনগোষ্ঠী ধরে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্থায়ী-অস্থায়ী বা স্বল্প ও দীর্ঘমেয়াদি পদ্ধতির প্রায় সবই নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। বিডিএইচএস-২০০৭-এ দেখা যায়, ১৯৭৫ সালে নারী ও পুরুষের স্থায়ী বন্ধ্যকরণের হার প্রায় একই ছিল, যথাক্রমে দশমিক ৬ ও দশমিক ৫ শতাংশ। ৩৫ বছর পর নারী ও পুরুষের স্থায়ী বন্ধ্যকরণের বর্তমানে হার যথাক্রমে ৫ ও দশমিক ৭ শতাংশ।এইচআইভি/এইডসের জ্ঞানে পার্থক্য: সরকার ১৯৮৭ সাল থেকে এইচআইভি/এইডস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এইচআইভি/এইডস বিষয়ে সঠিক তথ্য জানার ব্যাপারে ধনী-দরিদ্র, শহর-গ্রাম, নারী-পুরুষভেদে পার্থক্য আছে। সরকারের তথ্য বলছে, (বিডিএইচএস-২০০৭) ১৫ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিত নারী ও পুরুষের মধ্যে এইচআইভি/এইডসবিষয়ক তথ্য জানার ক্ষেত্রে পুরুষ এগিয়ে। ৮৭ শতাংশ বিবাহিত পুরুষের এ বিষয়ে জ্ঞান আছে। অন্যদিকে ৬৭ শতাংশ বিবাহিত নারীর এই জ্ঞান আছে। যেসব এলাকায় এইচআইভি/এইডসের প্রকোপ তুলনামূলকভাবে বেশি, সিলেট অঞ্চল তার অন্যতম। কিন্তু বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সিলেট বিভাগের নারীদের মধ্যে এ বিষয়ে জ্ঞান সবচেয়ে কম (৫৫ শতাংশ)।তথ্যপ্রাপ্তির পার্থক্য: স্বাস্থ্য বিষয়ে মানুষের তথ্য জানার অন্যতম মাধ্যম হচ্ছে সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন। এ ক্ষেত্রেও নারী-পুরুষ, গ্রাম-শহর ও ধনী-দরিদ্রের মধ্যে পার্থক্য আছে। ১৫ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিত নারীদের ক্ষেত্রে দেখা গেছে, সবচেয়ে দরিদ্রদের দশমিক ৭ শতাংশ সপ্তাহে অন্তত একবার সংবাদপত্র পড়ে এবং ১৭ শতাংশ একবার টেলিভিশন দেখে। অন্যদিকে সবচেয়ে ধনী শ্রেণীর মধ্যে এই হার যথাক্রমে ২২ শতাংশ ও ৮৩ শতাংশ।